পাবনার ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড। প্রতিষ্ঠানটি সেখানে একটি পরচুলা (শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস) তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এই লক্ষ্যে রোববার রাজধানীতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয় বেপজা কমপ্লেক্সে দুই প্রতিষ্ঠানের মধ্যে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি বছরে ১ লাখ পরচুলা (অরিজিনাল সিরিজ, ক্যাপ সিরিজ, প্রিমিয়াম সিরিজ এবং স্লিপ-অন সিরিজ) উৎপাদন করবে। আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি এবং সেলুনগুলোর জন্য বিশেষভাবে নকশা করা এই পণ্যগুলো ল’রিয়েল, ওয়েলা, কাও এবং হেনকেলের মতো বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা হবে। কোম্পানিটি থেকে বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় এবং ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রচলিত তৈরি পোশাক খাতের বাইরে অপ্রচলিত ও মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি ঝুড়ি বৈচিত্র্যময় করার ক্ষেত্রে বেপজার চলমান প্রচেষ্টায় এই বিনিয়োগ আরও একটি নতুন মাইলফলক বলে মনে করছে কর্তৃপক্ষ।
বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন ও বিডি লেপাচুর জেনারেল ম্যানেজার হে ঝি লং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঈশ্বরদী ইপিজেডে বর্তমানে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরও ৮টি বাস্তবায়নাধীন আছে। এই ইপিজেড থেকে এখন পর্যন্ত মোট ২৩৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে এবং প্রকৃত বিনিয়োগ এসেছে প্রায় ২৯ কোটি মার্কিন ডলার। ইপিজেডটির মাধ্যমে এ পর্যন্ত ২০ হাজার ৯২৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে।
এর আগে ঈশ্বরদী ইপিজেডে চারটি প্রতিষ্ঠান ক্যাপ, পরচুলা (উইগ) ও কসমেটিকস পণ্য উৎপাদন করছে, যা তৈরি পোশাকের বাইরে বৈচিত্র্যময় উৎপাদন শিল্পের উদীয়মান কেন্দ্র হিসেবে ইপিজেডটির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
