সারাদেশ

  • পটুয়াখালীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-মেয়েসহ নিহত ৪

    পটুয়াখালীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-মেয়েসহ নিহত ৪

    বিডি গ্লোবাল ডেস্ক,

    পটুয়াখালীতে ঢাকাগামী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়েসহ চাজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বশাক বাজার সংলগ্ন ধলু গাজী মোড় এলাকার এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহতরা হলেন— গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের খোন্তাখালী গ্রামের অটোরিকশাচালক কাইউম প্যাদা (৫০), একই ইউনিয়নের বউবাজার এলাকার শিল্পি রাণী (৪০), তার মেয়ে বিথি রাণী (২২) ও গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামের মো: জাহাঙ্গীর হোসেন (২৮)।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৌবাজার এলাকার চায়ের দোকানী শিল্পি রাণী তার সন্তানসম্ভবা মেয়ে বিথি রাণীকে ডাক্তার দেখানোর জন্য শনিবার বিকেলে বৌবাজার থেকে একটি অটোরিকশা রিজার্ভ করে পটুয়াখালী যান।

    রাতে ডাক্তার দেখানো শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বশাক বাজার এলাকায় পৌঁছালে বরগুনার তালতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস-এর একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে উভয় গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

    পরে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয় এবং বাকি একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘটনার পর ইমরান ট্রাভেলসের গাড়িটি পটুয়াখালী থানা পুলিশ আটক করেছে।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানান, দুর্ঘটনার স্থান পটুয়াখালী সদর থানায় হওয়ায় আইনি ব্যবস্থা পটুয়াখালী থানা নেবে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো: সাকিব আল হাসান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

    রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গাংনী থানার তেরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার সাকিব গাংনী থানার ওলিনগর গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে।

    এসআরবি-১২ মেহেরপুরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল তেরাইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাকিবকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব দীর্ঘদিন মাদককারবারের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

    রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার।

  • সিলেটে ‘অপহৃত’ দুই কিশোর উদ্ধার: শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তেই গা-ঢাকা

    সিলেটে ‘অপহৃত’ দুই কিশোর উদ্ধার: শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তেই গা-ঢাকা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    মাদরাসা থেকে বের হয়ে আর ফেরেনি দুই কিশোর। এরপর তাদের অপহরণ করা হয়েছে—এমন অভিযোগে থানায় জিডি করেন অভিভাবকেরা।

    এরই মধ্যে একজনের বাবার ইমোতে আসে হাত-পা বাঁধা এক কিশোরকে মারধরের ভিডিও, সাথে মুক্তিপণের দাবি। শেষ পর্যন্ত সেই ‘অপহৃত’ দুই কিশোরের সন্ধান মিলল জৈন্তাপুরের একটি রেস্টুরেন্টে।

    র‍্যাব বলছে, অপহরণ নয়, মাদরাসায় পড়তে অনাগ্রহ থেকেই নিজেরাই গা-ঢাকা দিয়েছিল তারা।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড় ৩টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর বাজারের মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করে র‍্যাব-৯-এর একটি দল।

    রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

    উদ্ধার হওয়া দুই কিশোরের মধ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর গ্রামের বেবুল আহমদের ছেলে মো: সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়বন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো: তামিম আহমদ (১৫)। তারা সিলেট নগরীর খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

    র‍্যাব-৯ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় দুই কিশোর একসাথে মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর মাদরাসায় ফেরেনি।

    বিষয়টি অভিভাবকদের জানান মাদরাসার পরিচালক তোফায়েল আহমেদ। সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান না পেয়ে অভিভাবকেরা শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    এরপর ১৭ সেপ্টেম্বর সকালে নাইমের বাবার মোবাইল ফোনের ইমো অ্যাপে নম্বরবিহীন একটি অ্যাকাউন্ট থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। একই দিন সন্ধ্যায় ওই অ্যাকাউন্ট থেকে ভিডিও কল আসে। সেখানে নাইমের মতো দেখতে এক কিশোরকে হাত-পা বাঁধা অবস্থায় মারধর করার দৃশ্য দেখানো হয়। পরে আরো একটি ভিডিও পাঠানো হয়। এতে দুই কিশোরকে অপহরণের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের ওই রেস্টুরেন্টে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুজনকেই উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোর জানায়, মাদরাসায় পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ছিল না। তাদের মধ্যে একজন এর আগেও দুইবার মাদরাসা থেকে পালিয়েছিল। গত ১৫ সেপ্টেম্বর মাদরাসা থেকে বের হওয়ার পর তারা নিজেরাই জৈন্তাপুরের হরিপুর বাজারে চলে যায়। সেখানে ওই রেস্টুরেন্টে কাজ শুরু করে তারা।

    তবে মুক্তিপণের ভিডিও পাঠানোর বিষয়টি এখনো রহস্যের মধ্যে রয়েছে।

    এএসপি কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ওই দুই কিশোরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা জানিয়েছে, ভিডিওটি তাদের নয় এবং তারাও এমন কোনো ভিডিও পাঠায়নি।’

    তিনি বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী অন্য কোনো শিশুর ভিডিও ব্যবহার করে পরিবারের কাছে টাকা দাবি করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

  • চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম গ্রেফতার

    চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় নুর ইসলাম (৬৭) নামে নিষিদ্ধ ঘোষিত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খড়িঞ্চা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    আটক নুর ইসলাম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মরহুম নাসির উদ্দীন ভাগা মন্ডলের ছেলে। তিনি স্বরুপদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় বাড়ির নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত তহিদুল পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, তহিদুল উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি বাড়ির নির্মাণকাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক রুহুল আমিন বলেন, ‘আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান।’

  • খাবার চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

    খাবার চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

    খাবার চুরির অভিযোগে বেধড়ক মারধরের ঘটনায় মো. আজমুল হোসেন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোড সংলগ্ন ইসলামনগর সড়কের একটি চার তলা ভবনের ছাদে তাকে মারধরের ঘটনা ঘটে।

    পরবর্তীতে গুরতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত আজমুল নগরীর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাসা চুয়াডাঙ্গার দর্শনায়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমুলকে খুমেক হাসপাতালে নিয়ে আসেন।

    ঘটনাস্থলে উপস্থিত থাকা খুবির সাবেক এক শিক্ষার্থী বলেন, ওই ছাত্রকে (আজমল হোসেন) খাবারসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগে ধরা হয়। এরপর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন তথ্য বের হচ্ছিল। তিনি রুম থেকে গেঞ্জি, শার্ট, প্যান্ট, জুতা এবং টাকা নেওয়ার কথাও স্বীকার করেছিল।

    তিনি বলেন, প্রথমে লাউডস্পিকারে ওই ছাত্রকে তার বাবার সঙ্গে কথা বলতে বলা হয়। তখন আজমল তার বাবাকে জানায় যে, তিনি সেখানে থাকে এবং টাকা ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তার বাবা তাকে জিজ্ঞাসা করেন, কেন তিনি এসবের মধ্যে গেছে। এরপর ফোনটি রিফাতের কাছে দেওয়া হয়। তিনি ওই ছাত্রের বাবাকে বলেন, আপনার ছেলে এই কাজ করছে, আপনার তো আসা উচিত। আপনি কালকে আসেন, এসে একটা ব্যবস্থা করেন। এখানে তো আর রাখা যাবে না। এরপর ফোনটি অন্য এক-দুজনের হাতেও চলে যায়।

    এদিকে মারধর শেষে নিহত আজমলের বাবার কাছে ফোন দিয়ে চুরির ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

    নিহত ওই ছাত্রের বাবা কুতুবউদ্দিন বলেন, রাতে আমাকে কল দিয়ে জানায় এখানে একটা ঘটনা ঘটেছে। পরে ফোনেই এক লাখ টাকা চাওয়া হয় ক্ষতিপূরণ হিসেবে। পরে আমি বলি ঠিক আছে তোমাদের আন্ডারে রাখো। পরে আমি ফোনের পর ফোন দেই, কিন্তু ফোন ধরে না, পরে ফোন অফ পাই। সকালে ট্রেনে করে খুলনায় এসে সেখানে যাওয়ার পরে কয়েকজন বলে, চাচা আপনার ছেলেরে পিটিয়ে মেরে ফেলেছে। কিন্তু শিক্ষার্থীরা বলে আপনার ছেলে ছাদ থেকে লাফ দিয়েছে। মেসের ওরা বলল, চাচা আপনার ছেলে ২৫০ বেড হাসপাতালে আছে।

    হাসপাতাল সূত্র জানায়, রাত দেড়টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার ১০-১৫ মিনিট পর তার মৃত্যু হয়।

    হাসপাতাল সূত্রের ভাষ্য, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মাথার চুলও এক পাশ দিয়ে কাটা ছিল। মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে আসা যুবকরা দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

    বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো সালাউদ্দিন বলেন, ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনায় আমাদের কোনো এখতিয়ার নেই। তবে আমরা পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তাদের সহায়তা করছি এ বিষয়ে।

    হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন জানান, ঘটনাটি তারা জানতে পেরেছেন। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

    বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

    বিডি গ্লোবাল ডেস্ক,

    বরিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মালেক বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

