যশোরের চৌগাছায় অবৈধভাবে জমি থেকে বালি ও মাটি কেটে বিক্রির দায়ে জমির মালিক শাহিনুর রহমান (৩৬) কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে ১৫ দিনের জেলের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার জগদিশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর পশ্চিমপাড়ার কাতলাকুড়ো পুকুরের পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত শাহিনুর রহমান স্বর্পরাজপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। এর আগে গত রবিবার (৮ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে তার জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি কাটার চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, নিজের মালিকানাধীন জমি থেকে মাটি কেটে গভীর করে ফেলেছেন শাহিনুর রহমান। এতে আশপাশের কৃষকদের ফসলিজমি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি কারও বাধা মানছেন না।
স্থানীয় কৃষক লাল্টু রহমান বলেন, চার-পাঁচ দিন ধরে নিজের জমি থেকে বালি ও মাটি কেটে বিক্রি করছেন শাহিনুর রহমান। বাধা দিলেও তিনি কারও কথা তোয়াক্কা করেনি।
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ বলেন, এই কাজের কারণে আশপাশের সবারই ক্ষতি হচ্ছে। কারণ, ওই এলাকার চারপাশেই কৃষি আবাদি জমি রয়েছে।
এ বিষয়ে জমির মালিক শাহিনুর রহমান বলেন, পাশের একটি জায়গা ভরাট করার জন্য তিনি মাটি কেটেছিলেন। পরে অন্য জায়গা থেকে মাটি এনে ওই কৃষিজমি ভরাট করে দেবেন বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব। এ সময় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালক বিপ্লব হোসেন (৩২) পালিয়ে যান। পরে জমির মালিক শাহিনুর রহমানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব বলেন, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
