খুলনা বিভাগ

  • নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

    নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে ৪০৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

    জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে ও জেলা শাখার সেক্রেটারি রোমান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা: জায়েদ আহমাদ।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক তানভীর সিকদার, প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, এইচআরডি সম্পাদক নাইমুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি ওয়াকিবুজ্জামান অভিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ,আর

  • বিদ্যুতায়িত ছিল বৈদ্যুতিক খুঁটি, হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বিদ্যুতায়িত ছিল বৈদ্যুতিক খুঁটি, হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিশুশিক্ষার্থী সাব্বির হোসেন হাড়িয়াঘোপ গ্রামের আজহারুল ইসলামের ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

    এলাকাবাসী ও থানা সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাব্বির তার গ্রামে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়ে দাঁড়াতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের বৃষ্টির কারণে হয়ত কোনোভাবে বৈদ্যুতিক খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে ছিল। শিশুটি ওই বৈদ্যুতিক খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

    কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ,আর

  • ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই

    ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে পানির তোড়ে ভেসে গেছে উজির মন্ডল নামে এক কৃষক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নৌকা করে পদ্মা নদী পাড়ি দেয়ার সময় প্রচন্ড ঢেউয়ে তিনি নৌকা থেকে পড়ে যান। চোখের পলকে তাকে হারিয়ে ফেলে নৌকায় থাকা অন্য সঙ্গীরা।

    নিখোঁজ কৃষক উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মরহুম খেদের আলীর ছেলে।

    নিখোঁজ উজির মন্ডলের ছোট ভাই নাজির মন্ডলও ওই নৌকায় ছিলেন। তিনি বলেন, পদ্মা নদীর চরে আমাদের জমি রয়েছে। প্রতিদিনই আমরা এক সাথে ছয়-সাতজন একটা নৌকা নিয়ে চরে আসি এবং নিত্যদিনের কাজ করি। আজকেও আমার বড় ভাই উজিরসহ চাচাদের সাথে নিয়ে চরে গিয়েছিলাম।

    তিনি আরো বলেন, জুমার নামাজ আদায়ের জন্য সাড়ে ১২টার দিকে আমরা নৌকা নিয়ে ফিরছিলাম। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচন্ড ঢেউ ছিল। নৌকা দুলে দুলে চলছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেল। তাকে ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই। অনেক খোঁজাখুঁজি করেও ভাইকে পাইনি।

    স্থানীয়রা জানান, উজির মন্ডলকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও অনেকগুলো নৌকা পদ্মায় নামানো হয়েছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ধীর গতিতে চলছে। এ,আর

  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের নবীণ বরণ

    চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের নবীণ বরণ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ২০২৬-২৭( শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের হল রুমে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে এ নবীন বরণ করা হয়।

    এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসান । প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

    এ অনুষ্ঠান উদ্বোধন ঘোষনা করেন কলেজের অধ্যক্ষ (ভার প্রাপ্ত) আলমগীর সিদ্দিকী।

    এ সময় উপস্থিত ছিলেন কলেজের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা।

    সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর, মোঃ আক্তারুজ্জামান, আনিসুজ্জা মান, নাসির উদ্দীন, আতিকুর রহমান, আবুল কালাম আজাদ,তিতুমীর রহমান,আসাদুজ্জামান আসাদ,

    মোঃ ইয়াকুব আলী, রীনা নাজমাসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

    এ অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান টি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শাহানুর হোসেন। এ,আর

  • দামুড়হুদায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    দামুড়হুদায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গার দামুড়হুদায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মো. মশিউর রহমান।

    অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশ নেন।

    বক্তারা কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তাদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ,আর

  • নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

    নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

    বুধবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

    মৃত হাসান উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

    পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা ও আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।

    রাতে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন আছেন।

    নড়াগাতী থানার ওসি মো: হোসেন আলী বলেন, ‘পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা কোনো ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।’ এ,আর

  • কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

    কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে ঠোটারপাড়া বিওপির শুকুনতলা মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় দুই বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও দুই হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

    রাত পৌনে ২টার দিকে বিলগাথুয়া বিওপির পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে নয় বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য আট লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

    এ ছাড়া সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রিচর এলাকায় অভিযান চালিয়ে আরো ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।

    কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ,আর

  • লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম মিলন মোল্যা (৫০)। তিনি উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুলতান মোল্ল্যার ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হযরত আলীর নেতৃত্বে একদল পুলিশ তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    পুলিশ জানায়, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্ল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।

    এছাড়া লোহাগড়া থানায় তার বিরুদ্ধে আরো একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামি মিলনকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ,আর

  • চৌগাছায় ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

    চৌগাছায় ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের গ্রাহকরা।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংকের চৌগাছা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, চৌগাছা, যশোর-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আজাদ হোসাইন, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, মাস্টার আব্দুস সালাম, রবিউল ইসলাম, আবুল খায়ের, সহকারী প্রভাষক দিরাজুল ইসলাম ও শাহিনুর রহমান প্রমুখ। এতে ব্যাংকের নারী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।

    কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া, অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা, দালালচক্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যাংকসংক্রান্ত অনিয়মের বিচার ও আইনি ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

    গ্রাহক ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। চলমান সংকটে গ্রাহকদের মধ্যে যেন আমানত নিয়ে অনিশ্চয়তা তৈরি না হয় এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বিবেচনার আহ্বান জানান তারা। এ,আর

  • কোটচাঁদপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৫

    কোটচাঁদপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৫

    মোঃ খালেদুর রহমান, কোটচাঁদপুর প্রতিনিধি

    ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ ও ২২ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান জিয়াদ বিন রাজি (২০), পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি লিটন (৪৩), উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিনুর বিশ্বাস ওরফে খোকন (৪২), পৌর যুবলীগের সদস্য সোহাগ (৩৪) এবং দোড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাসিম আহম্মেদ সাকিল (৩০)।

    পুলিশের দেওয়া তথ্যমতে, ২১ সেপ্টেম্বর খান জিয়াদ বিন রাজি ও লিটনকে এবং ২২ সেপ্টেম্বর মহিনুর বিশ্বাস, সোহাগ ও নাসিম আহম্মেদ সাকিলকে গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি লাঠি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে। এ,আর

  • যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

    যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

    যশোর পৌরসভার সাবেক মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

    দুদকের তথ্য অনুযায়ী, জহিরুল ইসলাম চাকলাদারের বিরুদ্ধে ২৪ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হবে।

    অন্যদিকে, তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭২ লাখ ৯ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলায় স্বামী জহিরুল ইসলাম চাকলাদারকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে।

    তাদের বিরুদ্ধে ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক মামলা হবে।

  • নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

    নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে জানা গেছে, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ গুলিবিদ্ধ হয়েছেন।

    পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সকালে চরকান্দিপাড়ার মেম্বার মো: সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

    নড়াগাতী থানার ওসি মো: হোসেন আলী বলেন, ‘পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন।’

    তিনি আরো বলেন, ‘চিকিৎসক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়া কোনো ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।’ এ,আর

  • শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ

    শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ

    মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে জামিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিকারবিলা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে এ অবৈধ সার জব্দ করা হয়৷ এ সময় জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী উপজেলার টিকারবিলা বাজারে জামিরুল ইসলামের দোকানে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১৩৯ বস্তা টিএসপি ও ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়৷ এ ঘটনায় জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা সেই সাথে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, অসৎ উদ্দেশ্যে তিনি সারগুলো মজুদ করেছিলেন। তিনি কোন ব্যবসায়ী নন। আমরা ডিলার, সাব-ডিলার, খুচরা ব্যাবসীসহ বাজার মনিটরিং করছি। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ, জরিমানা ও মামলা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ ও জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • চৌগাছায় এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ

    চৌগাছায় এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ

    যশোরের চৌগাছায় চলতি মৌসুমে সরকারি গম সংগ্রহ অভিযানে এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ। খোলাবাজারের তুলনায় সরকারি দর কম এবং জটিল নিয়মকানুনের কারণে কৃষকেরা সরকারি গুদামে গম বিক্রিতে আগ্রহ দেখাননি। গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান।

    উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩ মে থেকে ৫২ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠপর্যায়ে ক্রয় কার্যক্রম শুরু হয়।

    এবার প্রতি কেজি গমের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৬ টাকা, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি।

    চৌগাছায় এবার প্রায় আড়াই হাজার কৃষক ২৮৫ হেক্টর জমিতে গম চাষ করেছেন। উৎপাদন হয়েছে প্রায় ১ হাজার ১৮০ মেট্রিক টন। এত উৎপাদনের পরও সরকারি গুদামে কোনো কৃষক গম বিক্রি করেননি।

    কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্তমানে খোলাবাজারে প্রতি মণ গম ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি দরের তুলনায় খোলাবাজারে মণপ্রতি অন্তত ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। ফলে কৃষকেরা গুদামে গম দিতে আগ্রহী নন।

    এ ছাড়া সরকারি গুদামে গম বিক্রির ক্ষেত্রে আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ১৪ শতাংশ রাখার শর্ত রয়েছে।

    অন্যদিকে, খোলাবাজারে ১৮ শতাংশ আর্দ্রতার গমও ব্যবসায়ীরা কিনছেন।

    চাষিদের অভিযোগ, গুদামে গম নিতে গেলে পরিবহন, কুলি ও পরিমাপ বাবদ মণপ্রতি আরও ৬০ থেকে ৭০ টাকা খরচ হয়। এসব কারণে লোকসান ও ঝামেলা এড়াতে তারা খোলাবাজারেই গম বিক্রি করছেন।

