সারাদেশ

  • মরুর ফল সাম্মাম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন কামরুজ্জামানের

    মরুর ফল সাম্মাম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন কামরুজ্জামানের

    একসময় যে জমি পড়ে থাকত, সেই জমিতেই এখন ঝুলছে সারি সারি বিদেশি ফল। সবুজ-হলুদ রঙের ফলগুলো দেখতে অনেকটা তরমুজের মতো। তবে নাম সাম্মাম পরিচিত ‘রক মেলন’ নামেও। গাজীপুরের কাপাসিয়ায় বর্গা নেওয়া জমিতে এ ফলের চাষ করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষি উদ্যোক্তা মো. কামরুজ্জামান খান।

    উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান তরগাঁও ইউনিয়নের উত্তর খামার এলাকায় জমি নিয়ে আধুনিক পদ্ধতিতে সাম্মাম চাষ করেছেন। মালচিং ফিল্ম ব্যবহার করে গাছের পরিচর্যা করছেন তিনি। এরই মধ্যে বাগান থেকে প্রথম দফায় প্রায় ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। তার প্রত্যাশা, সব ফল বিক্রি হলে মোট বিক্রি ৬-৭ লাখ টাকা ছাড়াতে পারে।

    তবে এ প্রত্যাশার বিপরীতে এখন পর্যন্ত তার বিনিয়োগও কম নয়। কৃষকের হিসাবে, জমি, চারা, শ্রমিক, সার, সেচ, মালচিং ও পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে।

    সম্প্রতি তরগাঁওয়ের উত্তর খামার এলাকায় কামরুজ্জামানের বাগানে গিয়ে দেখা যায়, জমির ওপর মালচিং ফিল্ম বিছানো। তার ওপর নির্দিষ্ট দূরত্বে লাগানো হয়েছে সাম্মামের চারা। লতাগুলো মাচায় উঠছে। কোনো গাছে ছোট ফল, আবার কোনো গাছে পরিপক্ব হওয়ার পথে বড় আকারের ফল ঝুলছে।

    বাগানে শ্রমিকদের ব্যস্ততাও চোখে পড়ার মতো। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ গাছে পানি দিচ্ছেন, আবার কেউ ফল ও লতার পরিচর্যা করছেন।

    কৃষক কামরুজ্জামান খান বলেন, ‘এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। প্রথম দফায় ৫০ হাজার টাকার মতো সাম্মাম বিক্রি করেছি। ফল পুরোপুরি বিক্রি হলে ছয় থেকে সাত লাখ টাকা বিক্রির আশা করছি।’

    তিনি জানান, বাগানের উৎপাদিত ফল স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকার আড়তে পাঠানো হচ্ছে। বর্তমানে পাইকারের কাছে প্রতি কেজি প্রায় ৮০-১০০ টাকা দরে সাম্মাম বিক্রি করছেন।

    কামরুজ্জামান খান কাপাসিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। চাকরি বা প্রচলিত পেশার বাইরে কৃষিকে আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন তিনি। তার দাবি, এ উদ্যোগের মাধ্যমে নিজের পরিবারের পাঁচ সদস্যের সংসার চালানোর পাশাপাশি কয়েকজন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।কামরুজ্জামান বলেন, ‘কৃষি অফিসের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ করছি। এখন পর্যন্ত লোকসান হয় নি। সামনে আরও বড় পরিসরে বিদেশি ফলের বাগান করার পরিকল্পনা রয়েছে।’

    তার ভাষ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে বিদেশি ফলের আবাদ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহম্মেদ বলেন, ‘রক মেলন বা সাম্মাম চাষে সাধারণত ৭৫-৯০ দিন সময় লাগে। সঠিক পরিচর্যা ও বাজারদর পাওয়া গেলে প্রতি বিঘায় ২-৩ লাখ টাকা পর্যন্ত বিক্রির সম্ভাবনা রয়েছে। উৎপাদন খরচ হতে পারে প্রায় ৩০ হাজার টাকা, তবে বাস্তবে জমির ধরণ, শ্রম, উপকরণ ও ব্যবস্থাপনার ওপর খরচ কমবেশি হতে পারে।’

    তিনি বলেন, ‘সাম্মামে বেটা-ক্যারোটিন, ভিটামিন সি, পটাশিয়াম, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। তবে এ ফসলের ক্ষেত্রে নিয়মিত পরিচর্যা, পানি ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণ জরুরি।’

    কৃষি কর্মকর্তা জানান, কাপাসিয়ার তরগাঁও, টোক, বারিষাব ও সনমানিয়া এলাকার পুরাতন ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর অববাহিকার দোআশ মাটি সাম্মাম চাষের জন্য উপযোগী হতে পারে।

