ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (রাত সাড়ে ৯টার দিকে) কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম ও তার সহোদর ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া গ্রামের সুকুমারের ছেলে চঞ্চল কুমার। তাদের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশীপুর এলাকায় আব্দুর রশিদ খোকন মিয়ার ইটভাটার কাছে ছাত্রলীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকলে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন।
ধাওয়ার মুখে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এ সময় তিনজনকে আটক করেন এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।
