ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান সৌরভের (৩০) লাশ নিজ বাড়িতে পৌঁছেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে ঝিনাইদহ থেকে তার লাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ার বাসভবনে নিয়ে আসা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর চুয়াডাঙ্গা পুরাতন গোরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় সৌরভের মৃত্যু হয়।
মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা রিয়া খাতুন নামে এক নারীও আহত হন।
নিহত আমিনুর রহমান সৌরভ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ার বাসিন্দা আসলাম উদ্দিনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