    সাম্মাম চাষে ফলন পাওয়ার পাশাপাশি কৃষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বাজার। বর্তমানে কামরুজ্জামান তার উৎপাদিত ফল ঢাকার আড়তে পাঠাচ্ছেন। সেখানে প্রতি কেজি ৮০-১০০ টাকা পাওয়া গেলেও মৌসুমের শেষ পর্যন্ত একই দাম থাকবে কি না, তা নিশ্চিত নয়।

    কৃষি সংশ্লিষ্টদের মতে, নতুন কোনো ফলের বাণিজ্যিক চাষে উৎপাদন সফল হওয়ার পর বাজারজাত করণই বড় চ্যালেঞ্জ। ফল দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকায় সংগ্রহের পর দ্রুত পরিবহন ও বিক্রির ব্যবস্থা করতে হয়। একই সময়ে বাজারে সরবরাহ বেড়ে গেলে দাম কমার সম্ভাবনাও থাকে।

    ফলে কামরুজ্জামানের বাগানে উৎপাদিত সাম্মামের প্রকৃত আর্থিক সাফল্য নির্ভর করবে শেষ পর্যন্ত কত কেজি ফল উৎপাদন হলো, কত দামে বিক্রি হলো এবং মোট ব্যয়ের পর হাতে কত টাকা থাকল তার ওপর।

    নতুন এ ফলের বাগান দেখতে আশপাশের কৃষকেরাও আসছেন। কেউ জানতে চাইছেন চারা কোথা থেকে পাওয়া যায়, কেউ জানতে চাইছেন এক বিঘায় কত খরচ হয়। আবার অনেকে জানতে চাইছেন, কত দিনে ফল আসে এবং বাজারে কী দামে বিক্রি করা যায়।

    কামরুজ্জামানের উদ্যোগ তাই শুধু একটি বাগানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। স্থানীয় কৃষকদের মধ্যেও প্রচলিত ফসলের বাইরে নতুন ও উচ্চমূল্যের ফল চাষের বিষয়ে আগ্রহ তৈরি হচ্ছে।

    কৃষি বিভাগের পরামর্শ, বাজার বিশ্লেষণ এবং উৎপাদন খরচের হিসাব করে সাম্মাম চাষ সম্প্রসারণ করা গেলে কাপাসিয়ায় এ ফলের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এক মৌসুমের ফলন ও বিক্রির হিসাব দিয়ে দীর্ঘমেয়াদি সাফল্য নির্ধারণের সুযোগ নেই।

    বাগানে এখনো পরিপক্ব হওয়ার অপেক্ষায় রয়েছে অনেক ফল। সেগুলো বাজারে যাওয়ার পরই পরিষ্কার হবে। কাপাসিয়ার মাটিতে নতুন এ বিদেশি ফল কৃষকের জন্য শুধু নতুনত্ব, নাকি সত্যিই নতুন আয়ের পথ।

  • ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

    ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

    রাজধানীর মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে চলছে শিশুদের টিকাদান। সেন্টারের মূল ফটকের বাইরে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার পেতে শিশুদের টিকাদান কর্মসূচি চালু রেখেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সেন্টারের সামনে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া শুরু হয়।

    আজ দুপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সামনে গিয়ে টিকাদান কর্মসূচি চলতে দেখা যায়। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে। তবে এতে শিশু ও তাদের মায়েদের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরও।
    দেড় বছর বয়সী মেয়ে হালিমাকে টিকা দিতে নিয়ে আসা এক মা বলেন, ‘মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি। বাসার কাছে হওয়ায় আগেও এখান থেকে টিকা দিয়েছি। ’

    ইসরাত নামের আরেক নারী বলেন, ‘আমার মেয়ের আগামী মাসে টিকা দেওয়ার তারিখ আছে। আগের টিকাটিও রাড্ডা থেকে দিয়েছি। তাই জানতে এসেছিলাম, আগামী মাসে এখান থেকে টিকা দেওয়া হবে কি না। তাঁরা জানিয়েছেন, টিকা দেওয়া হবে। ’

    তিন মাস বয়সী মেয়েকে নিয়ে টিকা দিতে আসা আরেক মা আয়েশা বেগম বলেন, ‘আগেরবার ঘরের ভেতরেই টিকা দেওয়া হয়েছে। এবার বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাইরে দাঁড়িয়ে থাকায় বাচ্চার কষ্ট হচ্ছে। গরম লাগছে, কান্নাকাটি করছে। ’

