সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন, অফিস খুলে কয়েকটি ইউনিয়নের মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে উধাও প্রতারক চক্র।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী কাজীরবেড়সহ কয়েকটি ইউনিয়নে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের (COAST Foundation) নাম ও পরিচয় ব্যবহার করে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। টাকা সংগ্রহের পর অফিস বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় অসংখ্য সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জিন্নানগর বাজারে রাঙ্গা মিয়ার বাড়িতে কোস্ট ফাউন্ডেশনের নাম ব্যবহার করে একটি অফিস স্থাপন করে প্রতারক চক্রটি। পরে কাজীরবেড়সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে প্রচারণা চালানো হয়। ঋণ পাওয়ার আশায় অনেকেই বিভিন্ন অঙ্কের টাকা জমা দেন। এভাবে কয়েকটি ইউনিয়নের মানুষের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, গত ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে অফিসের কার্যক্রম বন্ধ করে চক্রের সদস্যরা সেখান থেকে উধাও হয়ে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এতে অনেক নিম্নআয়ের ও অসহায় পরিবার তাঁদের কষ্টার্জিত অর্থ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে বিষয়টি কোস্ট ফাউন্ডেশনের নজরে এলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মহেশপুরে তাদের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত কথিত ঋণ কার্যক্রমের সঙ্গে প্রকৃত কোস্ট ফাউন্ডেশনের কোনো অনুমোদিত কার্যক্রমের সম্পর্ক নেই। সংস্থাটি জানায়, তারা মূলত দেশের উপকূলীয় ১২টি জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে। মহেশপুরে তাদের নাম ব্যবহার করে কেউ আর্থিক লেনদেন করে থাকলে তা সম্পূর্ণ অননুমোদিত।
ঘটনাটি জানার পর কোস্ট ফাউন্ডেশনের ফাউন্ডার নির্বাহী পরিচালকের নির্দেশনায় সংস্থার প্রতিনিধিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে জিন্নানগর বাজার ও আশপাশের এলাকায় যান। এ সময় তাঁরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রতারকদের শনাক্ত করতে সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও মহেশপুর থানার অফিসার ইনচার্জ ইমরান আলমের সহযোগিতার কথা উল্লেখ করে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে কামাল আহমেদ আকন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন মহেশপুর একটি প্রতারক চক্র তাদের নাম ব্যবহার করে মোটা অংকের টাকা আমানত সংগ্রহ করে পালিয়েছে।।
কোস্ট ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন বিভাগ) মোস্তফা কামাল আকন্দ ১২ নভেম্বর এক বিবৃতিতে বলেন, কোনো উন্নয়ন সংস্থার নাম, পরিচয় ও সুনাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত, আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীরা তাঁদের জমা দেওয়া টাকা ফেরত পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো এনজিওর নামে ঋণ দেওয়ার প্রলোভনে অগ্রিম টাকা জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত কার্যালয়ে যাচাই করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Read this report in English · ইংরেজি সংস্করণ
