ভূঞাপুরে অসুস্থ স্বামীকে নিয়ে রেজিয়া বেগমের মানবেতর জীবন

প্রতিবেদন:

·

, , , , ,

টাঙ্গাইলের ভূঞাপুরে নদীভাঙনে বসতভিটা হারানোর পর স্বামীর দীর্ঘস্থায়ী অসুস্থতা কেড়ে নিয়েছে চান মিয়া ও রেজিয়া বেগমের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও। অর্থাভাবে নিয়মিত খাবার ও চিকিৎসা না পাওয়ায় এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে এ অসহায় দম্পতিকে।

রোববার (১৫ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গায় ছোট্ট একটি জরাজীর্ণ কুঁড়েঘর। বৃষ্টি নামলেই ভাঙা চাল চুইয়ে ভেতরে পানি পড়ে। এমনই এক মানবেতর পরিবেশে কোনোমতে দিন কাটছে নিঃসন্তান দম্পতি চান মিয়া ও রেজিয়া বেগমের।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় উপজেলার রামপুর চর এলাকায় বসতভিটা ছিল চান মিয়ার। যমুনার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়ের খোঁজে তিনি স্ত্রীকে নিয়ে চলে আসেন জিগাতলায়। স্থানীয়দের সহায়তায় রাস্তার পাশে তৈরি হয় তাদের ছোট্ট এই ঝুপড়ি ঘর, মিলেছে বিদ্যুতের সংযোগও। আগে চান মিয়া মানুষের কাছে হাত পেতে এবং স্ত্রী রেজিয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাতেন। কিন্তু ২০২৩ সালে হঠাৎ তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন চান মিয়া।

এর আগে এক সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেলে এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা করানো হয়েছিল। বর্তমানে শ্বাসকষ্টের পাশাপাশি সারা শরীরে তীব্র ব্যথা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন তিনি। অসুস্থতার কারণে ঠিকমতো কথাও বলতে পারেন না, শুধু নীরবে আল্লাহর জিকির করেন।

সংসারে কোনো সন্তান বা নিয়মিত আয়ের উৎস না থাকায় প্রতিবেশীদের দেওয়া সামান্য সাহায্যেই চলে তাদের জীবন। এক বেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় কাটে প্রতিটি দিন। এমনকি নিত্যপ্রয়োজনীয় তেল-সাবান কেনার সামর্থ্যও নেই তাদের।

কান্নাজড়িত কণ্ঠে রেজিয়া বেগম বলেন, ‘মানুষ যা দেয়, তা দিয়েই কোনো রকমে চলি। এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না। ঠিকমতো বাজার করা বা তেল-সাবান কেনারও সামর্থ্য নেই। টাকার অভাবে স্বামীর চিকিৎসাও করাতে পারছি না।’

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন এই নিঃসন্তান দম্পতি। দেখাশোনা করার মতো কেউ না থাকায় তাদের কষ্ট আরও বেড়েছে। অসহায় এই পরিবারটির জন্য একটি সরকারি ঘর ও চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, অসহায় ওই পরিবারটিকে সরকারি ফ্যামিলি কার্ডসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করতেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