    রাড্ডা সেন্টারের কর্মকর্তারা জানান, সরকারের ঘোষণা অনুযায়ী হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। আজ সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা সাড়ে ১টা পর্যন্ত প্রায় ১২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী আমরা হামের টিকাদান কর্মসূচি চালু করেছি। সেন্টারের আশপাশের শিশুদের টিকা নিতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য ভঙ্গুর পরিস্থিতির মধ্যেও আমাদের সেবা চালু রাখার চেষ্টা করছি। ’

    নাসরিন আখতার আরও বলেন, ‘আমাদের এখানে অনেক শিশু আসবে। সে জন্য ফাঁকা জায়গাতেই আমরা অস্থায়ীভাবে ব্যবস্থা করেছি। টিকাদান কার্যক্রম চলছে। তবে অন্যান্য স্বাস্থ্যসেবা আপাতত আগের মতো দেওয়া সম্ভব হচ্ছে না। ’

  • খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী রিফাত গ্রেফতার

    খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী রিফাত গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    খুলনায় সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য হিসেবে তালিকাভুক্ত চিংড়ি পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তার স্ত্রী টিকলি মাক্কি রানীকে (৩০) আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে রিফাত তালুকদার (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার দেখানো হয়েছে।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বলেন, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কারাগারে বন্দি নগরীর শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের গোবরচাকার বাড়িতে যশোর থেকে আসা ২০-২২ বছর বয়সী কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে এবং বাড়ি থেকে রিফাত তালুকদার নামের এক যুবককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতার রিফাত তালুকদার যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো: ইদ্রিস তালুকদার ও নাসিমা বেগমের ছেলে। রিফাত তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

    এর আগে দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেছিলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তার স্ত্রী টিকলি মাক্কি রানীকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা বলেছিলেন, জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বামী পলাশ গ্রেফতার হওয়ার পর দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় চলে যান। এরপর সেখানে একটি গার্মেন্টসে চাকরি নেন। স্বামীর সংসারে আর তিনি ফিরতে চাননি। পরে তার ভাশুর স্বামীর জামিনের মিথ্যা তথ্য দিয়ে তাকে খুলনায় নিয়ে আসেন। এর সাথে সে জড়িত নয়। পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

    পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে চিংড়ি পলাশকে গ্রেফতার করে র‍্যাব। এখন সে কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ,আর

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নান।

    বিক্ষোভ মিছিলটি শহরের বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্রশিবিরের শহর সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

    মুফতি আবদুল হান্নান বলেন, ‘তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অবিলম্বে জ্বালানি তেলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আজকে সারাদেশে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আইনশৃঙ্খলার সর্বোচ্চ অবনতি হয়েছে। আইনশৃঙ্খলার উন্নতি সাধনে সরকারকে অবিলম্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যদি ব্যর্থ হয় তাহলে দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী।’ এ,আর

  • পটিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

    পটিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীমাই খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানায়, আজ সকালে শ্রীমাই খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হক এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উত্তর ছনহরার খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

    তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ এ,আর

  • নড়াইলে নাশকতার মামলায় হবখালী ইউপি মেম্বার লিটু গ্রেফতার

    নড়াইলে নাশকতার মামলায় হবখালী ইউপি মেম্বার লিটু গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নাশকতার মামলায় নড়াইল সদরের হবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) ইব্রাহিম হোসেন লিটুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে কাগজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, হবখালী ইউপি মেম্বার ইব্রাহিম হোসেন লিটুকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। এ,আর

  • সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

    সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ – এ স্লোগান ধারণ করে সাতক্ষীরায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “জিপিএ-৫ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।”

    প্রধান আলোচক সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের কেবল একাডেমিক ফলাফলে সফল হলেই চলবে না, তাদের একজন আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে মেধা ও নৈতিকতার অপূর্ব সমন্বয় ঘটিয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে সেরা হওয়ার পাশাপাশি আদর্শিক চেতনায় বলীয়ান হতে হবে।”

    অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট, ফুল, বই, কলম ও প্যাডসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য একটি ‘পরামর্শ বোর্ড’ও রাখা হয়। অনুষ্ঠানে ছবি তোলার জন্য ফটোফ্রেমের ব্যবস্থা করা হয়।

    শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ কামাল উদ্দিন। এ ছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকেও একজন বক্তব্য দেন।

    আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে ‘কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরার শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, ভর্তি কার্যক্রম সম্পাদক আবু সালেহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্না, সহকারী সমাজসেবা সম্পাদক বিল্লাল হোসেন, সহকারী এইচআরডি সম্পাদক রাসেল হুসাইন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম, সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহীম খলিলুল্লাহ ও আগরদাঁড়ী মাদরাসা থানা সভাপতি মো. মুহিব্বুল্লাহ। এ,আর

  • দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

    দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

    পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

    মৃত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

    স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য বের হন। এরপর তার আর বাড়িতে ফেরা হয়নি।

    শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষি জমিতে স্থানীয় কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে গেলে হাছিনা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

    দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

    নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে ৪০৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

    জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে ও জেলা শাখার সেক্রেটারি রোমান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা: জায়েদ আহমাদ।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক তানভীর সিকদার, প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, এইচআরডি সম্পাদক নাইমুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি ওয়াকিবুজ্জামান অভিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ,আর

  • মাধবদীতে অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

    মাধবদীতে অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গাজীপুর থেকে যাত্রীবাহি একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের পিছনে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের লাশ উদ্ধার ও অটোরিকশার চালককে হেফাজতে নেয়।

    থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ,আর

  • বিদ্যুতায়িত ছিল বৈদ্যুতিক খুঁটি, হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বিদ্যুতায়িত ছিল বৈদ্যুতিক খুঁটি, হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিশুশিক্ষার্থী সাব্বির হোসেন হাড়িয়াঘোপ গ্রামের আজহারুল ইসলামের ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

    এলাকাবাসী ও থানা সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাব্বির তার গ্রামে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়ে দাঁড়াতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের বৃষ্টির কারণে হয়ত কোনোভাবে বৈদ্যুতিক খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে ছিল। শিশুটি ওই বৈদ্যুতিক খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

    কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ,আর

  • রায়পুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    রায়পুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী উন্নয়ন ফোরামের উদ্যোগে চরবংশী এলকেএইচ উপকূল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মাস্টার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. রেজাউল করিম।

    তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হতে হবে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।’

    নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

    প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফজলুল করিম, ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা হোসাইন, এলকেএইচ উপকূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মিজানুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সামছুদ্দিন সামদানী ও সহকারী সেক্রেটারি গাজী এম এ সিদ্দিক।

    পরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ,আর

  • আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

    আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চট্টগ্রামের আনোয়ারায় স্বাস্থ্য শিবিরে উপকূলীয় এলাকার ৫০০ হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা দেয়া হয়েছে। পাশাপাশি যাকাত ফান্ড থেকে ৯০ জন হতদরিদ্র রোগীকে জনপ্রতি ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার গহিরা মোহাম্মাদীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে নীডি ফাউন্ডেশন ও ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ শাখার যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।

    চিকিৎসা শিবিরে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, চক্ষু ও দন্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসাসেবা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ শাখার সহকারী সুপারিন্টেন্ডেন্ট আবদুল আজিজ রিয়াদ, হিসাব কর্মকর্তা ইকরামুল হক, মার্কেটিং কর্মকর্তা সাম মোহাম্মদ, প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দীন, মো: রাকিব হোসেন, নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আলম খান, উপদেষ্টা কামাল হোসাইন, মহাসচিব আজম কুতুবী, প্রকল্প পরিচালক হাফেজ মো: ইসহাক, যাকাত দাতা ইরফানুল করিম ইমন, মোস্তফা কামাল, ইকবাল হোসেন সিফু, মো: নাছির, অ্যাডভোকেট আবু জাফর মো: সাদেক চৌধুরী ও মনির মেম্বার। এ,আর

  • ডেঙ্গুর হটস্পট সীতাকুণ্ড, ১৬ দিনে দুই শিশুসহ মৃত্যু ৫

    ডেঙ্গুর হটস্পট সীতাকুণ্ড, ১৬ দিনে দুই শিশুসহ মৃত্যু ৫

    চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ১৬ দিনে উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০৮ জন। সর্বশেষ গত বৃহস্পতিবার চার বছরের শিশু লামিয়া আক্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পট বিবেচনায় নিয়ে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসে সমন্বিত মাঠপর্যায়ের অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।

    লামিয়া সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় আউলিয়া এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত ইমাম হোসেন। পরিবারের সদস্যরা জানান, চার দিন জ্বরে ভোগার পর স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে লামিয়ার ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে ফৌজদারহাটের বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

    সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স বলেন, লামিয়া চার দিন জ্বরে ভোগার পর হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে তাকে চমেকে রেফার করা হলেও পরিবারের সদস্যরা নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

    ডা. শিব্বীর আহমেদ প্রিন্স বলেন, ‘সীতাকুণ্ড এখন ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৫০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই শিশুসহ পাঁচজন।’ জ্বরকে সাধারণ অসুস্থতা মনে করে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে মোট ১০টি শয্যা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইনের ঘাটতি নেই। জটিল রোগীদের প্রয়োজন অনুযায়ী চট্টগ্রাম নগরের উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানো হচ্ছে।