    রামকৃষ্ণপুর গ্রামের গমচাষি লাবলু রহমান বলেন, খোলাবাজারে কোনো ঝামেলা ছাড়াই ভালো দামে নগদ টাকা পাওয়া যায়। সরকারি গুদামে বাজারের তুলনায় মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দাম দেওয়া হলে কৃষকেরা সেখানে গম বিক্রি করতেন।

    খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, সরকারিভাবে প্রতি কেজি গমের দাম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা খোলাবাজারের চেয়ে ৫ থেকে ৬ টাকা কম। এ কারণে কৃষকেরা গুদামে গম দেননি।

    উপজেলা গম, ধান ও চাল ক্রয় কমিটির সভাপতি ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, বাজারের প্রকৃত চিত্র বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বাস্তবসম্মত দর নির্ধারণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ।

    মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ।

    মহেশপুর (ঝিানাইদহ) প্রতিনিধি

    ঝিনাইদহের মহেশপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. নান্নু মিয়া।

    এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।

    সমাবেশটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ।

    মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে মহেশপুর বায়তুন নূর ভবনের অডিটোরিয়ামে বিশাল এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২১/৯/২৬ তারিখে মহেশপুরে বাইতুন নূর ভবনে র

    অডিটোরিয়ামে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে বিশাল এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত পৌর যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ, সদস্য ঝিনাইদাহ -৩ এর মাননীয় এমপি মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে মাননীয় জাতীয় সংসদ সদস্য, মহেশপুর কোটচাঁদপুর এর গণমানুষের নেতা এমপি মতিয়ার রহমান বলেন, আগামীর বাংলাদেশে যুবকরাই নেতৃত্ব দিবে। সুতরাং এই যুবকদেরকেই গড়ে তুলতে হবে সৎ ও দক্ষতার সাথে। মাননীয় এমপি মহোদয় বলেন, যুবকরা সমাজে যে ভূমিকা রাখতে পারে তা অকল্পনীয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুবকদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা বলেন এবং সমাজে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ সাংগঠনিকভাবে যুবকদেরকে এগিয়ে আসতে বলেন। তিনি তাকওয়াবান আল্লাহ ভীরুতা এবং সমাজে নানা অসঙ্গতির বিরুদ্ধে, অন্যায় জুলুম দুর্নীতি এসবের বিরুদ্ধে যুবকদেরকে দৃঢ়ভাবে ভূমিকা রাখতে বলেন। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই বাংলাদেশ জামাতে ইসলামীতে আসতে হয়। সুতরাং এখানে কোন বৈষয়িক লাভের ব্যাপার থাকতে পারে না। যুবক বয়সের ইবাদতই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলার সহকারি সেক্রেটারি হাসাদাহ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, মহেশপুর উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারি গোলাম রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহেশপুর উপজেলা শাখার সভাপতি রাকিবুল হাসান বাচ্চুসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার সেক্রেটারি ও বাংলাদেশ মজলিসে মুফাসসিরিন আইটি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় যুব সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আমির মোঃ নওফেল হোসেন। মহেশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতশত যুবকদের উপস্থিতিতে যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়।

  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ।

    মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ।



    মহেশপুর (ঝিনাইদাহ) প্রতিনিধি

    মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে কোনো আসামি আটক করা যায়নি।

    প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১টা ৩৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭২/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদার পাড়া পাকা রাস্তা পার্শ্ব হতে হাবিলদার মো: শহর আলীর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় সিরাপ (Wincorex Cough Syrup) আটক করা হয়।

    এর আগে, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টা ৫০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া করিম মালিথার ধান ক্ষেতের মধ্য হতে সুবেদার মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে আসামিবিহীন ১০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

    এছাড়াও, একই দিনে আনুমানিক বিকেল ৫টা ১০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি থেকে প্রায় ৪ কিমি বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়া এলাকার পাকা রাস্তার পার্শ্ব হতে হাবিলদার মো: হাসমত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ৪৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

  • এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা কারাগারে

    এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা কারাগারে

    আইন-আদালত:

    রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।

    আজ দুপুরের পর মাকসুদা বেগমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    গতকাল সোমবার মাকসুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিনে এমপি গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

    এর আগে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে আটক করা হয়।

    রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।

    আজ দুপুরের পর মাকসুদা বেগমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    গতকাল সোমবার মাকসুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিনে এমপি গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

    এর আগে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে আটক করা হয়।এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকসুদা বেগম ও মাসুম বিল্লাহর শ‍্যালক ওবায়দুর রহমান—এই তিনজনকে আসামি করা হয়।মামলায় বাদী অভিযোগ করেন, গত জুনে গাজী নজরুলের সঙ্গে ভুক্তভোগীর ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। তিনি সংসদ সদস্য হওয়ায় ভুক্তভোগী মরিয়ম, এমপির প্রথম স্ত্রী মাকসুদা বেগমসহ শেরেবাংলা নগর থানার মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন। আসামি ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজরুল ও তাঁর প্রথম স্ত্রী ভুক্তভোগী মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম বিভিন্ন সময়ে মোবাইল ফোনে তাঁর পরিবারকে জানিয়েছেন। গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ভুক্তভোগীর বাবাকে ফোন করে দ্রুত তাঁদের বাসায় যেতে বলেন। বাসায় গিয়ে মরিয়মের বাবা জানতে পারেন, বাসার ভেতরের কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শেরেবাংলা নগর পুলিশ পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরিয়মের লাশ উদ্ধার করে। এ সময় বিছানা থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং আসামিদের প্ররোচনায় তাঁর মেয়ে মরিয়ম আত্মহত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

  • ঝিনাইদহে শিশু হত্যার দায়ে নারী আসামির যাবজ্জীবন

    ঝিনাইদহে শিশু হত্যার দায়ে নারী আসামির যাবজ্জীবন

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বহুল আলোচিত সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহা: হেলাল উদ্দীন এ রায় ঘোষণা করেন।

    মামলার বিবরণে যে জানা যায়, ২০২৫ সালের ৩ ডিসেম্বর সকালে পবহাটি গ্রামের সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের মেয়ে সাইমা আক্তার সাবা খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    পুলিশ ও স্থানীয়রা দিনভর আশপাশের বিভিন্ন স্থান ও পুকুরে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পায়নি। সারাদিন নিখোঁজের পরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের স্ত্রী শান্তনা খাতুনের ঘরের ভেতর থেকে শিশু সাবার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

    মামলার তদন্ত শেষে ঝিনাইদহ সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মনোজ কুমার ঘোষ ঘটনার ২৭ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২৭ জন সাক্ষী রাখা হয়।

    মামলার বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম মশিউর রহমান ও অতিরিক্ত পিপি কাজী একরামুল হক আলম এবং রাষ্ট্রকর্তৃক নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আশরাফ জোয়ার্দ্দার মামলা পরিচালনা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

    মামলার নথি অনুযায়ী, শান্তনা খাতুন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে দেয়া জবানবন্দিতে শিশু সাবাকে হত্যার কথা স্বীকার করেন।

    জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন তার ছেলে আবু জুবায়েরের সাথে খেলতে গিয়ে সাবার মারামারি হয়। একপর্যায়ে সাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ ঘরের ভেতর লুকিয়ে রাখা হয়।

    রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানায়, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি শান্তনা খাতুনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এ,আর

  • কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

    কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে পাওয়া ২৫ বস্তা ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

    কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন। তিনি বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে জানতে পারি, ত্রিমোহনীর এক ডিলার ভেজাল সার বিক্রি করছেন। ওই ডিলার অন্য একটি স্থান থেকে সার এনে বিক্রি করতেন। অভিযান চালিয়ে সেখানে ২৫ বস্তা ভেজাল সার মিশ্রিত বস্তা পাওয়া যায়। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সঙ্কটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও নকল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

    কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। এ,আর

  • সার ডিলার নিয়োগে স্বচ্ছতার দাবিতে মেহেরপুরে মানববন্ধন

    সার ডিলার নিয়োগে স্বচ্ছতার দাবিতে মেহেরপুরে মানববন্ধন

    বিডি গ্লোবাল ডেস্ক,

    সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন নুরু রহমান, তাওফিকুল ইসলাম ও আবুল হোসেন। পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।

    দাবিগুলোর মধ্যে রয়েছে— বাছাই কমিটিতে আবেদনকারী সার ডিলারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রস্তুত ও প্রকাশ করা, অযোগ্য আবেদনকারীদের বাতিলের কারণ প্রকাশ করা এবং যোগ্য আবেদনকারীর সংখ্যা নির্ধারিত সংখ্যার বেশি হলে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা।

    এছাড়া স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হলে সম্ভাব্য অনিয়মের বিষয়ে তদন্ত করা এবং কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা না দেয়ার দাবি জানানো হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, যারা সার ডিলারশিপ পেতে আবেদন করেছিল, সেই আবেদনে সরকারি দলের কতিপয় নেতার যোগসাজসে যোগ্যদের বাদ দিয়ে দলীয় লোক নিয়োগ দেয়ার পায়তারা চলছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সার ডিলার নিয়োগ দেয়ার দাবি জানান।

    তারা আরো বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে সার ডিলার নিয়োগ দেয়া হলে প্রতিবাদ কর্মসূচি চলবে। প্রয়োজনে জেলার কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

    তারা বলেন, মেহেরপুরের ৮০ ভাগ মানুষ কৃষক। কৃষকদের যাতে বঞ্চিত হতে না হয়, ফসলের উৎপাদন যাতে ব্যহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ,আর

  • জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার

    জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার

    চুয়াডাঙ্গা জীবননগরে নিখোঁজের পাঁচদিন পর মামুন হোসেন অন্তর (৩১) নামে এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রামের আখসেন্টারের পেছনের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    মামুন ওই গ্রামের আনসার আলীর ছেলে। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

