টাঙ্গাইলে গর্ভধারিনী মাকে হত্যার দায়ে ছেলেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত আসামি হচ্ছেন— টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মশাজান গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে ইউনুস মণ্ডল (২৫)।
টাঙ্গাইল দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রিপন জানান, আসামি ইউনুস মণ্ডল তার মা ফুলমালা ও প্রতিবন্ধী বড়ভাই শেখ ফরিদকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। গত ২০২৫ সালের ২৫ জুলাই বিকেলে সাংসারিক কাজকর্ম নিয়ে মা ফুলমালার সাথে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ইউনুস তার মাকে গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে মাটিতে ফেলে দেন। তখন ইউনুস বাঁশের লাঠি দিয়ে ফুলমালার মাথায় পাঁচ-সাতটি আঘাত করলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন ২৬ জুলাই ফুলমালার মেয়ে সেলিনা বেগম মির্জাপুর থানায় মামলা করেন এবং ওইদিনই ইউনুসকে গ্রেফতার করে পুলিশ। পরে ইউনুস মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বিচার শেষে ইউনুস মণ্ডলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম শামিমুল আকতার (শামিম)।
Read this report in English · ইংরেজি সংস্করণ