    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, রোগীর চিকিৎসার পাশাপাশি সংক্রমণের উৎস নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। সীতাকুণ্ডের শিল্পাঞ্চল, জাহাজভাঙা ইয়ার্ড, অভ্যন্তরীণ কনটেইনার ডিপোসহ বিভিন্ন এলাকায় জমে থাকা পানি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হতে পারে। পরিত্যক্ত যন্ত্রপাতি, পুরোনো টায়ার, ক্যান, ড্রাম ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানিও এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নজরদারি না থাকলে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি থেকে যেতে পারে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মাঠপর্যায়ে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক সীতাকুণ্ড পৌর কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংসে প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতে, এককালীন অভিযান চালানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিয়মিত নজরদারি, জমে থাকা পানি অপসারণ এবং প্রজননস্থল ধ্বংসের ব্যবস্থা চালু রাখা প্রয়োজন। পাঁচজনের মৃত্যুর পর সীতাকুণ্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে এসব কার্যক্রম কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • লৌহজংয়ে লুণ্ঠিত ৯৫টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৩

    লৌহজংয়ে লুণ্ঠিত ৯৫টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৩

    বিডি গ্লোবাল ডেস্ক,

    মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি অটো গ্যারেজ থেকে লুট হওয়া ৯৫টি পুরোনো ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিছুর রহমান। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ব্যাটারি উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন পটুয়াখালীর বাউফলের ওলিপুরা গ্রামের মো: মাসুদ (৩৩), মুন্সীগঞ্জের সিরাজদিখানের দিপুপুরা গ্রামের আছলাম শেখ (৩৮) ও টঙ্গিবাড়ীর পূর্ব আউটশাহী গ্রামের সজিব ফকির (২৯)।

    প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, গত শনিবার রাতে উপজেলার মেদিনীমণ্ডলের মাওয়া পুরাতন ঘাট এলাকায় সুরেশ্বর ফারুক নামে একটি অটো গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ডাকাতদল গ্যারেজের তালা কেটে ভেতরে ঢুকে পাহারাদার মাসুমের হাত-পা বেঁধে মারধর করে হত্যার হুমকি দেয়। এরপর গ্যারেজে থাকা ২২টি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ৯৫টি পুরাতন ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে একটি পিকআপভ্যানে লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

    লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার পদ্মা সেতু (উত্তর) থানায় মামলা করা হয়।

    প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্যমতে লুট হওয়া ৯৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।

    পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে মাসুদ জানান তিনি সিরাজদিখানের মালখানগর চৌরাস্তার আছলাম সাইকেল স্টোরের মালিক আছলাম শেখের কাছ থেকে ছয় লাখ ৭৪ হাজার টাকায় ব্যাটারিগুলো কিনেছেন। পরে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে আছলামকে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আছলাম পুলিশকে জানান, টঙ্গিবাড়ীর সজিব ফকির ও তার এক বন্ধু ব্যাটারিগুলো বিক্রির জন্য তার কাছে নিয়ে আসেন। তাদের উপস্থিতিতে আছলাম সাইকেল স্টোরের ক্যাশ মেমো ব্যবহার করে ব্যাটারিগুলো মাসুদের কাছে বিক্রি করা হয়।

    এরপর রাত ১০টা ৫ মিনিটের দিকে টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিবকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

    ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মো: আক্তার হোসেন। এ,আর

  • ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই

    ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে পানির তোড়ে ভেসে গেছে উজির মন্ডল নামে এক কৃষক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নৌকা করে পদ্মা নদী পাড়ি দেয়ার সময় প্রচন্ড ঢেউয়ে তিনি নৌকা থেকে পড়ে যান। চোখের পলকে তাকে হারিয়ে ফেলে নৌকায় থাকা অন্য সঙ্গীরা।

    নিখোঁজ কৃষক উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মরহুম খেদের আলীর ছেলে।

    নিখোঁজ উজির মন্ডলের ছোট ভাই নাজির মন্ডলও ওই নৌকায় ছিলেন। তিনি বলেন, পদ্মা নদীর চরে আমাদের জমি রয়েছে। প্রতিদিনই আমরা এক সাথে ছয়-সাতজন একটা নৌকা নিয়ে চরে আসি এবং নিত্যদিনের কাজ করি। আজকেও আমার বড় ভাই উজিরসহ চাচাদের সাথে নিয়ে চরে গিয়েছিলাম।

    তিনি আরো বলেন, জুমার নামাজ আদায়ের জন্য সাড়ে ১২টার দিকে আমরা নৌকা নিয়ে ফিরছিলাম। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচন্ড ঢেউ ছিল। নৌকা দুলে দুলে চলছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেল। তাকে ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই। অনেক খোঁজাখুঁজি করেও ভাইকে পাইনি।