    বরিশাল বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথের মধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মালেক মারা যান। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করে।

  • চুয়াডাঙ্গায় বাস থেকে ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

    চুয়াডাঙ্গায় বাস থেকে ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গায় বাসে অভিযান চালিয়ে দুই হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার দেলোয়ার চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মরহুম ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ারকে দুই হাজার ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসব মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

  • মিরসরাইয়ে বিধবা প্রনতি রাণীর বসতঘরে আগুন, শেষ আশ্রয়ও পুড়ে ছাই

    মিরসরাইয়ে বিধবা প্রনতি রাণীর বসতঘরে আগুন, শেষ আশ্রয়ও পুড়ে ছাই

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বিধবার বসতঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠাছড়া এলাকার মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

    আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে স্বামীর ভিটায় থাকা ৬৮ বছর বয়সী প্রনতি রাণী দাশের শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেছে।

    প্রনতি রাণী দাশের অভিযোগ, সম্পত্তি বিরোধের জেরে এর আগে তার লাগানো গাছপালা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর মিরসরাই থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

    অভিযোগ দেয়ার আট দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়নি। এর মধ্যেই তার বসতঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

    প্রনতি রাণী জানান, তার স্বামী অমরেন্দ্রে দাশ রায় ওরফে দুলাল ২০১৫ সালে মারা যান। এরপর তিন মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করে আসছেন তিনি। স্বামীর নামে থাকা তফসিলভুক্ত জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে প্রতিবেশীদের সাথে তাদের বিরোধ চলছে।

    গাছ কাটার ঘটনায় থানায় দেয়া অভিযোগে চোটন কর্মকার (৩৭), মো: সোহেল, আজিম উদ্দিন ও আজাদ হোসেনের নাম উল্লেখ করেন প্রনতি রাণী। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে গাছপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

    প্রনতি রাণী বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধ বারবার মীমাংসার চেষ্টা হয়েছে। আদালতও রায় দিয়েছে। কিন্তু তারা তা মানছে না। গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এখন রাতের আঁধারে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। আমাকে উচ্ছেদ করে জমি দখল করতেই এসব করা হচ্ছে।’

    তিনি আরো বলেন, ঘটনার সাথে আগের গাছ কাটার ঘটনার যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করেন।

    এদিকে বিরোধ মীমাংসায় ১৯ সেপ্টেম্বর দুই পক্ষের বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছিল বলে জানান মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দীন।

    তিনি বলেন, দুই পক্ষের একজন করে প্রতিনিধি এবং তার পক্ষের একজন প্রতিনিধিকে নিয়ে কাগজপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়ার কথা ছিল। তবে প্রনতি রাণী বৈঠকে উপস্থিত হলেও অপর পক্ষ উপস্থিত হয়নি।

    গাজী নিজাম উদ্দীন বলেন, ‘প্রনতি রাণীর ঘর পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আমি তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

    অভিযোগের বিষয়ে চোটন কর্মকার বলেন, ‘আজকের বৈঠকের বিষয়ে আমি জানতাম না। সম্পত্তি নিয়ে বিরোধ প্রনতি রাণী দাশ ও সুমনের মধ্যে। সুমনের সাথে আমার সম্পর্কের কারণে বিরোধ মীমাংসার জন্য আমি সম্পৃক্ত হয়েছি। এখন আমাকে বিবাদী করে অভিযুক্ত করা হচ্ছে।’

    মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঘরে আগুন দেয়ার বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগ পাননি। ১৪ সেপ্টেম্বর গাছ কাটার অভিযোগের বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে পারেননি তিনি। তবে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে তদন্ত করা হবে। তদন্তের পর বিষয়টি জানানো হবে।’

  • কয়েলের আগুনে কৃষকের ২ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

    কয়েলের আগুনে কৃষকের ২ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

    রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার এই ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্ত কৃষক আঙ্গুর মিয়া (৩৫) ওই গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে। রাতে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে কয়েক জ্বালিয়েছিলেন কৃষক আঙ্গুর।

    ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় প্রতিদিনের মতো গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেয় কৃষকের পরিবার। হঠাৎ রাত ১টার দিকে আগুনের শব্দে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। এ সময় কৃষকের পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু পুড়ে মারা যায়। অপর তিনটি গরুর আংশিক শরীর পুড়ে যায়। মৃত গরু দুটি দেশীজাত থেকে জাত উন্নয়নের মাধ্যমে উন্নতজাতের শংকর (ক্রস) গরু ছিল।

    রাতে আগুন নেভানোর কাজে সহায়তাকারী প্রতিবেশী সাজু মিয়া বলেন, ‘রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচিতে আমাদের ঘুম ভাঙে। পরে আঙ্গুর মিয়ার গোয়ালঘর জ্বলে যাচ্ছে দেখা যায়। এসময় প্রতিবেশীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নিভলেও দুটি গরু মারা যায়, তিনটি আহত হয়। পরিবারটির একমাত্র সম্ভব ছিল এসব গরু।

    ক্ষতিগ্রস্ত কৃষক আঙ্গুর মিয়া জানান, প্রতিদিনই কয়েল জ্বালাই কিন্তু কাল রাতে কেমনে (কিভাবে) কি হলো জানি না। এই গরুগুলোই আমার সম্বল ছিল। এসময় তিনি আগুনে তিন লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান।

    বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, চরে আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তির গোয়াল ঘরসহ গরু আগুনে পুড়ে মারা গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করাসহ প্রয়োজনীয় সহায়তা করা হবে।

  • গাইবান্ধায় নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধারে নেমে নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার

    গাইবান্ধায় নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধারে নেমে নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার

    শনিবার বিকেলে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।

    বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেকুল ইসলাম।

    নিহত বাবা ময়নুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের সাতকালপানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তার উদ্ধার হওয়া ছেলের নাম মাহিদ (১০)।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে ছেলে মাহিদকে নিয়ে নৌকায় করে স্থানীয় তেলিয়ান বিলে মাছ ধরতে যান ময়নুল। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর অসাবধানতাবশত ছেলে মাহিদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন বাবা ময়নুল। পরে তিনি পানিতে নিখোঁজ হন।

    বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে এসে বাবা-ছেলেকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। একপর্যায়ে স্থানীয়রা মাহিদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বাবা ময়নুলের সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে ময়নুলের মরদেহ উদ্ধার করা হয়।

    সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমাদের ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়রা এরই মধ্যে ছেলেটিকে জীবিত উদ্ধার করেছিলেন। পরে নিখোঁজ ময়নুলকে উদ্ধারে অভিযান চালানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    তিনি আরও বলেন, ময়নুলকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তবে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ উদ্ধার হওয়ায় তারা পথিমধ্যে রংপুরে ফিরে যায়। নৌকা থেকে পড়ে যাওয়া ছেলে মাহিদ সুস্থ রয়েছে।

  • মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ১

    মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ১

    বিডি গ্লোবাল ডেস্ক,

    মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

    তিনি জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিউ বলেশ্বর নামের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।

  • গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক নিহত

    গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক নিহত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপভ্যানের এক সহকারী গুরুতর আহত হয়েছেন।

    শনিবার সকালে কড্ডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সৈকত হোসাইন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

    পুলিশ জানায়, শনিবার সকালে টাঙ্গাইল অভিমুখে গমনকারী একটি পিকআপভ্যান কড্ডা এলাকায় সড়কের পাশে থেমে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সৈকতের মৃত্যু হয়।

    এদিকে পিকআপভ্যানের আহত সহকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও পিকআপভ্যান দুটি নিজেদের হেফাজতে নেয়।

    কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বিজিবি’র

    মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বিজিবি’র

    বিডি গ্লোবাল ডেস্ক,

    শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    বিজিবি সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার সকালে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ টাকা।

    মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বলে বিজিবি জানায়।

    সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও ৩৯ বিজিবি ময়মনসিংহের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • বড়লেখায় গৃহবধূ মুন্নি হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

    বড়লেখায় গৃহবধূ মুন্নি হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তার ননদ চামেলী আক্তারকে (২৫) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়। এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার চামেলী আক্তার বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামের মরহুম ইয়াছিন আলীর মেয়ে।

    পুলিশ সূত্রে জানা যায়, মুন্নির মৃত্যুর ঘটনায় গত (৫ সেপ্টেম্বর) রাতে তার মা রেনু বেগম বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, যৌতুকের জন্য নির্যাতনের একপর্যায়ে মুন্নি আত্মহত্যার পথ বেছে নেন। মামলায় মুন্নির স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জা-সহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো পাঁচজনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়।

    মামলা দায়েরের পর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে বড়লেখা থানার এসআই শেখ কামরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আবদুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

    পুলিশ জানায়, প্রায় ৪৮ ঘণ্টার অভিযান শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে চামেলী আক্তারকে গ্রেফতার করা হয়।

    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান চামেলী আক্তারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের বসিলা এলাকায় পুলিশের একটি বিশেষ দল প্রায় ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর শনিবার সকালে তাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়। মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়।

  • চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা গ্রেফতার

    চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় আবুল কাশেম (৬৫) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়ারদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার কাশেম উপজেলার ফুলসারা ইউনিয়নের আড়ারদহ গ্রামের মরহুম আমিনুল্লাহর ছেলে। তিনি ফুলসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি একজন অবসরপ্রাপ্ত সার্জেন।

    পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে করা মামলায় কাশেমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘আটক আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

  • চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

    চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের চেম্বার অব কমার্স ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

    বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আনাস ইবনে মনির।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আনোয়ারুল হক মালিক ও শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত সফলতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৎ চরিত্র ও মানবিক গুণাবলিতে বলীয়ান হতে হবে। শিক্ষার সাথে আদর্শিক চরিত্রের সমন্বয় ঘটলেই অর্জিত মেধা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

    বক্তারা শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে নিজেদের সৎ, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

  • বিএনপি নারীর শিক্ষা-ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে: রিজভী

    বিএনপি নারীর শিক্ষা-ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে: রিজভী

    শিক্ষা ডেস্ক:

    বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণেও বিএনপি গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রুহুল কবীর রিজভী বলেন, নারীদের শিক্ষিত করে গড়ে তোলা হলে এর সুফল শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকে না; সমাজ ও রাষ্ট্রও এর সুফল পায়।

    নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি পরিবারকে যেমন এগিয়ে নেওয়া যায়, তেমনি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতেও ভূমিকা রাখা সম্ভব।

    তিনি বলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ স্নাতক (অনার্স) পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব অপরিসীম।

    আরও পড়ুন: এক গুদামে আগুন লেগে পুড়ল আরও ১২ গোডাউন

    শিক্ষাকে উপেক্ষা করা হলে কোনো জাতিই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। অথচ গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।

    রিজভী বলেন, একটা সময় শিক্ষার গুরুত্বকে যথাযথভাবে বিবেচনা করা হয়নি। শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আরও পড়ুন: পাংশায় দেয়াল ধসে ৭ বছরের শিশুর মৃত্যু

    এর প্রভাব পড়েছে পুরো জাতির ওপরও।

    রিজভী অভিযোগ করেন, অনেক সময় প্রশ্নপত্রে শুধু প্রশ্ন লেখা হয়েছে। এর বাইরে শিক্ষার মান নিশ্চিত করার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ক্ষমতাশালী জায়গা থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলায় দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির বিভিন্ন শাখায় প্রতিযোগিতা করতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। কিন্তু দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পরিচালনা করা হয়েছে, যাতে প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাধাগ্রস্ত হয়। ‘আমাদের নিষ্ক্রিয় করার জন্য ব্যবস্থা করা হয়েছিল’ বলেও মন্তব্য করেন তিনি।

    শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো, প্রযুক্তিগত সরঞ্জাম ও জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে।

    তিনি বলেন, শিক্ষা একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। কোনো জাতি শিক্ষার যথাযথ সুযোগ ও প্রণোদনা ছাড়া এগিয়ে যেতে পারে না। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষায় বিনিয়োগ ও প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

    তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য বিনিয়োগ ও প্রণোদনা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার বিকল্প নেই।

    অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

  • মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

    মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

    মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

    মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

    মৃতরা হলেন সৌদি আরব প্রবাসী একরাম খালাসী (৪০), তার স্ত্রী ও দেড় বছর বয়সী মেয়ে।

    একরাম খালাসীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী ও শিশুকন্যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • কুবি শিক্ষিকার সন্তান হত্যায় যুবক আটক

    কুবি শিক্ষিকার সন্তান হত্যায় যুবক আটক

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকার একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

    মৃত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান এবং কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় সে। এরপর থেকেই শিশুটি নিখোঁজ হয়।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় আইফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে। পরে শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকার একটি পাহাড়ে অপ্রতিমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জিলানী জানান, আমরা ভাতিজাকে সঙ্গে নিয়ে টিলায় বাঁশ কাটতে এসেছিলাম। এ সময় ভাতিজা হঠাৎ লক্ষ্য করে একটি শিশু নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

    সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমকে এক অজ্ঞাত যুবকের সঙ্গে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

    পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা ইতিমধ্যে জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম একযোগে কাজ করছে।

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।

    শনিবার দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    অপ্রতীম নিখোঁজের ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি।

    নিখোঁজ ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।এদিকে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘আমার ছেলেকে আমি বেলা ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে।

  • ৮ দফা না মানলে ১ দফার আন্দোলন: জামায়াত আমির

    ৮ দফা না মানলে ১ দফার আন্দোলন: জামায়াত আমির

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এই আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলন। সরকার যদি আমাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন করে তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু সরকার যদি আমাদের দাবি না মেনে নেয়, তাহলে এই ৮ দফার আন্দোলন অনতিবিলম্বে ১ দফার আন্দোলনে রূপ নেবে।

    শনিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে লংমার্চ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যখন গাড়িতে করে আসছিলাম, তখন রাজপথে জনগণের মধ্যে বিপ্লবের গর্জন শুনতে পেয়েছি। সাধারণ মানুষ হাতের এক আঙুল তুলে ‘এক দফা এক দফা’ স্লোগান দিচ্ছে। আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাআল্লাহ্ আন্দোলন সফল করেই আমরা ঘরে ফিরব। আমরা এখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছি; কিন্তু প্রয়োজনে আপনাদের সিরাজগঞ্জ থেকে ঢাকায় লংমার্চ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

    জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী প্রমুখ।

  • নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

    নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

    নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

    আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোখছেদ ঘর মোছার কথা বলে শিশুটিকে ভেতরে ডেকে নেন। পরে তাকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

    ঘটনার বিষয়টি শিশুটি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন।

    মামলায় সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যে রায় ঘোষণা করেন আদালত।

    রায়ের পর ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘দ্রুততার সঙ্গে রায় প্রদান করায় আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এভাবে ভুক্তভোগীরা দ্রুত বিচার পেলে ধর্ষণের মতো ঘটনা কমবে। এই রায়ে আমরা সন্তুষ্ট।

    শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

    তিনি বলেন, মামলাটির সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে মাত্র এক বছরের মধ্যে আদালত রায় দিয়েছেন। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

    দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় ভুক্তভোগীর বাবা বিচার বিভাগ ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর।

  • নাগেশ্বরীতে সার না পেয়ে কৃষকদের ফের সড়ক অবরোধ

    নাগেশ্বরীতে সার না পেয়ে কৃষকদের ফের সড়ক অবরোধ

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে রবি মৌসুমে চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ শত শত কৃষক আবারও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন। এ সময় তারা সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন এবং কৃষি কর্মকর্তা ও সার ডিলারের অপসারণ চান। পরে অবরুদ্ধ কর্মকর্তাকে ইউএনওর সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কচাকাটা থানায় নিয়ে আসেন পুলিশ।

    শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন গাবতলা বাজার এলাকায় বিসিআইসির পরিবেশক (ডিলার) মেসার্স ভাই ভাই ট্রেডার্সের সামনে এই অবরোধ হয়।

    এ সময় বল্লভেরখাস ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম অবরুদ্ধ হন। প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন।

    জানা গেছে, রবি মৌসুমে এখন এলাকার প্রধান ফসল আমন, বেগুন ও বিভিন্ন সবজির চাষাবাদে সারের চাহিদা বাড়ছে। পাশাপাশি ভুট্টাসহ অন্যান্য ফসলেরও আবাদ শুরু হয়েছে।

    কিন্তু চাষাবাদের শুরু থেকেই কৃষকেরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না।

    শুক্রবার সকালে গাবতলা এলাকার কৃষকদের জন্য নির্ধারিত ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সে সার বিক্রির খবর ছড়িয়ে পড়লে কয়েক শ কৃষক সেখানে জড়ো হন। ব্রেকিংনিউজ

    কিছুক্ষণ পরই কৃষকেরা সার পাওয়ার জন্য দীর্ঘ সারি ধরেন। একপর্যায়ে বরাদ্দকৃত সার শেষ হয়েছে বলে জানানো হয় এবং পরিবেশক সার বিক্রি বন্ধ করে দেন।

    এতে ক্ষুব্ধ কৃষকেরা ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তারা ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন।

    স্থানীয় কচাকাটা থানা পুলিশ ও বিজিবি সদস্য সড়ক অবরোধ এবং বিক্ষোভ দমনের চেষ্টা করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

    কৃষক ওমর ফারুক জানান, এক সপ্তাহ আগেও এই কচাকাটায় সারের জন্য আন্দোলন হয়েছে। সে সময় সার সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন ইউএনও। কিন্তু সমাধান হয়নি। দিন যত যাচ্ছে সার সংকট ততই বাড়ছে।

    গাবতলা গ্রামের কৃষক মজিবর বলেন, ‘সারের জন্য চাষাবাদে সমস্যা হচ্ছে। অনেক হয়রানির পরও সার পাওয়া যায় না। তাই সবাই মিলে সড়ক অবরোধ করেছি। ’

    একই গ্রামের আব্দুস সালাম বলেন, ‘ডিলারের কাছে গেলে বলে সার নাই। অনেক দিন ধরে ঘুরছি। আজ লাইন ধরেছিলাম, পরে শুনি সার শেষ। কৃষি কর্মকর্তারা বলে সারের সংকট নাই, তাহলে আমরা সার পাই না কেন?