    জানা গেছে, দুপুরে মামুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

    পেশায় ট্রাকচালক মামুন বেশ কিছুদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবার ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াতেন। তবে কয়েকদিন তাকে এলাকায় দেখা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ পচে যাওয়ায় সঠিকভাবে তাকে চেনা যায়নি। তবে পরনের পোশাক দেখে লাশটি মামুনের বলে নিশ্চিত হওয়া গেছে।

    জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘লাশ ঝুলে থাকার খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

  • ভেড়ামারায় খাল থেকে নারীর লাশ উদ্ধার

    ভেড়ামারায় খাল থেকে নারীর লাশ উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাছ আবাদি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় রেললাইনের পূর্ব পাশে খালটিতে ভাসমান অবস্থায় লাশটি দেখা যায়। খবর পেয়ে লাশ উদ্ধা করে পুলিশ।

    ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, লাশটি শনাক্তকরণ ও পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। মৃত্যুর কারণ ও অন্যান্য তথ্য জানতে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ,আর

  • আগ্রহ বাড়ছে হলুদ চাষে

    আগ্রহ বাড়ছে হলুদ চাষে

    যশোরের কেশবপুর উপজেলায় চলতি বছর মশলা জাতীয় ফসল হলুদের ব্যাপক চাষ হয়েছে। বাজার মূল্য বেশি থাকায় চাষিদের মধ্যে এ মশলা জাতীয় হলুদ চাষে আগ্রহ বেড়েছে। তারা হলুদ চাষ করে সোনালি স্বপ্ন বুনছেন।

    উপজেলার বন্যামুক্ত উঁচু এলাকা মজিদপুর ইউনিয়নের বাগদহা, মির্জাপুর, শ্রীফলা, প্রতাপপুর, বায়সা, পাঁজিয় ইউনিয়নের কমলাপুর, গড়ভাঙ্গা, বেলকাটি, সাগরদত্তকাটি, মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট, বসুন্তিয়া ও কেদারপুর, হাসানপুর ইউনিয়নের মোমিনপুর, কাবিলপুর, হাসানপুর, ত্রিমোহিনি ইউনিয়নের চাদড়া, মির্জানগর, বরনডালি, গোপালপুর এবং সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর, ভালুকঘর, বেগমপুর এলাকায় জমিতে এ মশলাজাতীয় কৃষিজাত পণ্য হলুদের চাষ হয়েছে ব্যাপক।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হলুদ রোপণে খরচ একেবারে সীমিত। বীজভেদে কাঠাপ্রতি খরচ হয় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। বীজ হলুদ ৭-৮ কেজি মূল্য ৫০০ টাকা। উৎপাদন হয়ে থাকে কাঠাপ্রতি ৫-৭ মন। কাঁচা হলুদ প্রকারভেদে বিক্রয় হয়ে থাকে ১৫০০-১৬০০ টাকা মন দরে। বর্তমান বাজারে প্রতি কাঠায় সর্বনিম্ন লাভ হয় ২৪০০-৪০০০ টাকা। হলুদ চাষের সময় কাল ৯ মাস। হলুদ ক্যান্সার রোধক, হজম ভালো করে। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ত্বক মসৃন হয়, ব্যাড কোলেস্টেরল নষ্ট করে, ফ্যাটিলিভার ভালো হয়। রূপচর্চায় কার্যকরি ভূমিকা রাখে।

    গড়ভাঙ্গা গ্রামের কৃষক ইব্রাহিম হোসেন বলেন, ‘হলুদ চাষে বেশি লাভবান হওয়া যায়। হলুদ বিভিন্ন রোগ নিরাময় করে। কৃষকের হলুদ বাগান সবুজ গাছে মাঠ পরিপূর্ণ হয়ে উঠেছে।’

    এলাকার কৃষকরা জানান, হলুদ চাষে পোকা থেকে মুক্ত থাকতে পারলে অনেক লাভ হয়, যার কারণে এ উপজেলায় হলুদ চাষের প্রতি আগ্রহ বেড়েছে। তবে এ সময় হলুদে বিভিন্ন রোগ আক্রমণ করে থেকে। বিশেষ করে পরিকল্পনা অনুযায়ী হলুদ পচা রোগ, শ্বাসনালী বা কচিডগা পোকার আক্রমণের জন্য নিয়মিত ওষুধ দিতে হবে। পানি যাতে জমে না থাকে, তার জন্য পানি সরানো নালা করতে হবে। রোগের ওষুধ হিসেবে দানা কোস্টার ও তরল টিল্ট ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে।

    কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত বছর কেশবপুর উপজেলায় হলুদ চাষ হয়েছিল মাত্র ৬৭০ বিঘা জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ১১২০ বিঘা, যা গত বছরের তুলনায় অনেক বেশি। উপজেলার কৃষকের মশলাজাতীয় ফসলের চাষের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে। এ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’

  • সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার এবং গ্রেফতার-জামিনের নাটক বন্ধের দাবিতে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণ ঘেরাও কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের সাংবাদিকরা।

    সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়। এর আগে, বেলা ১১টার পর আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সাংবাদিকরা। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ।

    সাংবাদিকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা কামনা করলেও প্রথমে তাতে সাড়া মেলেনি। দীর্ঘ সময় পুলিশের সাথে বাগ্বিতণ্ডার পর কোর্ট ইন্সপেক্টর জহিরুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আদালতের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে বলে জানান।

    পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন। তবে তিনিও ফটক খুলতে রাজি হননি। একপর্যায়ে পুলিশের বাধার মধ্যেই আদালত চত্বরে প্রবেশ করেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। সেখানে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

    সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি লুৎফর রহমান কুমার, সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিপু খন্দকার, সাংবাদিক হাসান আলী, কে এম আর শাহিনসহ অন্যরা।

    বক্তারা বলেন, কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। অন্যদিকে, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার পর জামিনে ছেড়ে দেয়ার ঘটনাকে তারা ‘পাতানো নাটক’ বলে অভিহিত করেন। এ ঘটনায় কুষ্টিয়ার প্রশাসনের রহস্যজনক ভূমিকারও তীব্র সমালোচনা করেন তারা।

    সাংবাদিক নেতারা আরো বলেন, সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রভাব খাটিয়ে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় জেলার সাংবাদিক সমাজ শুধু প্রতিবাদ নয়; এবার প্রতিরোধ গড়ে তুলবে।

    সমাবেশ থেকে সাংবাদিক উল্লাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং গ্রেফতার-জামিনের নামে চলা কথিত নাটক বন্ধের দাবি জানানো হয়।

    উল্লেখ্য, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী পৌর এলাকায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক উল্লাস। ওই দিন সন্ধ্যায় তিনি কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এ,আর

  • কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ স্মার্টফোনের ডিসপ্লে ও মাদক উদ্ধার

    কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ স্মার্টফোনের ডিসপ্লে ও মাদক উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

    এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও তিন হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।

    কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর বাজারসংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

    উদ্ধার করা ডিসপ্লের মধ্যে রয়েছে ২০০ পিস ‘ক্রাউন আলট্রা এলসিডি ডিসপ্লে ৫০০+’ ও ৪০০ পিস ‘ক্রাউন স্মার্ট এলসিডি ডিসপ্লে ৫০০+’। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ টাকা।

    অন্যদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজি পাড়া মাঠে অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও তিন হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য নয় লাখ আট হাজার টাকা। তবে এসব মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

    কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ,আর

  • নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১

    নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলে মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বরে আইনজীবীর চেম্বার থেকে ১১ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

    গ্রেফতাররা হলেন কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।

    জানা গেছে, গ্রেফতাররা দুপুরে একটি মারামারির মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে আসেন। এ সময় আদালত চত্বরের একজন আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন তারা। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। কী উদ্দেশে তারা এসব ধারালো অস্ত্র নিয়ে আদালত চত্বরে এসেছিলেন, তা তদন্ত করছে পুলিশ।

    পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালাতে দেশীয় অস্ত্রগুলো কাছে রেখেছিলেন তারা। তাদের কাছ থেকে ধারালো রামদা, দা, চাপাতিসহ ১২টি অস্ত্র উদ্ধার করা হয়।

    নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, ১১ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ,আর

  • কুষ্টিয়াতে সাংবাদিকের ওপর হামলা,  গ্রেপ্তার ২

    কুষ্টিয়াতে সাংবাদিকের ওপর হামলা,  গ্রেপ্তার ২

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার দুজন হলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের চাচা আমিরুল ইসলাম (৫৫) ও কথিত পিএস মারুফ হোসেন (৩৫)। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পৌরসভার কালীবাড়ী মন্দিরের সামনে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা হয়। এ ঘটনায় সন্ধ্যায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, চাচা আমিরুল ইসলাম, চাচাতো ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফ হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা চেষ্টা আইনে মামলা করেন সাংবাদিক উল্লাস। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

    মামলার অন্য আসামিরা হলেন শিবরামপুরের শরিফুলের ছেলে রুহুল আমিন (২২), দুর্গাপুরের আলতাফের ছেলে লিটন হোসেন (৪৫), পাথরবাড়িয়ার মো. কাফির ছেলে মো. আল আমিন (২৭), এলংগী এলাকার শফিকুলের ছেলে সোহান (২৬), জিয়ারতের ছেলে আল আমিন (২৬), বাদশার ছেলে সাব্বির (২৮) ও ওবাইদুলের ছেলে সাদিক (২৬)। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

    সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস বলেন, নানা অভিযোগে পৌর কর্তৃপক্ষ সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রভাব খাটিয়ে জামায়াতের সংসদ সদস্যের ছেলে, ভাই ও স্বজনরা জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন। নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। এসবের তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে এমপির স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে তাঁকে রক্তাক্ত ও আহত করেন। সুষ্ঠু বিচারের আশায় তিনি থানায় মামলা করেছেন। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা যত ক্ষমতাশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন করা হবে।

    কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা আইনে ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ,আর

  • কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ সদস্য : হাসপাতালে ভর্তি

    কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ সদস্য : হাসপাতালে ভর্তি

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে অন্তত ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নির্ধারিত সময়ে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা নৈশভোজ করেন। পাটিকাবাড়ী ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান বলেন, রাতে ক্যাম্পে রান্না করা মুরগির মাংস ও আলু দিয়ে ভাত খান তারা। রাত ১০টার দিকে খাওয়ার পরপরই রিঅ্যাকশন শুরু হয়।

    খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে কয়েকজনের মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটব্যথা, দুর্বলতা ও অতিরিক্ত ঝিমুনির মতো উপসর্গ দেখা দেয়। পরে ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামসহ প্রায় ১০ জন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।

    অসুস্থরা হলেন এসআই কফিল, এসআই আমিনুর, এসআই মুক্তার, এসআই শরিফুল, এসআই মনিরুজ্জামান, এসআই কামরুজ্জামান, রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।

    বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন ও ক্যাম্পে থাকা অন্য সদস্যরা দ্রুত অসুস্থদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ পুলিশ সদস্যদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাদের অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি খাদ্য বিষক্রিয়া (ফুড পয়জনিং) হতে পারে। তবে খাবারে বিষাক্ত বা চেতনানাশক কোনো পদার্থ মেশানো হয়েছিল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

    ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

    এদিকে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। খাবারে কোনো বিষাক্ত বা চেতনানাশক পদার্থ মেশানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ক্যাম্পের রান্নাঘর থেকে থালা-বাসন ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এ,আর

  • গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো: সাকিব আল হাসান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

    রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গাংনী থানার তেরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার সাকিব গাংনী থানার ওলিনগর গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে।

    এসআরবি-১২ মেহেরপুরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল তেরাইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাকিবকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব দীর্ঘদিন মাদককারবারের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

    রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার।

  • চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম গ্রেফতার

    চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় নুর ইসলাম (৬৭) নামে নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খড়িঞ্চা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    আটক নুর ইসলাম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মরহুম নাসির উদ্দীন ভাগা মন্ডলের ছেলে। তিনি স্বরুপদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় বাড়ির নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত তহিদুল পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, তহিদুল উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি বাড়ির নির্মাণকাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক রুহুল আমিন বলেন, ‘আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান।’

  • খাবার চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

    খাবার চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

    খাবার চুরির অভিযোগে বেধড়ক মারধরের ঘটনায় মো. আজমুল হোসেন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোড সংলগ্ন ইসলামনগর সড়কের একটি চার তলা ভবনের ছাদে তাকে মারধরের ঘটনা ঘটে।

    পরবর্তীতে গুরতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত আজমুল নগরীর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাসা চুয়াডাঙ্গার দর্শনায়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমুলকে খুমেক হাসপাতালে নিয়ে আসেন।

    ঘটনাস্থলে উপস্থিত থাকা খুবির সাবেক এক শিক্ষার্থী বলেন, ওই ছাত্রকে (আজমল হোসেন) খাবারসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগে ধরা হয়। এরপর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন তথ্য বের হচ্ছিল। তিনি রুম থেকে গেঞ্জি, শার্ট, প্যান্ট, জুতা এবং টাকা নেওয়ার কথাও স্বীকার করেছিল।

    তিনি বলেন, প্রথমে লাউডস্পিকারে ওই ছাত্রকে তার বাবার সঙ্গে কথা বলতে বলা হয়। তখন আজমল তার বাবাকে জানায় যে, তিনি সেখানে থাকে এবং টাকা ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তার বাবা তাকে জিজ্ঞাসা করেন, কেন তিনি এসবের মধ্যে গেছে। এরপর ফোনটি রিফাতের কাছে দেওয়া হয়। তিনি ওই ছাত্রের বাবাকে বলেন, আপনার ছেলে এই কাজ করছে, আপনার তো আসা উচিত। আপনি কালকে আসেন, এসে একটা ব্যবস্থা করেন। এখানে তো আর রাখা যাবে না। এরপর ফোনটি অন্য এক-দুজনের হাতেও চলে যায়।

    এদিকে মারধর শেষে নিহত আজমলের বাবার কাছে ফোন দিয়ে চুরির ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

    নিহত ওই ছাত্রের বাবা কুতুবউদ্দিন বলেন, রাতে আমাকে কল দিয়ে জানায় এখানে একটা ঘটনা ঘটেছে। পরে ফোনেই এক লাখ টাকা চাওয়া হয় ক্ষতিপূরণ হিসেবে। পরে আমি বলি ঠিক আছে তোমাদের আন্ডারে রাখো। পরে আমি ফোনের পর ফোন দেই, কিন্তু ফোন ধরে না, পরে ফোন অফ পাই। সকালে ট্রেনে করে খুলনায় এসে সেখানে যাওয়ার পরে কয়েকজন বলে, চাচা আপনার ছেলেরে পিটিয়ে মেরে ফেলেছে। কিন্তু শিক্ষার্থীরা বলে আপনার ছেলে ছাদ থেকে লাফ দিয়েছে। মেসের ওরা বলল, চাচা আপনার ছেলে ২৫০ বেড হাসপাতালে আছে।

    হাসপাতাল সূত্র জানায়, রাত দেড়টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার ১০-১৫ মিনিট পর তার মৃত্যু হয়।

    হাসপাতাল সূত্রের ভাষ্য, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মাথার চুলও এক পাশ দিয়ে কাটা ছিল। মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে আসা যুবকরা দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো সালাউদ্দিন বলেন, ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনায় আমাদের কোনো এখতিয়ার নেই। তবে আমরা পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তাদের সহায়তা করছি এ বিষয়ে।

    হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন জানান, ঘটনাটি তারা জানতে পেরেছেন। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চুয়াডাঙ্গায় বাস থেকে ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

    চুয়াডাঙ্গায় বাস থেকে ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গায় বাসে অভিযান চালিয়ে দুই হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার দেলোয়ার চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মরহুম ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ারকে দুই হাজার ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসব মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

  • চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা গ্রেফতার

    চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় আবুল কাশেম (৬৫) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়ারদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কাশেম উপজেলার ফুলসারা ইউনিয়নের আড়ারদহ গ্রামের মরহুম আমিনুল্লাহর ছেলে। তিনি ফুলসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি একজন অবসরপ্রাপ্ত সার্জেন।

    পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে করা মামলায় কাশেমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

    চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের চেম্বার অব কমার্স ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

    বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আনাস ইবনে মনির।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আনোয়ারুল হক মালিক ও শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত সফলতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৎ চরিত্র ও মানবিক গুণাবলিতে বলীয়ান হতে হবে। শিক্ষার সাথে আদর্শিক চরিত্রের সমন্বয় ঘটলেই অর্জিত মেধা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

    বক্তারা শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে নিজেদের সৎ, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

  • কোটচাঁদপুরে ইয়াবাসহ হোটেলকর্মী ও নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

    কোটচাঁদপুরে ইয়াবাসহ হোটেলকর্মী ও নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

    কোটচাঁদপুর প্রতিনিধি

    ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মমতা হোটেলের এক কর্মচারী ও এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর এলাকার মেইন বাজারে অবস্থিত মমতা হোটেলকে ঘিরে মাদক সংক্রান্ত তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হলে হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    অভিযানের সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এক নারী ব্যবসায়ীও আটক হন। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে অপরাধের ধরন বিবেচনায় তাদের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হয়েছে।

    কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • কুষ্টিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

    কুষ্টিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে কুষ্টিয়ায় ৫৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা। জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

    অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. ইমরান বিশ্বাস, জুলাই যোদ্ধা হাফেজ সেলিম রেজা ও শহর শাখার সেক্রেটারি পারভেজ মোশাররফ। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

    প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ, নীতি-নৈতিকতা ও জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অহংকার ও জুলুমের পরিণতি ধ্বংস—এ কথা মনে রেখে মানবিক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

    তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; জ্ঞানের গভীরে যেতে হবে এবং জ্ঞান অন্বেষণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা, উৎসাহিত করা এবং নৈতিক ও আদর্শিক বিকাশে ভূমিকা রাখার চেষ্টা করে।’

    অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পবিত্র কোরআনসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবির সম্পর্কে আগে তাঁদের যে ধারণা ছিল, অনুষ্ঠানে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। বিশেষ করে সম্মাননা স্মারক ও উপহারের পাশাপাশি পবিত্র কোরআন উপহার পেয়ে তাঁরা আনন্দিত। ভবিষ্যৎ জীবনে আদর্শিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

  • কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার মিরপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে রাফি (৩) পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত মেডিক্যাল অফিসার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

    মৃত্যুর ঘোষণা শুনতেই রোগীর স্বজন ও স্থানীয় কিছু লোক চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ শুরু করেন ও একপর্যায়ে ১১ নম্বরের মেডিক্যাল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ ঘটনায় উপ-সহকারী মেডিক্যাল অফিসার আব্দুস সামাদ জরুরি বিভাগের সহায়তাকারী বিজয় কুমার ও আনসার সদস্য জসিম সরকার আহত হন।

    মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি এখন স্বাভাবিক। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: জান্নাতুল রিয়া জানান, স্বজনদের হারিয়ে যাওয়ার বেদনা সহানুভূতির সাথে দেখা হলেও হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

  • চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

    চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের উপজেলার হাতিকাটা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালক মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যান।