    স্থানীয়রা জানান, উজির মন্ডলকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও অনেকগুলো নৌকা পদ্মায় নামানো হয়েছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার অভিযান ধীর গতিতে চলছে। এ,আর

  • সিংড়ায় ঈদগাহ মাঠের জায়গা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৮

    সিংড়ায় ঈদগাহ মাঠের জায়গা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৮

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জায়গা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া বাজরে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন পাছলাড়ুয়া গ্রামের মাহফুজ (৪৪), কাউছার (২৬), মোস্তফা (৪৪), আয়নাল হক (৫০), স্বাধীন (১৭), ইয়াছিন আলী (২১), আব্দুর রাজ্জাক (৪০), সবুজ আলী (২২), মোজাহার (৫০), আশরাফুল (৬০), আবুল কাশেম (৬১) ও ইসলাম (৪৫) এবং নতুনবস্তি গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা (৫৫), শাহীন (৫০), মনিরুল (২৫), রবিউল (৩৫) ও নাসির (৪৫), বেলাল হোসেন (৪৫)।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার পাছলাড়ুয়া ঈদগাহ মাঠের জায়গা নিয়ে পাছলাড়ুয়া ও পাশবর্তী নতুনবস্তি গ্রামবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ মীমাংসায় একাধিক বার উদ্যোগ নেন স্থানীয় নেতারা। পরে ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণ করতে গেলে নতুন করে দুই গ্রামের বিরোধ সৃষ্টি হয়।

    এরই জেরে সকালে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তফার নেতৃত্বে পাছলাড়ুয়া বাজারে হামলা চালায় নতুনবস্তি গ্রামের প্রায় শতাধিক লোকজন। এ সময় ওই বাজারে অন্তত ছয়টি দোকান ভাংচুর করা হয় বলে জানা গেছে।

    সংঘর্ষে পাছলাড়ুয়া গ্রামের ১২ জন ও নতুনবস্তি গ্রামের ছয়জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এ বিষয়ে এই হামলায় নেতৃত্বদানকারী ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তফার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ভাই রেজাউল ইসলাম ফোন রিসিভ করে বলেন, ‘নতুনবস্তি কবরস্থানটি পাছলাড়ুয়া ঈদগাহ মাঠের সাথে লাগানো। কিন্তু ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণে কবরস্থানের মধ্যে ঢুকে যাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

    পাছলাড়ুয়া ঈদগাহ মাঠের সভাপতি সাইফুল ইসলাম জানান, আরএস ১৬৮২ নম্বর দাগে তাদের ঈদগাহ মাঠের ৩৮ শতক রেকর্ডভুক্ত সম্পত্তি। সেই জায়গায় ঈদগাহ মাঠের কাজ করতে গেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তফার নেতৃত্বে হেলমেট পড়ে শতাধিক লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

    সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঈদগাহ মাঠের জায়গা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ এ,আর

  • ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে অপর বাসের ধাক্কা, নিহত ৩

    ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে অপর বাসের ধাক্কা, নিহত ৩

    বিডি গ্লোবাল ডেস্ক,

    মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অপর বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয় বাসটি। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস পালকী পরিবহনের ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।

    খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখে। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই ঘটে এ দুর্ঘটনা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

    মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেয়া হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ,আর

  • শিশুসন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ; আত্মহত্যার চেষ্টা

    শিশুসন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ; আত্মহত্যার চেষ্টা

    গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে সোহরাব হোসেন নামের এক পানদোকানির বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে ওই নারী জানান।

    এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিচার না পেয়ে সন্তানদের নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান ভুক্তভোগী নারী। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় পানের আড়তে নিয়ে যান।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন ওই নারী। এ ঘটনায় তিনি বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।

    ভুক্তভোগী নারী শ্রীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। স্বামী ছেড়ে চলে যাওয়ায় দুই সন্তানকে নিয়ে শ্রীপুরের একটি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। জীবিকা নির্বাহে আশপাশের এলাকায় ভিক্ষা করতেন।