    মেসার্স ভাই ভাই ট্রেডার্স সার ঘরের মালিক নাকি জীবিত নেই। তার প্রতিনিধি খায়রুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

    উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন বলেন, আমাদের পর্যাপ্ত সার মজুদ আছে। আজ দুটি পয়েন্ট থেকে সার বিতরণ করার কথা। একটি পয়েন্টের সার শেষ হয়ে যাওয়ায় কৃষকরা সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেছে। আমরা অন্য পয়েন্ট থেকে কৃষকদের চাহিদামতো সার দেওয়ার চেষ্টা করছি।

    এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বিক্ষুব্ধ কৃষকেরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। একসঙ্গে অনেকে সার নিতে গিয়ে না পাওয়ায় এ সমস্যা হয়। সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। পর্যায়ক্রমে সবাই সার পাবেন। সার বিতরণে অনিয়ম পেলে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, এর আগে গত ১৪ সেপ্টেম্বর একই উপজেলার বেরুবাড়ী, বামনডাংগা ও রামখানা ইউনিয়নে সার না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন কৃষকেরা।

  • রাজধানীর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

    রাজধানীর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

    রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুইটা ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় দোকানপাট বন্ধ ও রাস্তায় কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ঘটনার পরপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

    এ বিষয়ে শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে সড়কে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায় নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

  • রাজধানীর তেজগাঁও মসজিদে গোপন বৈঠক; আটক ২৩

    রাজধানীর তেজগাঁও মসজিদে গোপন বৈঠক; আটক ২৩

    রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের তেজগাঁও থানায় নেয়া হয়েছে । সেখানে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা আসছেন বলে জানিয়েছে পুলিশ।

    এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

  • কোটচাঁদপুরে ইয়াবাসহ হোটেলকর্মী ও নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

    কোটচাঁদপুরে ইয়াবাসহ হোটেলকর্মী ও নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

    কোটচাঁদপুর প্রতিনিধি

    ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মমতা হোটেলের এক কর্মচারী ও এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর এলাকার মেইন বাজারে অবস্থিত মমতা হোটেলকে ঘিরে মাদক সংক্রান্ত তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হলে হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    অভিযানের সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এক নারী ব্যবসায়ীও আটক হন। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে অপরাধের ধরন বিবেচনায় তাদের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হয়েছে।

    কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিরলে ট্রেন কাটা পড়ে প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের

    বিরলে ট্রেন কাটা পড়ে প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের

    দিনাজপুরের বিরল উপজেলায় রেললাইনের ওপর বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ওই ইউনিয়নের ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।

    স্থানীয়রা জানান, নিহত জামাল কানে শুনতেন না। ট্রেন আসার শব্দ ও হুইসেলের আওয়াজ শুনতে না পাওয়ার কারণেই তিনি লাইন থেকে সরে যেতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

    গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, সকালে জামাল নামের ওই বৃদ্ধ বিরল উপজেলার ডিপপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন। পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন অতিক্রম করার সময় তিনি লাইনের ওপরই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

  • মাদক কারবারিকে আশ্রয়, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

    মাদক কারবারিকে আশ্রয়, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

    দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক কারবারিকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওসমান গণি বাবু নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

    শুক্রবার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্যসচিব আনোয়ার হোসেন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    ওসমান গণি নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।

    বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম নষ্টকারী এবং মাদক বিক্রেতার শেল্টারদাতাদের কোনো জায়গা নেই।

  • খালিয়াজুরীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৭

    খালিয়াজুরীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৭

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে মো: শাহ আলমগীর (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা সিটি কেয়ার হাসপাতালে মারা গেছেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে তার প্রতিবেশী মোহাম্মদ সানোয়ার হোসেন ও স্বজনেরা জানান।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রানীচাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে ১৭ সেপ্টেম্বর সকালে আবারো দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে পাল্টাপাল্টি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন। আহতদের মধ্যে অনেকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    গুরুতর আহত চারজনের মধ্যে রাণীচাপুর গ্রামের মো: নূরুল হকের ছেলে মো: শাহ আলমগীর (২৩) নামের এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা সিটি কেয়ার হাসপাতালে পাঠানো হলে শুক্রবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার প্রতিবেশী মোহাম্মদ সানোয়ার হোসেন ও স্বজনেরা জানিয়েছেন।

    স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সংঘর্ষে জড়িত দুই পক্ষের এক গ্রুপের চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এবং অপর পক্ষের সাথে শ্রমিক দলের চাকুয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা রয়েছেন। লিগেল মিয়ার বাবা জালাল মিয়া উপজেলা কৃষক দলের সদস্য বলেও জানা গেছে।

    খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম বলেন, ‘লিগেল মিয়া চাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। তার জানা মতে, লিগেল মিয়ার বাবা মো: জালাল মিয়া উপজেলা কৃষক দলের সদস্য।

    ঘটনার খবর পেয়ে খালিয়াজুরী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় পৃথক পৃথক অভিযোগ দিয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

    শাহ আলমগীরের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিরুদ্দিন বলেন, ‘ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সঠিক বিষয়টি এখনো পুরোপুরি জানা যায়নি।’

    দুই পক্ষই থানায় অভিযোগ দেয়ার পর রাতেই দুটি মামলা নথিভুক্ত হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • হাতপাখার চাহিদা কমছে, শঙ্কায় বোচাগঞ্জের কারিগররা

    হাতপাখার চাহিদা কমছে, শঙ্কায় বোচাগঞ্জের কারিগররা

    একসময় গরমের দিনে গ্রামবাংলার ঘরে ঘরে ছিল হাতপাখার কদর। বিদ্যুৎ না থাকলে কিংবা প্রচণ্ড গরমে স্বস্তি পেতে হাতপাখাই ছিল মানুষের অন্যতম ভরসা। একদিকে সময়ের সঙ্গে বৈদ্যুতিক ফ্যান, চার্জার ফ্যান ও প্লাস্টিকের পাখার ব্যবহার বেড়েছে। এতে কমেছে বাঁশের হাতপাখার চাহিদা। অন্যদিকে হাতপাখার কাঁচামাল বাঁশের দাম বেশি হওয়ায় লাভও কম হচ্ছে । ফলে ঐতিহ্যবাহী এ পেশার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন বোচাগঞ্জের কয়েকটি পরিবারের কারিগররা।

    দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মালিপাড়া এলাকায় বাপ-দাদার আমল থেকে হাতপাখা তৈরি করে আসছেন রমেন (৩০) ও তার স্ত্রী কল্পনা (২৮)। এ এলাকায় আগে থেকেই পাঁচ-ছয়টি পরিবার এ পেশার সঙ্গে জড়িত। তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে হাতপাখার ব্যবহার কমে যাওয়ায় নতুন প্রজন্মের মধ্যে এ পেশার প্রতি আগ্রহও নেই।

    রমেন জানান, বাপ-দাদার আমল থেকেই তাদের পরিবার হাতপাখা তৈরির কাজ করে আসছে। বর্তমানে স্বামী-স্ত্রীসহ পরিবারের চারজন এ কাজে যুক্ত। হাতপাখা তৈরির প্রধান কাঁচামাল বাঁশ। বাজার থেকে বাঁশ কিনে আনতে হয়। তবে প্রয়োজনীয় বাঁশ সহজে পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায়।

    একটি হাতপাখা তৈরি করতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। দিনে গড়ে ৮ থেকে ১০টি হাতপাখা তৈরি করেন তারা। প্রতিটি হাতপাখায় বাঁশসহ কাঁচামালের খরচ পড়ে প্রায় ১০ থেকে ১৫ টাকা। পাইকারের কাছে প্রতিটি হাতপাখা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করেন। কাঁচামালের খরচ বাদ দিয়ে প্রতিটি হাতপাখায় প্রায় ১৫ থেকে ২৫ টাকা থাকে। সব মিলিয়ে দিনে গড়ে ১৫০ থেকে ২০০ টাকা আয় হয় বলে জানান রমেন।

    রমেনের স্ত্রী কল্পনা বলেন, সংসারের কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে হাতপাখা তৈরির কাজ করছেন। গরম বাড়লে কাজের চাপ বাড়ে এবং বিক্রিও কিছুটা বাড়ে। বিশেষ করে বিদ্যুৎ চলে গেলে হাতপাখার চাহিদা বাড়ে। তবে আগের মতো সারা বছর এর চাহিদা নেই।

    তিনি বলেন, আধুনিক ফ্যানের কারণে হাতপাখার ব্যবহার অনেক কমেছে। তারপরও সংসারের আয়ে কিছুটা সহায়তা করতে তারা এ কাজ ধরে রেখেছেন। কিন্তু বাঁশের দাম বেশি হওয়ায় লাভও কম।

    কারিগররা জানান, অগ্রহায়ণ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হাতপাখা তৈরির ও বিক্রির মৌসুম ভালো থাকে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ে। তবে আগের তুলনায় এখন হাতপাখার বাজার অনেক ছোট হয়ে গেছে।

