চুয়াডাঙ্গায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন করাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার কোর্ট মোড়ে বাংলা মেডিক্যালের সামনের পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের শরীর তল্লাশী করে কাঁধে ঝোলানো কালো কাপড়ের তৈরি স্কুল ব্যাগ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আশরাফুল ইসলাম মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী ২০১৯ সালের ৫ মার্চ ফারুক হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত রায়ে উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। একই সাথে জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