    অভিযুক্ত সোহরাবের বাড়ি নেত্রকোনায়। মাওনা চৌরাস্তা এলাকায় তিনি ছোট্ট একটি পানের দোকান চালান। ঘটনার পর তিনি পালিয়ে যাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী বলেন, কয়েক মাসের ভাড়া বাকি পড়ায় গত মঙ্গলবার রাতে বাড়ির মালিক তাঁকে ঘর থেকে বের করে দেন। এরপর তিনি দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নিচে বসে ছিলেন। একপর্যায়ে সোহরাব নামের ওই পানের দোকানদার এসে তাঁর কাছে সমস্যার কথা জানতে চান। পরে আশ্রয় ও টাকা দেওয়ার কথা বলে তিনি তাঁকে চৌরাস্তার পূর্ব পাশে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। তিনি বলেন, ‘সাড়ে তিন বছর বয়সী ছেলেডা আমার সব বোঝে। তারে আমার বুক থেইককা কাইড়া নিয়া আমার সঙ্গে খারাপ কাজ করছে। আমি কানছি; কিন্তু আমারে ছাড়ে নাই।’

    ভুক্তভোগী নারী আরও বলেন, ঘটনার পর তিনি স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে বিচার চান। কিন্তু তাঁরা বিচার না করে হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে বিদায় হতে বলেন। শেষে মাওনা চৌরাস্তায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু লোকজন দেখে ফেলায় তাঁরা তাঁকে সেখান থেকে পানের আড়তে নিয়ে আসেন।

    গতকাল দুপুরে পানের আড়তে গিয়ে দেখা যায়, এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ওই নারী। ঘটনাস্থলে শ্রীপুর থানা-পুলিশের তিন সদস্যকেও দেখা গেল। এ সময় ওই নারী বারবার নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা বলে বিচার চাচ্ছিলেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। সঙ্গে ওই নারীকেও নিয়ে যাওয়া হয়।

    মো. শফিকুল নামের এক কাঁচামাল ব্যবসায়ী বলেন, পানের আড়তের পাশে সোহরাব নামের এক ব্যক্তির একটি পানের দোকান চালাতেন। বর্তমানে তাঁর দোকান বন্ধ আছে।

    আটক দুজনের বিষয়ে ওসি বলেন, স্থানীয় লোকজন ওই দুজনকে ধরে পুলিশে দিয়েছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

  • ক্যাম্পাসে ঢুকতে পারেননি চুয়েটের নতুন ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে পারেননি চুয়েটের নতুন ভিসি

    শিক্ষা ডেস্ক:

    টানা তিনদিনের সর্বাত্মক শাটডাউনে নিয়োগের পরও ক্যাম্পাসে ঢুকতে পারেননি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ফলে বাধ্য হয়ে অনলাইনে যোগ দেন চুয়েটের সদ্য নিয়োগপ্রাপ্ত এ ভিসি। তবে তার যোগদানের দিনেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়নি। আগের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে চুয়েটের উপাচার্য পদে যোগ দেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। একই দিন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠান।

    অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘আমি আজ অনলাইনে যোগদান করেছি। আমার যোগদানপত্র প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষাসচিব যোগদানপত্র পেয়েছেন বলে আমাকে নিশ্চিত করেছেন। ’

    চুয়েটের সঙ্গে নিজের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, ‘আমি চুয়েটের ছাত্র ছিলাম। চুয়েটের প্রতি আমার আবেগ ও ভালোবাসা রয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর দলমতের ঊর্ধ্বে উঠে চুয়েটের সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও জানান তিনি।

    এদিকে নতুন উপাচার্যের যোগদানের দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড হাতে তারা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’ ও ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি থেকে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে পাঠানো খোলা চিঠি উপস্থাপন করেন তারা।নতুন উপাচার্যের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো অবস্থান নেই জানিয়ে শিক্ষার্থীরা খোলা চিঠিতে লিখেছেন, ‘সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত অবস্থান নেই। আমরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহাল চাই। ’

  • কুয়াকাটা সৈকতে সাদা ঝিনুকের গালিচা

    কুয়াকাটা সৈকতে সাদা ঝিনুকের গালিচা

    ভোরের আলো ফুটতেই জোয়ারের পানি সরে গেলে কুয়াকাটার বিভিন্ন অংশে চোখে পড়ে ঝিনুকের সমারোহ। বিশেষ করে তিন নদীর মোহনা, গঙ্গামতী, লেম্বুরচর, দোলনা পয়েন্টসহ সৈকতের বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য ঝিনুক ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কোথাও সারি সারি ঝিনুক, কোথাও আবার অগভীর পানির সঙ্গে মিশে থাকা সাদা খোলস– সব মিলিয়ে সৈকতজুড়ে তৈরি হয়েছে ভিন্ন এক সৌন্দর্য।

    সাগরের নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর দিগন্তজোড়া আকাশ– এমন অপার সৌন্দর্যের কারণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটক। এবার কুয়াকাটার চিরচেনা সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে সাদা ঝিনুক। দূর থেকে দেখলে মনে হয় সৈকতের সাদা গালিচা বিছানো।