    রমেন বলেন, ‘আগে হাতপাখার চাহিদা বেশি ছিল। এখন বৈদ্যুতিক ফ্যান, চার্জার ফ্যান ও প্লাস্টিকের পাখার কারণে বিক্রি কমেছে। সবচেয়ে বড় সমস্যা বাঁশ পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম বেশি। সরকারি কোনো সহায়তাও পাইনি। আর্থিক সহযোগিতা পাওয়া গেলে এ কাজ ধরে রাখা সম্ভব। বাঁশ কাটার প্রয়োজনীয় সরঞ্জাম পেলেও আমাদের উপকার হতো।’

    এদিকে হাতপাখা তৈরির সঙ্গে জড়িত পরিবারগুলোর সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান জানান, হাতপাখা তৈরির সঙ্গে জড়িত পরিবারগুলোর সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। তাদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

    স্থানীয়দের মতে, বিদ্যুৎ ও আধুনিক প্রযুক্তিনির্ভর নানা ধরনের ফ্যানের ব্যবহার বাড়লেও গরমের সময় এবং বিদ্যুৎ চলে গেলে হাতপাখার প্রয়োজন এখনো রয়েছে। তবে কাঁচামালের সংকট, বাঁশের বাড়তি দাম, সীমিত বাজার ও নতুন প্রজন্মের অনাগ্রহের কারণে এ পেশা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    কারিগরদের দাবি, প্রয়োজনীয় বাঁশ সহজলভ্য করা, আর্থিক সহায়তা এবং বাঁশ কাটার সরঞ্জাম দেওয়া হলে তারা এ পেশা ধরে রাখতে পারবেন। এতে কয়েকটি পরিবারের জীবিকার পাশাপাশি গ্রামবাংলার পুরোনো এ ঐতিহ্যও টিকে থাকবে।

  • কুষ্টিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

    কুষ্টিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে কুষ্টিয়ায় ৫৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা। জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

    অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. ইমরান বিশ্বাস, জুলাই যোদ্ধা হাফেজ সেলিম রেজা ও শহর শাখার সেক্রেটারি পারভেজ মোশাররফ। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

    প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ, নীতি-নৈতিকতা ও জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অহংকার ও জুলুমের পরিণতি ধ্বংস—এ কথা মনে রেখে মানবিক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

    তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; জ্ঞানের গভীরে যেতে হবে এবং জ্ঞান অন্বেষণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা, উৎসাহিত করা এবং নৈতিক ও আদর্শিক বিকাশে ভূমিকা রাখার চেষ্টা করে।’

    অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পবিত্র কোরআনসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবির সম্পর্কে আগে তাঁদের যে ধারণা ছিল, অনুষ্ঠানে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। বিশেষ করে সম্মাননা স্মারক ও উপহারের পাশাপাশি পবিত্র কোরআন উপহার পেয়ে তাঁরা আনন্দিত। ভবিষ্যৎ জীবনে আদর্শিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

  • কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার মিরপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে রাফি (৩) পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত মেডিক্যাল অফিসার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

    মৃত্যুর ঘোষণা শুনতেই রোগীর স্বজন ও স্থানীয় কিছু লোক চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ শুরু করেন ও একপর্যায়ে ১১ নম্বরের মেডিক্যাল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ ঘটনায় উপ-সহকারী মেডিক্যাল অফিসার আব্দুস সামাদ জরুরি বিভাগের সহায়তাকারী বিজয় কুমার ও আনসার সদস্য জসিম সরকার আহত হন।

    মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি এখন স্বাভাবিক। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: জান্নাতুল রিয়া জানান, স্বজনদের হারিয়ে যাওয়ার বেদনা সহানুভূতির সাথে দেখা হলেও হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

  • ষষ্ঠ স্ত্রীর ফোন পেয়ে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসিকে আটক

    ষষ্ঠ স্ত্রীর ফোন পেয়ে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসিকে আটক

    সকাল সাড়ে ৭টা থেকে একটি ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ছিলেন এক নারী। ভেতরে তার স্বামী রয়েছেন— এমন দাবি করে বারবার দরজা খোলার অনুরোধ করলেও কোনো সাড়া মিলছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ভেতর থেকে এক পুলিশ কর্মকর্তা (সাবেক ওসি) ও এক নারীকে বের করে আনেন। পরে দু’জনকেই নেয়া হয় থানায়।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    থানায় নেয়া পুলিশ কর্মকর্তার নাম মাহবুব আলম। তিনি ২০২৪ সালে চন্দ্রিমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

    ফ্ল্যাট থেকে বের করে আনার পর মাহবুব আলম দাবি করেন, ভেতরে থাকা সানজিদা মৌ তার স্ত্রী। তবে তাদের বিয়ের কাবিননামা তিনি দেখাতে পারেননি। অন্যদিকে ফ্ল্যাটের বাইরে অবস্থান নেয়া আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। মাহবুবের দাবি, আন্নিকে চার দিন আগে তিনি ডিভোর্স দিয়েছেন।

    ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। নওগাঁ থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ওই ফ্ল্যাটে আসেন আন্নি আক্তার। তার দাবি, আগের রাতে তিনি জানতে পারেন মাহবুব আলম ওই ফ্ল্যাটে এসেছেন এবং সেখানে সানজিদা মৌ নামে এক নারী রয়েছেন। এরপর তিনি এসে দরজায় কড়া নাড়তে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও দরজা না খোলায় ৯৯৯ নম্বরে ফোন করেন আন্নি আক্তার।

    পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরও দরজা খোলা হয়নি বলে দাবি করেন আন্নি। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

    তার ভাষ্য অনুযায়ী, তখন মাহবুব আলম ও সানজিদা মৌ ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে ছিলেন। পুলিশ ফোন করে দরজা খুলতে বললেও দরজা খোলা হয়নি বলে দাবি করেন তিনি।

    পরে মাহবুব আলম ও সানজিদা মৌকে থানায় নেয়া হয়। এ সময় সাংবাদিকরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। সে সময় সানজিদা কোনো মন্তব্য করেননি। তবে, মাহবুব আলম বলেন, আন্নিকে তিনি তালাক দিয়েছেন এবং এ সংক্রান্ত একটি কাগজ পুলিশের কাছে জমা দিয়েছেন। তবে সানজিদার সাথে তার বিয়ের কাবিননামা তিনি দেখাতে পারেননি।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চার দিন আগে আন্নিকে তালাক দেয়ার একটি কাগজ মাহবুব আলম দিয়েছেন। তবে আন্নি জানিয়েছেন, তিনি তালাকের কোনো কাগজ হাতে পাননি।

    আন্নি আক্তার নওগাঁর বাসিন্দা। তিনি নিজেকে নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচয় দেন। তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। পরে মাহবুবের একাধিক নারীর সাথে সম্পর্ক এবং বিভিন্ন এলাকায় বিয়ের বিষয়ে জানতে পারেন বলে দাবি করেন তিনি।

    আন্নির আরো দাবি, রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুব আলমের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে। এর আগেও সেখানে সানজিদা মৌকে মাহবুবের সাথে পেয়েছিলেন তিনি। তখন বিষয়টি প্রকাশ করেননি বলে জানান আন্নি।

    নাদের হাজির মোড়ের যে ফ্ল্যাটে শুক্রবারের ঘটনা ঘটেছে, সেটি মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে ভাড়া নেয়া। সেখানে তার পালিত মেয়ে ও জামাই থাকেন। তবে বৃহস্পতিবার রাত থেকে ফ্ল্যাটটিতে মাহবুব আলম ও সানজিদা মৌ অবস্থান করছিলেন বলে জানা গেছে।

    মাহবুব আলমের চাকরির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে এক ব্যক্তির কাছ থেকে খাম নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রত্যাহার হন। পরে নওগাঁ জেলা পুলিশে কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রাখা হয়।

    সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ গণমাধ্যমকে বলেন, মাহবুব আলমের কোনো ছুটি নেই এবং কাউকে জানিয়েও তিনি রাজশাহীতে যাননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা অপরাধ।

    তিনি বলেন, মাহবুব আলম ওই প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশে কর্মরত। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেবে।

    এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন আন্নি আক্তার। শুক্রবার দুপুরে অভিযোগ লেখার প্রক্রিয়া শুরু হয়। তখন মাহবুব আলম ও সানজিদা মৌকে থানার পৃথক দু’টি কক্ষে রাখা হয়।

    চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ছুটিতে থাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও সানজিদা মৌয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় আসবেন। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

  • চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

    চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের উপজেলার হাতিকাটা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালক মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যান।

    নিহত ছকিনা খাতুন জেলার জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মরহুম ছলিম উদ্দিনের স্ত্রী।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত চার-পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামের বাসিন্দা মো: মানিকের স্ত্রী ও নিজ মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) বাড়িতে বেড়াতে আসেন ছকিনা খাতুন। শুক্রবার দুপুরে ওই এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

    এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

    নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তিতুমীর (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাচঁদহ এলাকায় করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

    তাসরিফুল উপজেলার কাচঁদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।

    পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাসরিফুল নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার বিকেলে করতোয়া নদীতে লাশ ভেসে ওঠার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি তাসরিফুলের বলে শনাক্ত করেন।

    নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

    লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

    বিডি গ্লোবাল ডেস্ক,

    খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিক্যাল সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দেড় শতাধিক মানুষ উপকৃত হয়েছে।