    নিহত ছকিনা খাতুন জেলার জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মরহুম ছলিম উদ্দিনের স্ত্রী।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত চার-পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামের বাসিন্দা মো: মানিকের স্ত্রী ও নিজ মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) বাড়িতে বেড়াতে আসেন ছকিনা খাতুন। শুক্রবার দুপুরে ওই এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

    এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • চৌগাছায় গরুর ফার্ম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    চৌগাছায় গরুর ফার্ম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় তানজিলা এগ্রো নামের একটি গরুর ফার্ম থেকে গোলাম রসুল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া এলাকায় তানজিলা অটোভাটার একটি প্রতিষ্ঠান শিমুল হোসেনের তানজিলা এগ্রো গরুর ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত গোলাম রসুল ওই ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং রাতে ফার্মেই থাকতেন। তিনি উপজেলার ফুলসারা গ্রামের মরহুম তজিবর মোল্লার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রসুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গরুর ফার্মে কাজে আসেন। পরে কাজ শেষে তিনি আর বাড়িতে ফিরে যাননি। শুক্রবার সকালে তার ছেলে আল আমিন হোসেন বাবার খোঁজ নিতে ফার্মে যান। তিনি গিয়ে ফার্মের মেঝেতে তার বাবাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার ডাকচিৎকারে অন্যরা ছুটে আসেন।

    ছেলে আল আমিন হোসেন বলেন, শারীরিক অসুস্থতা নিয়েই বাবা বৃহস্পতিবার ফার্মে আসেন। শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি। তাই বাবাকে খুঁজতে আজ সকালে ফার্মে আসি। তারপর দেখি বাবার নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। এ সময় আমি ডাকচিৎকার দিলে অন্যরা ছুটে আসেন। পরে ফার্মের মালিক শিমুল হোসেন ও চৌগাছা থানা পুলিশকে জানানো হয়।

    চৌগাছা থানার এসআই বেলাল হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত করার পরেই জানা যাবে।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • ভারতে যাওয়ার চেষ্টাকালে সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার

    ভারতে যাওয়ার চেষ্টাকালে সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার

    ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. খালেক।

    বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিকেল ৫টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে মেহেরপুরে তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

    খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি নাশকতার মামলার তথ্য পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেকের বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও আরও একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের নাশকতার মামলাটির মামলা নম্বর ১১ বলে জানা গেছে।

    পরে পুলিশ তাকে মেহেরপুরে নিয়ে যায়। বিকেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • কুরআন শিক্ষায় আলোকিত হচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থী

    কুরআন শিক্ষায় আলোকিত হচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থী

    বিডি গ্লোবাল ডেস্ক,

    আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান-২০২৬’। অনুষ্ঠানে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আমিনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশেদুজ্জামান রতন ও ড. মাহবুবুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, আজিজুর রহমান মশিউর, রেজওয়ান আহমেদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিকাশও জরুরি। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআন ও সুন্নাহর শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের জ্ঞানী, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

    বক্তারা আরও বলেন, প্রতিটি শিশু যেন পদ্ম বা গোলাপের মতো পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৌন্দর্য ও কল্যাণ ছড়িয়ে দিতে পারে, এটাই প্রতিষ্ঠানের প্রত্যাশা। কুরআন শুধু পড়তে শেখানো নয়, এর শিক্ষা ও আদর্শকে বুঝে জীবনে প্রতিফলিত করার মানসিকতা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

    অভিভাবকদের সন্তুষ্টি

    অনুষ্ঠানে অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, সন্তানদের একই সঙ্গে আধুনিক শিক্ষা ও কুরআনের শিক্ষায় শিক্ষিত করার সুযোগ তৈরি হওয়ায় তারা সন্তুষ্ট।

    অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কুরআনের শিক্ষায়ও আলোকিত হোক। ইন্টারন্যাশনাল পিস স্কুলে পড়াশোনার সঙ্গে কুরআন শিক্ষার যে সমন্বয় করা হয়েছে, তা আমাদের অভিভাবকদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’

    অভিভাবিকা মোছা. নাজমা আক্তার বলেন, ‘অনেক সময় ব্যস্ততার কারণে বাসায় সন্তানকে নিয়মিত কুরআন শেখানোর সুযোগ হয়ে ওঠে না। স্কুলে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছেন। সন্তানদের মধ্যে কুরআন পড়ার আগ্রহ ও ভালো অভ্যাস তৈরি হচ্ছে, এটি আমাদের জন্য আনন্দের।’

    অভিভাবক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখানে শুধু ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হয় না; তাদের চরিত্র, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতিও গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের নামাজ ও ভালো কাজের প্রতি আগ্রহ বাড়তে দেখে আমরা আশ্বস্ত।’

    প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন করে গড়ে তোলাই ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অন্যতম লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আদর্শ ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

    অনুষ্ঠান শেষে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি জীবনে সফলতা এবং প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • ভারত যাওয়ার চেষ্টায় মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    ভারত যাওয়ার চেষ্টায় মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

    ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভ্রমণসংক্রান্ত আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এম এ খালেক মেডিক্যাল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করেন। দর্শনা সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এম এ খালেককে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

    দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ভেড়ামারায় ট্রাক-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

    ভেড়ামারায় ট্রাক-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশিদুল ইসলাম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভোড়ামারার ১২ মাইল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাশিদুল ইসলাম দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নতুন আমদহ গ্রামের ছোয়াদ আলী মন্ডলের ছেলে।

    প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ট্রাকটি লালনশাহ ব্রিজের দিক থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিচালিত অটোরিকশাটি বিপরীত দিক ভেড়ামারা থেকে কুষ্টিয়ার রাস্তায় উঠছিল। আর দ্রতগতির একটি মোটরসাইকেল কুষ্টিয়া থেকে ১২ মাইল মোড়ের দিকে আসছিল।

    প্রথমে সিএনজি আর মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। মোটরসাইকেলের আঘাতে সিএনজির ভেতরের সিটে বসে থাকা যাত্রী রাশিদুল ইসলাম সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসাপাতালে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায় রাশিদুল ইসলামকে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়দুর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • দৌলতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

    দৌলতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের বিলের ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে আরজ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত আরোজ আলী রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে মুষলধারে বৃষ্টির সাথে প্রচণ্ড মেঘের গর্জন শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশের বিলের ধারে বসে ছিলেন। আকস্মিক বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

    বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আরোজ আলী নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি বজ্রপাতেই মারা গেছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

  • কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

    কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

    বিডি গ্লোবাল ডেস্ক,

    খুলনার কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত রফিকুল ইসলামপুর চৌরাস্তা মোড়সংলগ্ন গোপিরায়ের বেড় এলাকার মরহুম জামিল উদ্দিন সানার ছেলে। আহতরা হলেন পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো: রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল ও একই এলাকার আজিজ সরদারের ছেলে মো: হৃদয় হোসেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার বাঁকা বাজার এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়িতে অনুষ্ঠিত বৃক্ষ মেলা দেখতে যাচ্ছিলেন। তারা ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: সুজিত কুমার বৈদ্য বলেন, ‘হাসপাতালে আনার আগেই রফিকুলের মৃত্যু হয়েছে। এছাড়া আহত তিনজনকে চিকিৎসা দেয়া হয়েছে।’

    কয়রা থানার ওসি মো: রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর, ব্যহত হচ্ছে শ্রেণিকার্যক্রম

    হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর, ব্যহত হচ্ছে শ্রেণিকার্যক্রম

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা শুরুর প্রথম দিন থেকেই প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে। মেলা প্রাঙ্গণে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম, বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাইডার ও স্টল বসানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে মাইকের হর্ণ স্থাপনের কারণে ব্যহত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শ্রেণিকার্যক্রম। বিদ্যালয়ের অফিসকক্ষের পাশেই স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর।

    স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের অভিযোগ, প্রতিবছর মেলার কারণে হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজরাখানা দাখিল মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি।

    মেলার অনুমতিপত্র সূত্রে জানা যায়, ১৯টি শর্তে ১৫ দিনের জন্য চৌগাছার বলুহ মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়। আগামী ১৫ সেপ্টম্বর থেকে ২৯ সেপ্টম্বর পর্যন্ত মেলা চলার কথা রয়েছে। অনুমতিপত্রে শর্তগুলোর মধ্যে রয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণে কোনো স্টল বসানো যাবে না, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না এবং রাত ৮টার পর মেলা বন্ধ রাখতে হবে। এ ছাড়া জুয়া, সার্কাস, লাকি কুপন, পুতুল নাচ, চরকি, র‌্যাফেল ড্রসহ জুয়া ও প্রতারণামূলক কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। মাজার এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে ব্যবস্থা নেওয়া, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ না নেওয়ার শর্তও রয়েছে।

    তবে সরেজমিনে গিয়ে এসব শর্তের বেশ কয়েকটি বাস্তবায়ন না হওয়ার চিত্র দেখা গেছে। হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় বসানো হয়েছে কয়েকটি রাইডার। বিদ্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে মাইকের হর্ন। বিদ্যালয়ের অফিসকক্ষের পাশেই বসানো হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর। মেলা এলাকায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানোর পাশাপাশি লাকি কুপন, লটারি, জুয়া ও সার্কাস চলার অভিযোগও রয়েছে।

    বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘মেলা হোক, কিন্তু স্কুলের কার্যক্রম যেন ব্যাহত না হয়। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রেণিকক্ষে বসে থাকা খুব কষ্টকর। বিদ্যুৎ থাকলে সাউন্ড বক্সের উচ্চ শব্দ, আর বিদ্যুৎ না থাকলে জেনারেটরের শব্দে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না।’

    হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন বলেন, ‘আমাদের কিছু বলার নেই, মেলা চলবেই। প্রতিবছরই মেলার সময় শ্রেণিকার্যক্রম ব্যাহত হয়। জেনারেটরটি একেবারে অফিসের পাশেই বসানো হয়েছে। বিদ্যুৎ থাকলে সাউন্ড বক্সের উচ্চ শব্দ আর না থাকলে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটরের শব্দে অফিসকক্ষে বসা যায় না’।

    হাজরাখানা দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই মেলার সময় শ্রেণিকার্যক্রম ব্যাহত হয়। মেলার ভিড়ের কারণে আমাদের প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করতে পারে না। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়। মেলা শেষে শিক্ষার্থীদের আবার নিয়মিত শ্রেণিতে ফিরিয়ে আনতেও অনেক কষ্ট হয়।’

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে স্কুলে গিয়ে দেখি বিভিন্ন গাড়ি পার্কিং করে স্কুল মাঠ ভরে গেছে। চলাচলের কোনো সুযোগ নেই। একই সঙ্গে স্কুলের জায়গায় কয়েকটি স্টল বসানো হয়েছিল। আমি নিজে সেগুলো সরিয়ে দিয়েছি। মেলা কর্তৃপক্ষকে বলেছি, কোনোভাবেই যেন স্কুলের পাঠদান কার্যক্রম ব্যাহত না হয়।’

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন মেলা চলে। তাঁদের ভাষ্য, আগে সাত দিনের অনুমতি নিয়ে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত মেলা চলার নজির রয়েছে। এবার ১৫ দিনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের পরও মেলা চলবে কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত। মেলার কারণে স্বাভাবিক চলাচল ও জনজীবন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘মেলার শর্ত ভঙ্গ করার কোনো সুযোগ নেই। স্কুল মাঠে বসানো দোকান উচ্ছেদ করা হয়েছে। স্কুল আঙ্গিনায় শব্দ বন্ধ করার জন্য নোটিশ করা হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ অনুমতিপত্রে উল্লেখিত যেকোনো শর্ত ভঙ্গ করা হলে পুলিশ কঠোর ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

  • চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

    চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ঝিনাইদহ কালীগঞ্জের এক প্রবাসীর বাড়ি থেকে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানা-পুলিশ।

    গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে কালীগঞ্জের দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়ির জানালা ভেঙে চোরেরা প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণের গহনাসহ নগদ পাঁচ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। পরদিন এ ঘটনায় কামালের স্ত্রী সীমা খাতুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দেন।

    সীমা খাতুনের ভাষ্য, সেদিন গভীর রাতে চোরেরা তাঁর ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। এতে বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এই সুযোগে চোরেরা জানালার রড কেটে ঘরে ঢুকে। তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ভোরের দিকে তাঁর মা ফজরের নামাজ পড়তে উঠে দেখেন, জানালা ও আলমারি ভাঙা। এ সময় তারা চুরির বিষয়টি নিশ্চিত হন।

    পুলিশ জানায়, প্রবাসীর স্ত্রীর এজাহার পেয়ে তারা চুরির রহস্য ও মালপত্র উদ্ধারে মাঠে নামেন। তারা গোপন সূত্রে জানতে পারেন, চোরেরা বাঘারপাড়ার খাজুরা বাজারে স্বর্ণ বিক্রি করতে গেছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে কালীগঞ্জের দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসানকে (২৫) আটক করেন। এ সময় তাদের শরীরে তল্লাশি করে স্বর্ণের চেন, কানের দুলসহ আড়াই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

    কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, পুলিশ ওই ঘটনায় জড়িত দুই চোরকে আটক ও কিছু স্বর্ণ উদ্ধার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

  • চুয়াডাঙ্গায় সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু

    চুয়াডাঙ্গায় সাপের দংশনে বৃদ্ধের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের দংশনে শফি মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত শফি মন্ডল উপজেলার খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন শফি মন্ডল। এ সময় সাপ তাকে দংশন করে। বাড়িতে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।

  • কুষ্টিয়ায় বন্যাকবলিত ৫৫০ পরিবারকে বিজিবির খাদ্য সহায়তা প্রদান

    কুষ্টিয়ায় বন্যাকবলিত ৫৫০ পরিবারকে বিজিবির খাদ্য সহায়তা প্রদান

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    একইদিন চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরো ৩০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এভাবে সর্বমোট ৫৫০টি পরিবার বিজিবির এ মানবিক সহায়তার আওতায় আসে।

    চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকসহ অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি কর্মসংস্থান ব্যাহত হওয়ায় এসব পরিবারের দুর্ভোগ আরো বেড়েছে।

    দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে এই খাদ্য সহায়তার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

    এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও বিজিবির অন্যান্য সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।

    বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বন্যার কারণে চরাঞ্চলের অনেক পরিবার খাদ্য ও কর্মসংস্থানের সঙ্কটে পড়েছে। এ সময়ে বিজিবির খাদ্য সহায়তা দুর্গত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে এসেছে।

    সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগ ও সঙ্কটের সময়ে সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এর অংশ হিসেবে বন্যার্তদের ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়।

    কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • কোটচাঁদপুরে প্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    কোটচাঁদপুরে প্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    ঝিনাইদহের কোটচাঁদপুরে সিঙ্গাপুরপ্রবাসী মোঃ তরিকুল ইসলামের ২৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। একই মামলায় রেহাই পেতে তরিকুলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মামলা ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ তরিকুল ইসলাম দুই ভাই মোঃ রিকু বিশ্বাস ও মোঃ জিকু বিশ্বাসের বিরুদ্ধে কোটচাঁদপুর আদালতে সি.আর মামলা নং-২৯৫/২০২৫ দায়ের করেন।

    মামলার অভিযোগে বলা হয়, জিকু বিশ্বাসের প্রস্তাবে তাঁর ভাই রিকু বিশ্বাসের মালিকানাধীন ‘আর টি জে এইচ’ কোম্পানিতে মাসিক ২ লাখ টাকা বেতনের চাকরির আশ্বাসে ২০২২ সালের ২৮ জুলাই সিঙ্গাপুর যান তরিকুল। পরবর্তীতে ২০২৪ সালের ১ জুন সিঙ্গাপুরে অবস্থানকালে ছয় মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে রিকু বিশ্বাস তরিকুলের কাছ থেকে ২৫ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়।

    তরিকুলের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়। পরে ২০২৫ সালের ৫ এপ্রিল তাঁর ওয়ার্ক পারমিট ব্লক করে দেশে ফিরতে বাধ্য করা হয়।

    পরে ২০২৫ সালের ৮ জুন গুড়পাড়া বাজারে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে রিকু বিশ্বাস টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন বলে তরিকুলের দাবি। তবে স্ট্যাম্পে স্বাক্ষরের সময় তিনি সেখান থেকে চলে গিয়ে পুনরায় সিঙ্গাপুরে চলে যান বলে অভিযোগ করেন তরিকুল।

    পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, রিকু বিশ্বাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। অপরদিকে লেনদেনের মূল প্রক্রিয়ায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় জিকু বিশ্বাসকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

  • কুষ্টিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে নার্সারী ব্যবসা

    কুষ্টিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে নার্সারী ব্যবসা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    বেঁচে থাকার জন্য গাছের কোন বিকল্প নেই। পরিবেশ রক্ষার্থে গাছের গুরুত্ব অপরিসীম। গাছের গুরত্ব ও চাহিদার কারলেই বৃহত্তর কুষ্টিয়ায় গড়ে উঠেছে প্রায় ৩ শতাধিক সরকারী বেসরকারী নার্সারী। সফলতা এসেছে বৃহত্তর কুষ্টিয়ার নার্সারী ব্যবসায় । বৃক্ষরোপন মৌসুমকে সামনে রেখে জেলার নার্সারী মালিকরা তৎপর হয়ে উঠেছে। জনপ্রিয় হয়ে উঠেছে নার্সারীর ব্যবসা। সরকারী নার্সারীর পাশাপাশি বেকার যুবকরাও নার্সারী গড়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করেছে।

    ফুলফলসহ নানা প্রজাতির গাছ-গাছালিতে ভরপুর হয়ে উঠেছে কুষ্টিয়ার নার্সারীগুলো। নার্সারীর চারিদিকে তাকালেই প্রাণ জুড়িয়ে যায়। কুষ্টিয়া শহরতলীসহ ৬টি উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় শতাধিক সরকারী-বেসরকারী নার্সারী।

    বিভাগীয় বন অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ কুষ্টিয়ায় ১৩টি উপজেলায় ৩ শতাধক নার্সারী গড়ে উঠেছে। এসব নার্সারীতে ফল-ফুল ও ঔষধী গাছের চারার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এমন গাছের চারাও উৎপাদিত হচ্ছে। জেলার নার্সারীগুলোতে এ ব্যবসায় এসেছে সফলতা।

    বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে এ নার্সারী ব্যবসা। বৃক্ষের আর্থিক মূল্য অনুধাবন করেই গ্রামাঞ্চলে বৃক্ষরোপন প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বৃক্ষ রোপন মৌসুমকে সামনে রেখে নার্সারীগুলো চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে তৎপর হয়ে কাজ করছে। নার্সারীর শ্রমিকরা একদিকে যেমন গাছ পরিচর্যা ও গাছ তুলে বাজারজাত করার কাজে ব্যস্ত। তেমনি মালিকরাও নিজেদের নার্সারীর সুনাম বয়ে আনতে বিভিন্ন প্রজাতির গাছের সমাহার ঘটিয়ে নার্সারীকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ মৌসুমে জেলার বিভিন্ন হাট বাজারেও বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রি করা হচ্ছে।