    এমন দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। অনেকেই অনেক শারীরিক সমস্যা নিয়ে জীবনযাপন করছেন। বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত।

    এ বিষয়ে ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াসির বলেন, ‘আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য এই দুর্গম এলাকার মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এমন জনহিতকর উদ্যোগ অব্যাহত থাকবে।’

  • লক্ষ্মীপুরে বাসি খাবার বিক্রি, ৩ হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা

    লক্ষ্মীপুরে বাসি খাবার বিক্রি, ৩ হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    লক্ষ্মীপুরে হোটেলে বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবির যৌথ অভিযানে এ জরিমানা করা হয় বলে জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।

    অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নূরজাহান হোটেলের মালিক সাইফুল আলমকে পাঁচ লাখ, রাজমহল হোটেলের বিষ্ণু বণিককে চার লাখ ও মোহাম্মদীয়া হোটেলের মালিক নাজমা বেগমকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলোর মালিকদের এ অর্থদণ্ড দেন লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: ওমর ফারুক।

    অভিযানে উপস্থিত ছিলেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম।

    জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু বলেন, ‘বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবির যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানেই রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।’

    নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

  • চৌগাছায় গরুর ফার্ম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    চৌগাছায় গরুর ফার্ম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছায় তানজিলা এগ্রো নামের একটি গরুর ফার্ম থেকে গোলাম রসুল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া এলাকায় তানজিলা অটোভাটার একটি প্রতিষ্ঠান শিমুল হোসেনের তানজিলা এগ্রো গরুর ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত গোলাম রসুল ওই ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং রাতে ফার্মেই থাকতেন। তিনি উপজেলার ফুলসারা গ্রামের মরহুম তজিবর মোল্লার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রসুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গরুর ফার্মে কাজে আসেন। পরে কাজ শেষে তিনি আর বাড়িতে ফিরে যাননি। শুক্রবার সকালে তার ছেলে আল আমিন হোসেন বাবার খোঁজ নিতে ফার্মে যান। তিনি গিয়ে ফার্মের মেঝেতে তার বাবাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার ডাকচিৎকারে অন্যরা ছুটে আসেন।

    ছেলে আল আমিন হোসেন বলেন, শারীরিক অসুস্থতা নিয়েই বাবা বৃহস্পতিবার ফার্মে আসেন। শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি। তাই বাবাকে খুঁজতে আজ সকালে ফার্মে আসি। তারপর দেখি বাবার নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। এ সময় আমি ডাকচিৎকার দিলে অন্যরা ছুটে আসেন। পরে ফার্মের মালিক শিমুল হোসেন ও চৌগাছা থানা পুলিশকে জানানো হয়।

    চৌগাছা থানার এসআই বেলাল হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত করার পরেই জানা যাবে।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদীর মৃত্যু

    দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদীর মৃত্যু

    দিনাজপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে সেকেন্দার শাহী (৫৮) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার ভোর ৪টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ্য হলে তাকে তাৎক্ষণিক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    সেকেন্দার শাহী জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের সামসুল হুদার ছেলে। তিনি চেক চালিয়াতি মামলায় তিন মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত কয়েদী ছিলেন। তিনি ২৫ আগস্ট কারাগারে আসেন।

    জেল সুপার জানান, কয়েদি সেকেন্দার শাহী বৃহস্পতিবার ভোর ৪টায় কারাগারে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ভারতে যাওয়ার চেষ্টাকালে সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার

    ভারতে যাওয়ার চেষ্টাকালে সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার

    ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. খালেক।

    বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিকেল ৫টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে মেহেরপুরে তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

    খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি নাশকতার মামলার তথ্য পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেকের বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও আরও একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের নাশকতার মামলাটির মামলা নম্বর ১১ বলে জানা গেছে।

    পরে পুলিশ তাকে মেহেরপুরে নিয়ে যায়। বিকেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • খানসামায় দুই সারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা জব্দ ও লাখ টাকা অর্থদণ্ড

    খানসামায় দুই সারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা জব্দ ও লাখ টাকা অর্থদণ্ড

    দিনাজপুরের খানসামায় অতিরিক্ত সার মজুত ও অনিয়মের অভিযোগে দুই ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক অভিযানে সারগুলো জব্দ ও অভিযুক্তদের অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে একটি গুদাম সিলগালা করা হয়েছে।

    জানা গেছে, আজ শুক্রবার উপজেলার পাকেরহাট এলাকার মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। এ সময় বিএডিসি সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দের ওই গুদাম থেকে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে নোয়াপাড়া গ্রুপের ক্রয় করা ৩০০ বস্তা এমওপি, বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি ও ১০০ বস্তা ডিএপি রয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি গুদামটি সিলগালা করা হয়।

    পরে উপজেলার টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি রয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, ‘জব্দ করা সার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে।’

    ইউএনও আরও বলেন, ‘কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে ও সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে নিয়মিত তদারকি চলছে। কোনো ডিলার বা ব্যবসায়ী অনুমোদিত সীমার বাইরে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে অথবা কৃষকদের হয়রানি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার খানসামায় অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে মোজাহারুল ইসলাম নামে এক বিএডিসি সার ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ৯২০ বস্তা সার জব্দ করা হয়েছে।

  • ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

    ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

    দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রীসহ ইজিবাইকের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারাই চেয়ারম্যানপাড়া এলাকার এলিট পেট্রলপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বড়গাছা শহড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল মজিদ ফুলবাড়ী শহর থেকে টিন নিয়ে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ফুলবাড়ীর দিকে আসা কলাবোঝাই একটি পিকআপ ভ্যানটির সামনের দিকে থাকা অতিরিক্ত টিনে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে ধাক্কা দেয়। পরে ভ্যানটি সড়কের ওপর ছিটকে পড়ে।

    এ সময় ভ্যানচালক আব্দুল মজিদ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ভ্যানে থাকা যাত্রী জাহিদুল ইসলাম আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

    মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

    বিডি গ্লোবাল ডেস্ক,

    রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি দোকান ব্যবসায়ী।

    বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ে কৃষি মার্কেটে মালামাল আনতে যাওয়ার পথে ৪-৫ জনের একটি দল তার পথরোধ করে। এ সময় চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তার ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

    আহত হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে কৃষি মার্কেটে যাচ্ছিলেন হৃদয়। পথে সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কোপানো হয়। হামলার পর তার মোটরসাইকেল ও সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

    পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

    ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    আহত হৃদয়ের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম সবুজ মিয়া। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

  • অভিযোগ তদন্তে ঘুস দাবি এসআইয়ের, দিলেন বিকাশ নম্বর

    অভিযোগ তদন্তে ঘুস দাবি এসআইয়ের, দিলেন বিকাশ নম্বর

    শরীয়তপুরের জাজিরায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুস দাবির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    কথোপকথনের একপর্যায়ে ওই পুলিশ সদস্য নিজের বিকাশ নম্বরটিও উল্লেখ করে টাকা পাঠাতে বলেন। এ ঘটনায় দোষীর বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার। জাজিরা থানার এসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মালেক শেখের মেয়ে ইতি আক্তারের সঙ্গে জাজিরা পৌরসভার সোনার দেউল এলাকার নুর মোহাম্মদ শেখের ছেলে সাত্তার শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুক দাবিতে ইতিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। সর্বশেষ ১৭ আগস্ট রাতে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

    এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ইতি আক্তার তার স্বামী সাত্তার শেখসহ কয়েকজনের বিরুদ্ধে পারিবারিক বিরোধ, শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে জাজিরা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি থানায় গ্রহণের পর ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় জাজিরা থানার এসআই রফিকুল ইসলামকে। অভিযোগের তদন্তের অংশ হিসেবে বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসআই রফিকুল ইসলাম ভুক্তভোগীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। পরে ওই নারীর এক নিকটাত্মীয় সৌদি প্রবাসী দুলাল মোড়লের সঙ্গে রফিকুল ইসলামের ফোনে কথা হয়।

    সেখানে কথোপকথনের একপর্যায়ে টাকা পাঠানোর জন্য পুলিশ সদস্য রফিকুল ইসলাম তার বিকাশ নম্বরটি দেন। কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    ভুক্তভোগী ওই নারীর দাবি, পুলিশ সদস্যকে চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ঘটনার সুষ্ঠু তদন্ত করছেন না।

    ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৯ সেকেন্ডের কথোপকথনটি হুবহু তুলে ধরা হলো-

    দুলাল মোড়ল: রফিকুল ভাই?

    এসআই রফিকুল ইসলাম: জ্বি।

    দুলাল মোড়ল: আপনে জাজিরা থানায় আছেন? ওই ব্যাপারটার তদন্তে কে যাবেন, আপনি?

    এসআই রফিকুল ইসলাম: হ্যাঁ

    দুলাল মোড়ল: আপনি যে খরচের কথা বলছিলেন, কত দিমু? কত দেওয়া লাগব? অর (ইতি) কাছে তো টাকা নাই। টাকা হেনতে (এখান থেকে) দেওয়া লাগব আমার। কত দেওয়া লাগব?

    এস আই রফিকুল ইসলাম: ১০-এর মতো দিয়া দেন।

    দুলাল মোড়ল: ১০ হাজার?

    এসআই রফিকুল ইসলাম: হু।

    দুলাল মোড়ল: আপনার বিকাশ নম্বর কোনডা? নম্বরটা একটু দেন।

    এসআই রফিকুল ইসলাম: (ফোন নম্বর দেন)

    দুলাল মোড়ল: একটু কম দেই? ১০ হাজার টাকা বেশি হইয়া যায় না?

    এসআই রফিকুল ইসলাম: ধইরা আনতে, মিটমাট করতে আমাগো খরচ আছে না?

    দুলাল মোড়ল: ধইরা আনার দায়িত্ব তো আপনাগোই। আপনি কি সেকেন্ড অফিসার নাকি এসআই?

    এসআই রফিকুল ইসলাম: এসআই, উপপরিদর্শক।

    এরপর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কল কেটে দেন দুলাল মোড়ল।

    ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য শারীরিক নির্যাতন চালাত। কয়েক দিন আগে তারা আমাকে মারধর করলে আমি থানায় লিখিত অভিযোগ করি। আমার অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই রফিকুল স্যারকে। তিনি আমার কাছে টাকা চাইলে আমি তাকে বলি, আমার এক ভাই প্রবাসে থাকেন, তিনি টাকা দেবেন। পরে তার সঙ্গে কথা বলে বিকাশ নম্বর দেন। আমার ভাই তাকে টাকা না দেওয়ায় আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। ঘটনার তদন্তও ঠিকভাবে করছে না। আমি এ ঘটনার বিচার চাই।

    ভুক্তভোগীর মা খাদিজা বেগম বলেন, আমাদের কাছে টাকা চাইলে পুলিশকে বলি, আমাদের কাছে টাকা নাই। আমার ভাতিজা দুলাল বিদেশ থাকে, সে টাকা দেবে। পরে দুলাল ওই পুলিশকে টাকা না দেওয়ায় আমার মেয়ের ঘটনার কোনো সমাধান করে দেয় নাই। আমরা থানায় গেলেও তারা আমাদের গুরুত্ব দেয় না।

    এ বিষয়ে অভিযুক্ত এসআই রফিকুল ইসলামের মুখোমুখি হলে তিনি টাকা দাবির বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে বিষয়টি ওসি জানেন বলে বক্তব্য না দিয়ে নিজ কক্ষ ত্যাগ করে চলে যান।

    বিষয়টি নিয়ে জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কথা বলতে রাজি হননি।

    তবে তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান। তিনি বলেন, ভুক্তভোগী কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি আমরা অবগত হয়েছি। এটি খতিয়ে দেখছি। সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বিএনপি জনবান্ধব সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    বিএনপি জনবান্ধব সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার অবসরকালীন ভাতা বাস্তবায়ন করেছিল। বিগত সরকার তা বন্ধ রেখেছিল। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চার হাজার কোটি টাকা অবসরকালীন ভাতা বরাদ্দ দিয়েছেন। এই সরকার শিক্ষকবান্ধব ও জনবান্ধব।

    আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর পৌর শাখার ১-৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

    শুক্রবার বিকেল ৫টায় বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে বিরামপুর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধুরীর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সহযোগী সংগঠনের পৌর নেতা ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকেরা।

  • কুয়াকাটায় ফের বেড়িবাঁধের স্লোপ দখল

    কুয়াকাটায় ফের বেড়িবাঁধের স্লোপ দখল

    বিডি গ্লোবাল ডেস্ক,

    পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি এলাকায় বেড়িবাঁধের স্লোপ দখল করে আবারও অবাধে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ছোট-বড় অন্তত দুই শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। ধোলাই মার্কেট এলাকায় বন বিভাগের সৃজিত গাছপালা কেটে স্থাপনা নির্মাণেরও অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি থেকে ঝাউবাগান পর্যন্ত বেড়িবাঁধের রিভার সাইটে শত শত স্থাপনা গড়ে উঠেছে।

    সেখান থেকে গঙ্গামতি সেতু এলাকা হয়ে ধোলাই মার্কেট পর্যন্তও নতুন করে কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে। ধোলাই মার্কেটের দুই পাশে এখনও স্থাপনা নির্মাণের কাজ চলছে।

    অভিযোগ রয়েছে, বাঁধের স্লোপের গাছপালা কেটে ওই স্থানেই দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুয়াকাটা-গঙ্গামতি পর্যটন এলাকার স্বার্থে পাউবোর ৪৮ নম্বর পোল্ডারের ৩৯ কিলোমিটার বেড়িবাঁধ পুনরাকৃতিকরণ, সৌন্দর্যবর্ধন ও সাগরের ভাঙন থেকে রক্ষায় ২০১৯ সালে উদ্যোগ নেওয়া হয়। এর আগে বেড়িবাঁধের স্লোপ দখল করে গড়ে ওঠা ৬৭৩টি স্থাপনা অপসারণে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় ৭ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৬৩৭ টাকা।

    পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় দেড় শ কোটি টাকা ব্যয়ে ৩৯ কিলোমিটার বাঁধের মেরামত, পুনরাকৃতিকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। কুয়াকাটা সৈকতসংলগ্ন এলাকায় সাগরের ভাঙন ঠেকাতে কংক্রিটের ব্লক স্থাপন এবং বাঁধের রিভার ও কান্ট্রি সাইটে বনায়ন করা হয়।

  • বিদেশফেরত যাত্রীকে ফেলে পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেল বাস

    বিদেশফেরত যাত্রীকে ফেলে পাসপোর্ট-লাগেজ নিয়ে চলে গেল বাস

    দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশ রুমে যাওয়ার সময় বিদেশফেরত এক যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। তবে ওই বাসে থাকা তাঁর দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও লাগেজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বীরগঞ্জের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

    জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। তিনি ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। দশমাইল এলাকায় যাত্রী ওঠানোর জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশ রুমে যান। পরে ফিরে এসে দেখেন, বাসটি তাঁকে রেখেই চলে গেছে।

    তবে তাঁর দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ বাসের ভেতরেই ছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

    ৯৯৯ তাৎক্ষণিকভাবে দিনাজপুরের বীরগঞ্জ থানাকে বাসটি শনাক্ত করে ওই যাত্রীর মালামাল উদ্ধারের ব্যবস্থা নিতে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এ ডিসপ্যাচার এসআই আব্দুল মান্নান।

    পরে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামিয়ে ওই সৌদিপ্রবাসীর দুটি পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মোজাম্মেল থানায় উপস্থিত হলে উদ্ধার করা পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল তাঁর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

  • প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে স্থায়ী খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে উপজেলা পর্যায়ে চলমান মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি।

    শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুরের সখিপুরের হাবিবউল্লা কলেজ মাঠে শরীয়তউল্লাহ হাবিব স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ‘হাবিবউল্লা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে। দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ তৈরির পাশাপাশি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে।

    তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে। এর মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, পুলিশ সুপার রওনক জাহান ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।

    ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

  • চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে দুইজনকে পুলিশে দিল জনতা

    চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে দুইজনকে পুলিশে দিল জনতা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার কাগজীপাড়া এলাকায় এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

    আটকরা হলেন- কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহাজাহান বেগম (৪০)। অভিযুক্ত শাহজাহান বেগম উপজেলার বাদামতল এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করেন বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া সদরের কাগজীপাড়া এলাকার আশরাফ আলী একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় এক রিকশাচালক ও এক নারী তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন বলে অভিযোগ উঠেছে।

    পরে তাকে বাড়ির সামনে না নামিয়ে রিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার সময় শিশুটির চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে রিকশাসহ ওই দুইজনকে আটক করেন।

    শিশুটির বাবা প্রবাসী শাহনেওয়াজ মামুন বলেন, আমার মেয়েকে বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন বের হয়ে আসেন। পরে সবার সহযোগিতায় তাদের আটক করা হয়।

    স্থানীয় বাসিন্দা ও পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, ছেলেধরার ঘটনায় আমরা অভিভাবকরা উদ্বিগ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আইনের হাতে সোপর্দ করেছি।

    পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছেলেধরা অভিযোগে দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • রাজবাড়ীতে নারী উদ্যোক্তা লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ

    রাজবাড়ীতে নারী উদ্যোক্তা লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ

    রাজবাড়ীতে বাজারে প্রকাশ্যে নারীর ওপর অশ্লীল ভাষা প্রয়োগ এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

    বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।

    জেলা সহ-সভাপতি শাহিনা সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সংঠনটির সদস্য ও সাবেক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মহিলা পরিষদের সদস্য আইনজীবী নাজমা খাতুন, সদস্য কৃষ্ণা চক্রবর্তী।

    এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে এভাবে নারীকে নির্যাতন মানে একজন মায়ের চরম অপমান। আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না।

    বক্তারা নারীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

  • কুরআন শিক্ষায় আলোকিত হচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থী

    কুরআন শিক্ষায় আলোকিত হচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থী

    বিডি গ্লোবাল ডেস্ক,

    আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান-২০২৬’। অনুষ্ঠানে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আমিনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশেদুজ্জামান রতন ও ড. মাহবুবুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, আজিজুর রহমান মশিউর, রেজওয়ান আহমেদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিকাশও জরুরি। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআন ও সুন্নাহর শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের জ্ঞানী, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