    বৃক্ষরোপনের উদ্যোগকে বেগবান করতে জেলার গড়ে ওঠা নার্সারীগুলো ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। এ মৌসুমে গাছের চারার চাহিদা থাকায় দিনদিন নার্সারী ব্যবসার প্রসার ঘটছে। জেলার অনেকেই নার্সারী গড়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অনেক বেকার যুবক নার্সারী করে স্বাবলম্বী হলেও সার ও কীটনাশকের দাম বাড়ায় এ ব্যবসায় আগের মতো আর লাভ নেই বলে নার্সারী মালিকরা জানালেন।

    নার্সারী মালিকরা অভিযোগ, তাদের কাছ থেকে সরকারীভাবে চারা ক্রয় করা হয় না। চারা ক্রয়ে সরকারী কর্মকর্তারাও মানুষকে উদ্বুদ্ধ করেন না। নার্সারী মালিকদের নিকট থেকে যদি চারা ক্রয় করা হয় তাহলে নার্সারী মালিকরা আরো উপকৃত হবে। এদিকে সবুজ বনায়নের লক্ষ্যে বৃহত্তর কুষ্টিয়ার বন বিভাগ কার্যক্রম চালালেও এ বছর তাদের তেমন কোন কার্যক্রম নেই। প্রতি বছর জেলার স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হলেও এ বছর কোন বরাদ্দ না আসায় বিনামূল্যে গাছের চারা বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    কুষ্টিয়া জেলার ৬৬ ইউনিয়নসহ বৃহত্তর কুষ্টিয়ায় নার্সারী ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। বৃক্ষরোপন আন্দোলন জনসাধারণের মাঝে সাড়া পেয়েছে। বন বিভাগের সহযোগিতা পেলে কুষ্টিয়া জেলায় আরো নার্সারী ব্যবসা বাড়তে পারে। বৃহত্তর কুষ্টিয়ার উৎপাদিত চারা জেলার চাহিদা পূরণ করে বাইরে পাঠানো যাবে বলে নার্সারী মালিকরা অভিমত প্রকাশ করেন। নার্সারী সবুজ বনায়নে যেমন রাখতে পারে উল্লেখযোগ্য ভূমিকা। তেমনি জেলার বেকার সমস্যার সমাধানেও যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে।

  • শ্বশুরবাড়ির নারিকেল গাছে প্রাণ গেল জামাইয়ের

    শ্বশুরবাড়ির নারিকেল গাছে প্রাণ গেল জামাইয়ের

    চৌগাছা (যশোর ) প্রতিনিধি

    শ্বশুরবাড়িতে এসেছিলেন স্বাভাবিকভাবেই। হয়তো পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ডাব পাড়তে নারিকেলগাছে ওঠার পর মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গাছ থেকে পড়ে প্রাণ গেল রাসেদুল (২৮) নামে এক যুবকের।

    মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। রাসেদুল ওই গ্রামের রেজাউল ইসলামের জামাই। এবং ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রফিউদ্দিনের ছেলে।

    স্থানীয়রা জানান, বিকেলে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় ডাব পাড়ার জন্য নারিকেলগাছে ওঠেন রাসেদুল। ডাব পাড়ার সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার ও খাদ্যের বাজার নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় সার বিক্রয়ে অনিয়ম, ভুয়া চিকিৎসা ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সদর ও আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী এবং ভালাইপুর বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।

    অধিদফতর সূত্রে জানা যায়, তদারকি চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অবৈধভাবে সার বিক্রয় করার অপরাধে গোকুলখালীর মেসার্স হামিদুল ট্রেডার্সের মালিক মো: হামিদুল ইসলামকে ৫ হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণামূলক চিকিৎসা প্রদানের দায়ে মেসার্স জিকু মেডিক্যাল হলের মালিক মো: সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে ভালাইপুরের মেসার্স ভাই ভাই হোটেলের মালিক মো: কালাম উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়।

    অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ ঝুলিয়ে রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ কোনো ওষুধ, সার, বীজ ও শিশুখাদ্য বিক্রয় না করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়।

    অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেমের (ক্যাব) প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম। জনস্বার্থে ও বাজারব্যবস্থা স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

    এ,আর

  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় ১০ দিন ব্যাপী প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রশিক্ষণের উদ্বোধন করেন । উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষক আসাদুজ্জামান। কার্যক্রমে উপজেলার প্রান্তিক পেশাজীবীদের মধ্য থেকে বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

  • চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জি,এম,এ মুনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান হবি, ধুলিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান এসএম মমিনুর রহমান, স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কদর, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি গোবিন্দ কুমার রাহা প্রমুখ।

    সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করনে।

  • ভেড়ামারায় গরুর খামার গড়ে স্বাবলম্বী তৌহিদুল আলম তুষার

    ভেড়ামারায় গরুর খামার গড়ে স্বাবলম্বী তৌহিদুল আলম তুষার

    আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও পরিবারের সহযোগিতায় গরুর খামার গড়ে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তৌহিদুল আলম তুষার। গরু পালন, দুধ, মাঠা ও ঘি বিক্রির মাধ্যমে শুধু আর্থিকভাবেই স্বাবলম্বী হননি, নিজের এলাকায় একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি অনুকরণীয় দৃষ্টান্তও স্থাপন করেছেন। তার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আত্মকর্মসংস্থান ও বাণিজ্যিক পশুপালনে আগ্রহ সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ২০০৫ সালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে মাত্র একটি বকনা দিয়ে শুরু করে বর্তমানে বড় পরিসরের গরুর খামার গড়ে তুলেছেন তিনি। এখন তিনি ‘তৌফিক ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট’-এর মালিক। ধীরে ধীরে খামারের পরিধি বাড়তে থাকে। বর্তমানে তার খামারে ১৫টি গাভী রয়েছে।

    জুনিয়াদহ তহশিল অফিসের পেছনে নিজের জমিতে গড়ে তুলেছেন এই খামার। টিনশেডের বড় শেডে ফ্রিজিয়ান জাতের গরু পালন করছেন তিনি। খামারের দেখভালের জন্য সেখানে কয়েকজন বেতনভুক্ত শ্রমিক কাজ করছেন।

    খামারের পাশে রয়েছে ঘাস চাষের ব্যবস্থা। খড়, ভুসি ও খৈলসহ সুষম খাদ্য দিয়ে আধুনিক পদ্ধতিতে গরুগুলো মোটাতাজা করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি আরও একটি নতুন শেড তৈরি করা হচ্ছে। সেখানে নিজস্ব খামারের গাভীর উৎপাদিত দুধ দিয়ে দই উৎপাদন করবেন তিনি।

    তুষারের খামারে বর্তমানে প্রতিদিন ১০০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদিত হয়। কোনো কোনো সময় তা ১৫০ লিটার পর্যন্ত পৌঁছায়। দুধ সংগ্রহ, দুধ থেকে ক্রিম আলাদা করা ও মাঠা তৈরির কাজ স্বাস্থ্যকর পদ্ধতিতে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করেন তিনি। দুধ সংগ্রহের সময় নিজে উপস্থিত থেকে সবকিছু তদারক করেন তুষার। তার চারজন কর্মচারীও রয়েছেন। তাঁদের ২০ হাজার টাকা বেতনসহ সব মিলিয়ে প্রতি মাসে তাঁর খরচ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।খামারি তৌহিদুল আলম তুষার জানান, ‘দুধ বিক্রি করি ১০০ টাকা লিটার। এখন দুধ বিক্রি করি কম। কারিগর রেখেছি। এখন আমার ফার্মের দুধ দিয়ে মাঠা তৈরি করে ভেড়ামারার বাজারগুলোতে ভ্যানে করে মাঠা বিক্রি করি। মাঠা বিক্রির জন্য দুটি গাড়ি বানিয়েছি ২ লাখ ৮০ হাজার টাকা দিয়ে। এতে আরও দুজন মানুষের কর্মসংস্থান করেছি আমি।’

    তিনি আরও বলেন, ‘প্রতিদিন ফজরের নামাজের সময় থেকে মাঠা বিক্রি শুরু করি। সকাল থেকে গাড়িতে করে আমার বিকিকিনি চলে। প্রতিদিন ৪০ থেকে ৮০ লিটার পর্যন্ত মাঠা বিক্রি করতে পারি। শুক্রবার হলে আরও বেশি বিক্রি হয়। বিভিন্ন স্থান থেকে লোকজন আমার বাড়িতেও মাঠা খেতে আসে। প্রতি গ্লাস ২০ টাকা ও লিটার ১৪০ টাকা বিক্রি করি। এতে করে আমার প্রতিদিন আয় হয় ১০ থেকে ১২ হাজার টাকা।’

    তার এই উদ্যোগ শুধু নিজের ভাগ্যই বদলায়নি, এলাকায় কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থানও তৈরি করেছে।

    মাঠা নিতে আসা লিটন বলেন, ‘আমার ফ্যামিলির সবাই এই মাঠা খুব পছন্দ করে। তাই এখানে মাঠা নিতে আসছি।’

    ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিক হাসান জানান, ‘আমরা উদ্যোক্তাদের নিয়মিত কারিগরি পরামর্শ, রোগ প্রতিরোধ, টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনার বিষয়ে সহযোগিতা দিয়ে থাকি। তৌহিদুল আলম তুষারের মতো উদ্যোক্তারা অন্যদের জন্য অনুপ্রেরণা। তার দেখাদেখি আরও অনেকেই বাণিজ্যিকভাবে পশুপালনে আগ্রহী হবেন বলে আমরা আশা করছি।’

    ছোট পরিসর থেকে শুরু করে তুষার এখন একজন সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন। তার খামার এখন উপজেলার বড় ও সফল খামারগুলোর একটি হিসেবে গণ্য হচ্ছে। সব মিলিয়ে তুষারের এই গরুর খামার এখন ভেড়ামারার সফল উদ্যোক্তার একটি উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে।

  • চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন

    চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন

    এম এ রহিম চৌগাছা (যশোর)

    প্রতি বছর বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার থেকেযশোরের চৌগাছা উপজেলারহাজরাখানা গ্রামে শুরু হয়ঐতিহ্যবাহী বলুহ মেলা। এ বছর মেলা চলবে ১৫ দিন।মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনিক অনুমিতি মিলেছে ১৫ দিনের বলে জানিয়েছে মেলার আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ মেলার উদ্বোধন করবেন মহিলা সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ব্যবসায়ীরা এসে জায়গা পছন্দ করে দোকান বসিয়েছেন। শিশুদের হরেক রকমের খেলার সামগ্রীতে ভরে উঠেছে মেলার মাঠ । প্রতিবছর প্রশাসনিকভাবে ৫/৭ দিন মেলার অনুমতি থাকে। এ বছর প্রশাসনিক ভাবে ১৫ দিনের অনুমোতি দেওয়া হয়েছে।

    শত বছরের বেশি সময় ধরে চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ মেলা প্রতি ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুরু হয়। মেলার সঠিক বয়স আজ অবধি কেউ সঠিক বলতে পারেনি। এলাকার বয়স্ক ব্যক্তিরা জানান, তাদের দাদার আমল থেকে এই মেলার গল্প শুনছেন।

    মেলার আয়োজক সূত্র জানায়, এবারের মেলার কপোতাক্ষ নদে স্পিড বোড চলবে মাশিলা খাট থেকে । কাঠের তৈরি হরেক রকমের আসবাবপত্র দোকান বসেছে। মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, ‘নৌকা-দোলা’, নাগরদোলা, জাম্পিং, স্লিপিংসহ বিভিন্ন রাইডিং বসানো হয়েছে।

    মেলায় কাঠের আসবাবপত্র নিয়ে এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার ব্যবসায়ী আশাদুল ইসলাম, সালামত হোসেন ও আরব আলী। তারা বলেন, প্রায় দুই দশক ধরে এই মেলায় আসেন। ভালো বেচাবিক্রি করে ব্যাপক লাভনিয়ে বাড়িতে ফিরে যান।

    যশোরের বাঘারপাড়ার বসুন্দিয়ার নামকরা খোকন ভাইয়ের চটপটি এসেছে মেলায়। ইতোমধ্যে কম বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন দোকান মালিক খোকন। প্রসাধনী পণ্য নিয়ে এসেছেন মাদারীপুরের উসমান মোল্লা। তিনি বলেন, বলুহর মেলা বলে কথা; প্রতি বছরই আসি। এবারও এসেছি; আশা করছি ব্যবসায় মন্দ হবে না।

    শিশুদের হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছেন বগুড়ার ব্যবসায়ী লিটন হোসেন। তিনি বলেন, এবার ভাল ব্যবসায়ী হবে প্রত্যাশা করছি। ঢাকার গুলিস্থান থেকে এসেছেন ব্যবসায়ী আবু তাহের। তিনি কম্বল নিয়ে এসেছেন।

    বাজার পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান ও কমিটির সাধারণ বিএম বাবুল আক্তার জানান, বলুহ মেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। যা যুগযুগ ধরে চলে আসছে। গ্রামবাসীসহ এ অঞ্চলের সকলের সহযোগিতা নিয়ে মেলা চালানো হবে। ইতোমধ্যে সেই ব্যপারে আলোচনাও করা হয়েছে।

    তবে এলাকাবাসী দাবী মেলার নামে অশ্লীলনৃত্য, জুয়ার আসর, মাদক বিকিকিনিসহ অসামাজিক কার্যকালাপ যেন না হয়।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, শর্তসাপেক্ষে ১৫ দিনের জন্য বলু মেলার অনুমতি দিয়েছেন যশোর পুলিশ সুপার মহোদয়। মেলায় আইনশৃঙ্খা রক্ষায় পুলিশ মোতায়েন করা হবে। অশ্লীলনৃত্য, জুয়ার আসর, মাদক বিকিকিনিসহ অসামাজিক কার্যকালাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • কুষ্টিয়ায় চাকা শিল্পের কারিগররা পেশা ছাড়ছে

    কুষ্টিয়ায় চাকা শিল্পের কারিগররা পেশা ছাড়ছে

    বিডি গ্লোবাল ডেস্ক,

    গরুর গাড়ি এবং তা তৈরির অন্যতম উপাদান চাকা নিয়ে জনপ্রিয় গান, নাটক ইত্যাদি রচিত হয়েছে বিভিন্ন সময়ে। এক সময় ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের যাতায়াতের অন্যতম বাহন ছিল চাকা দিয়ে তৈরি গরুর বা ঘোড়ার গাড়ি। সময়ের বিবর্তনে যান্ত্রিক যুগে সেসব এখন আর চোখে পড়ে না তেমন একটা। তবুও সেই গাড়ি তৈরির অন্যতম উপাদান চাকার কারিগর, মিস্ত্রি বা এ কুটির শিল্পের মানুষেরা ব্রিটিশ আমল থেকে এখনো চাকার ওপরই নির্ভরশীল। চাকা ঘুরলে ঘোরে তাদের ভাগ্যের চাকাও।

    কুষ্টিয়া ৬ উপজেলায় রয়েছে চাকা তৈরির শত শত মিস্ত্রি। চাকা তৈরি ও বিক্রির জন্য সারা বাংলাদেশের মধ্যে এ এলাকাটি বিখ্যাত বলে জানান কর্মরত মিস্ত্রিরা। ব্রিটিশ আমল থেকে বংশানুক্রমে এ পেশাটিকেই আঁকড়ে ধরে রয়েছেন তারা। বাজারের চাকা তৈরির মহাজন ও মিস্ত্রিরা জানান, এখানে অনেক পরিবার গরুর গাড়ির চাকা তৈরিতে অত্যান্ত পারদর্শী।

    তারা বলেন, তার বাপ-দাদার পেশা ছিল চাকা তৈরি। তিনিও এ পেশা ছাড়তে পারেননি। একদিনে একটা অর্থাৎ মাসে ২৫ জোড়া চাকা তৈরি করা যায়। এক জোড়া চাকা তৈরি করতে কমপক্ষে ১৫ হাজার টাকা খরচ হয়। আর বাজারে বিক্রি হয় ২০ হাজার টাকার মত। বাবলা গাছের কাঠই এ চাকা তৈরির একমাত্র উপাদান। কোনো যান্ত্রিক মেশিনে নয়, হাতুড়-বাটাল করাত দিয়ে হাতের কাজের মাধ্যমেই তৈরি করা হয় দৃষ্টিনন্দন এই চাকা।

    বাবলা গাছ ছোট অবস্থাতেই মজবুত ও সারিযুক্ত হয়। দুই আড়াই হাজার টাকায় ছোট সাইজের একটা গাছ থেকে এক জোড়া চাকা তৈরি করা যায়। তবে পাঁচ বা সাড়ে পাঁচ হাজার টাকার একটি বড় বাবলা গাছ থেকে দুই জোড়া চাকা তৈরি করা যায়।

    পোড়াদহের চাকা তৈরির মিস্ত্রি ইনতাজ আলী জানান, স মিল থেকে বাবলা গাছের কাঠ চেরাই করে একমাস রোদে শুকাতে হয়। এরপর নিজেদের তৈরি ফর্মা বা মেশিনে করাত দিয়ে চিরে কাজ শুরু করা হয়। চাকার মাঝের গোল অংশ (বেলন), ভেতরের লম্বা লাঠি (পাকে) ও মূল কাঠের বৃত্ত (কৈঠা) লাগিয়ে একদিনের মধ্যেই চাকা সেট হয়ে যায়। এর পর ফিনিশিং করে বিক্রির উপযোগী করা হয়। একজন মিস্ত্রিকে দিনে ৭০০ টাকা পারিশ্রমিক দেয়া হয়। এক জোড়া চাকা ৭ থেকে ১০ বছর গাড়িতে চলার জন্য উপযুক্ত থাকে। বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা মিরপুরে এসে চাকা নিয়ে যান। বিভিন্ন জেলার গ্রামাঞ্চল থেকে কৃষকরা চাকার জন্য এখানে ছুটে আসেন।

    মিস্ত্রি ও মহাজনরা জানান, চাকা তৈরির বাবলা গাছ এক সময় ছিল সহজলভ্য। কিন্তু এখন আর সারিবদ্ধভাবে মেঠো রাস্তা, ক্যানেলের ধারে বা আশপাশে তা আর দেখতে পাওয়া যায় না। চাকা তৈরির কাজ বারো মাস ধরেই চলে। গরু, মহিষ বা ঘোড়ার গাড়ির জন্য এ চাকা ব্যবহৃত হলেও ঘোড়ার গাড়ি প্রায় বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলে কাদাযুক্ত মেঠো রাস্তা ও মাঠ থেকে ফসল আনা নেয়ার জন্য এখনো গরু ও মহিষের গাড়ি ব্যবহৃত হয়।

    চাকা তৈরিতে ব্যস্ত কুটির শিল্পের কারিগররাও জানান, অনেক সময় পুঁজির অভাবে বেশি মূল্যে বাকিতে গাছ কিনতে হয়। সরকারি ও বেসরকারি সহযোগিতা, ব্যাংকঋণ ইত্যাদির সুবিধা পেলে চাষাবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এ চাকা শিল্প তথা গরু ও মহিষের গাড়ি টিকে থাকবে, ভাগ্যের চাকা ঘুরবে এ শিল্পের শত শত কারিগর বা পেশার সঙ্গে জড়িতদের এমনটি জানান সংশি¬ষ্টরা।