    বক্তারা আরও বলেন, প্রতিটি শিশু যেন পদ্ম বা গোলাপের মতো পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৌন্দর্য ও কল্যাণ ছড়িয়ে দিতে পারে, এটাই প্রতিষ্ঠানের প্রত্যাশা। কুরআন শুধু পড়তে শেখানো নয়, এর শিক্ষা ও আদর্শকে বুঝে জীবনে প্রতিফলিত করার মানসিকতা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

    অভিভাবকদের সন্তুষ্টি

    অনুষ্ঠানে অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, সন্তানদের একই সঙ্গে আধুনিক শিক্ষা ও কুরআনের শিক্ষায় শিক্ষিত করার সুযোগ তৈরি হওয়ায় তারা সন্তুষ্ট।

    অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কুরআনের শিক্ষায়ও আলোকিত হোক। ইন্টারন্যাশনাল পিস স্কুলে পড়াশোনার সঙ্গে কুরআন শিক্ষার যে সমন্বয় করা হয়েছে, তা আমাদের অভিভাবকদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’

    অভিভাবিকা মোছা. নাজমা আক্তার বলেন, ‘অনেক সময় ব্যস্ততার কারণে বাসায় সন্তানকে নিয়মিত কুরআন শেখানোর সুযোগ হয়ে ওঠে না। স্কুলে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছেন। সন্তানদের মধ্যে কুরআন পড়ার আগ্রহ ও ভালো অভ্যাস তৈরি হচ্ছে, এটি আমাদের জন্য আনন্দের।’

    অভিভাবক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখানে শুধু ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হয় না; তাদের চরিত্র, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতিও গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের নামাজ ও ভালো কাজের প্রতি আগ্রহ বাড়তে দেখে আমরা আশ্বস্ত।’

    প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন করে গড়ে তোলাই ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অন্যতম লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আদর্শ ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

    অনুষ্ঠান শেষে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি জীবনে সফলতা এবং প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

    ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী

    দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্যসেবা খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তা দুই-এক মাসের মধ্যে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে মৃত কনিকা মণ্ডলের স্বামী অশান্ত মণ্ডলের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের পর একজন প্রসূতির পেটের ভেতরে সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের প্রায় ৫১ দিন পর তার মৃত্যু হয়। এমন ঘটনায় সরকার ব্যথিত। বিষয়টি জানার পর আমি ঢাকা থেকে রাজবাড়ীতে ছুটে এসেছি। রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, রাজবাড়ীর পুলিশ সুপার মো. সামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান প্রমুখ।

  • আ.লীগ মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে: শিবির সভাপতি

    আ.লীগ মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে: শিবির সভাপতি

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শেখ হাসিনার সরকার মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। তিনি বলেন, বড় প্রকল্পে বড় ধরনের দুর্নীতি করার সুযোগ তৈরি হয়।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর শায়েস্তা খাঁ সড়কের শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির।

    নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে। মেগা টাকা লুটপাট করেছে। কারণ মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করা যায়।

    তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তার দাবি, এই অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২টি সেতু নির্মাণ করা সম্ভব ছিল। ২০২৪ সালের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলারের অবৈধ অর্থপ্রবাহের হিসাব তুলে ধরা হয়েছিল।

    শিবির সভাপতি আরও বলেন, দেশের এমপি-মন্ত্রীদের সন্তানরা দেশে পড়াশোনা করেন না এবং তারা নিজেরাও চিকিৎসার জন্য বিদেশে যান। দেশের এমপি-মন্ত্রীদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার দিনকে তিনি দেশের উন্নতির সূচক হিসেবে উল্লেখ করেন।

    মেধার সংকট নয়, দেশে সততা ও দেশপ্রেমের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে মেধার কোনো সমস্যা নেই, সংকটও নেই। সংকট হচ্ছে সততা ও দেশপ্রেমের।

    অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • আয়ার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রধান শিক্ষক আটক

    আয়ার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রধান শিক্ষক আটক

    আয়ার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

    গত শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে বিদ্যালয় ভবনের ভেতর থেকে তাদের আটক করা হয়। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঙ্গে একই বিদ্যালয়ে খণ্ডকালীন কর্মরত আয়ার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। সকালে প্রধান শিক্ষক ও ওই আয়া একসঙ্গে বিদ্যালয়ে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে তারা তাদের অনুসরণ করেন। পরে বিদ্যালয় ভবনের ভেতরে দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন। এরপর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বজলু বলেন, প্রধান শিক্ষক ও ওই আয়ার চালচলন দীর্ঘদিন ধরেই আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। সকালে তাদের একসঙ্গে স্কুলে ঢুকতে দেখে আমরা কয়েকজন পিছু নিই। পরে ভবনের ভেতরে তাদের একসঙ্গে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দিই।

    আরেক স্থানীয় বাসিন্দা মোতালেব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষকের মতো দায়িত্বশীল একজন ব্যক্তি যদি এমন নৈতিক অবক্ষয়ের পরিচয় দেন, তাহলে শিক্ষার্থীরা তার কাছ থেকে কী শিখবে? আমরা এই শিক্ষকের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা

    শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা

    টাঙ্গাইলের সখীপুরে সাড়ে ৩ বছরের শিশুপুত্র আশরাফুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল (৮) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার পর শিশুটির মাকে পুলিশ হেফাজতে নিয়েছে।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিদরাতুল আকলিমা বেগমের আগের স্বামীর ঘরের মেয়ে। তাকে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে সন্তান না থাকায় পরবর্তীতে প্রথম স্ত্রীর উদ্যোগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের ঘরে আশরাফুলের জন্ম হয়।

    আকলিমা বেগম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করায় বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। ফলে আশরাফুলকে শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তার লালন-পালন করতেন। শিশুটি নাসিমাকে ‘বড়মা’ বলে ডাকত। স্থানীয় কয়েকজনের ভাষ্য, সে নিজের মাকেও ‘আন্টি’ বলে ডাকত।

    স্থানীয় কয়েকজন ধারণা করছেন, শিশুটি নিজের মাকে ‘আন্টি’ বলে ডাকায় আকলিমার মধ্যে ক্ষোভ বা অভিমান তৈরি হয়ে থাকতে পারে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকলিমা ও শাহীন মিয়ার মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। ফলে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্তের পর ঘটনার কারণ স্পষ্ট হতে পারে।

    শাহীন মিয়া বলেন, প্রায় ৩০ বছর পর তিনি একটি পুত্রসন্তান পেয়েছিলেন। সেই সন্তানকে তার দ্বিতীয় স্ত্রী এভাবে হত্যা করেছেন। শুধু তার সন্তান নয়, আকলিমার আগের স্বামীর ঘরের মেয়ে সিদরাতুলকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

    ঘটনার পর আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে।

    সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটির মাকে নিরাপত্তার স্বার্থে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাড়ে ৩ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

  • নোয়াখালীতে এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

    নোয়াখালীতে এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন।

    সিভিল সার্জন বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানসী রানি সরকারকে প্রধান করা করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হাতিয়া থানার ওসি। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

    জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, প্রাথমিক ধারণা অনুযায়ী শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার পেছনে ম্যাস হিস্টিরিয়া কাজ করতে পারে। তবে এটিই চূড়ান্ত কারণ নয়। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত কমিটি কাজ করবে।

    এর আগে ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। গত ১৪ সেপ্টেম্বর আরো ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ বুধবার ১৩ জন অসুস্থ হলে অসুস্থের সংখ্যা দাঁড়ায় ৫০ জনে।

  • ভারত যাওয়ার চেষ্টায় মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    ভারত যাওয়ার চেষ্টায় মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

    ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভ্রমণসংক্রান্ত আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এম এ খালেক মেডিক্যাল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করেন। দর্শনা সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এম এ খালেককে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

    দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • টঙ্গীতে ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি গ্রেফতার

    টঙ্গীতে ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি গ্রেফতার

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা গাজীপুরের টঙ্গীর ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমিকে (২২) চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

    গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত রাতুল সিকদার অমি টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি নগরীর ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। তার সহযোগী রাজু শেখ (২৫) একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।

    পুলিশ জানায়, কয়েকমাস আগে সড়কের কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটূক্তি করেন এই ছাত্রদল নেতা। চাঁদা দাবির ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়েরকৃত মামলায় তাকে সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

    জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও চাঁদা দাবির ঘটনা প্রকাশিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে বহিষ্কার করে ছাত্রদল।

    এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক দায়েরকৃত চাঁদাবাজি মামলায় তাকে তার সহযোগীসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

  • দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

    দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা (২৬) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার হোসনা ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী।

    জানা গেছে, দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের দিকনির্দেশনায় এসআই সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্সসহ বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় হোসনার রুমে অভিযান চালায়। এ সময় ইয়াবার চালানসহ তাকে গ্রেফতার করা হয়। আটক ইয়াবার বাজারমূল্য প্রায় এক লাখ ৮৯ হাজার টাকা।

    দোয়ারাবাজার থানার ওসি জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।