    স্থানীয়দের ভাষ্য, জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহের সঙ্গে সমুদ্র থেকে বিভিন্ন ধরনের ঝিনুক ও শামুকের খোলস সৈকতের দিকে ভেসে আসে। জোয়ারের পানিতে এগুলোর তীরে পৌঁছানোর পর ভাটার সময় পানি সরে গেলে বালুচরে পড়ে থাকে। ফলে ভাটার সময় সৈকতে ঝিনুকের উপস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ে। পর্যটকদের কেউ কেউ এগুলো কুড়িয়ে নিয়ে যান।

    কুয়াকাটার দীর্ঘদিনের বাসিন্দা ও স্থানীয় জেলেদের মতে, প্রতিবছর কোনো না কোনো সময়ে সৈকতে ঝিনুকের খোলস দেখা যায়। তবে সব বছর একই পরিমাণে দেখা যায় না। সমুদ্রের ঢেউ, জোয়ার-ভাটার প্রবাহ, স্রোত ও উপকূলের প্রাকৃতিক পরিবর্তনের ওপর উপস্থিতি কম-বেশি হতে পারে।

    স্থানীয়দের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্ষা শেষে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত মৌসুমের শুরু পর্যন্ত কুয়াকাটার বিভিন্ন সৈকত এলাকায় ঝিনুক তুলনামূলক বেশি চোখে পড়তে পারে। তবে প্রতিবছর একই সময়ে বা একই পরিমাণে ঝিনুক পাওয়া যাবে– এমন নিশ্চয়তা নেই।

    বন বিভাগের লেম্বুরবন বিট কর্মকর্তা আমির হামজা বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শীত মৌসুম পর্যন্ত সৈকতে ঝিনুক তুলনামূলক বেশি দেখা যায়। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এসব ঝিনুক ও মোহনার জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সচেতন হওয়া জরুরি। ঝিনুক সৈকতে এসে একটানা কয়েক মাস একই জায়গায় পড়ে থাকে না। জোয়ার-ভাটার পরিবর্তনের সঙ্গে এগুলোর অবস্থান বদলে যায়। কোনো দিন একটি নির্দিষ্ট এলাকায় বেশি ঝিনুক দেখা গেলেও পরদিন ঢেউ বা স্রোতের কারণে সেগুলো অন্যত্র সরে যেতে পারে। সৈকতে ঝিনুক দেখে অনেক পর্যটকের সেগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার আগ্রহ তৈরি হয়। তাই স্থানীয় লোকজন ও পরিবেশবাদীদের আহ্বান– ঝিনুক দেখুন, ছবি তুলুন, সৌন্দর্য উপভোগ করুন; কিন্তু কুড়িয়ে নিয়ে যাবেন না।

    উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, কুয়াকাটার সৈকতে ঝিনুকের এই প্রাকৃতিক সমারোহ উপকূলীয় জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। জোয়ার-ভাটার স্বাভাবিক প্রক্রিয়ায় এসব ঝিনুক সৈকতে এসে জমা হয়। পর্যটকদের কাছে এটি যেমন নান্দনিক সৌন্দর্যের নতুন আকর্ষণ, তেমনি উপকূলের প্রাকৃতিক পরিবেশেরও একটি অংশ।

    ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, সৈকতে পড়ে থাকা খোলস সমুদ্রে বসবাসকারী ঝিনুক ও অন্যান্য মোলাস্কের অবশিষ্টাংশ। ঝিনুক মারা যাওয়ার পর তার খোলস সমুদ্রের তলদেশে পড়ে থাকে। পরে ঢেউ, জোয়ার-ভাটা ও সমুদ্রস্রোতের টানে এসব ধীরে ধীরে উপকূলের দিকে চলে আসে এবং ভাটার সময় পড়ে থাকে।

  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের নবীণ বরণ

    চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের নবীণ বরণ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ২০২৬-২৭( শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের হল রুমে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে এ নবীন বরণ করা হয়।

    এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসান । প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

    এ অনুষ্ঠান উদ্বোধন ঘোষনা করেন কলেজের অধ্যক্ষ (ভার প্রাপ্ত) আলমগীর সিদ্দিকী।

    এ সময় উপস্থিত ছিলেন কলেজের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা।

    সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর, মোঃ আক্তারুজ্জামান, আনিসুজ্জা মান, নাসির উদ্দীন, আতিকুর রহমান, আবুল কালাম আজাদ,তিতুমীর রহমান,আসাদুজ্জামান আসাদ,

    মোঃ ইয়াকুব আলী, রীনা নাজমাসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

    এ অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান টি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শাহানুর হোসেন। এ,আর

  • চরভদ্রাসনে স্কুল ফিডিংয়ের ডিমে তিতা স্বাদ, বিতরণ বন্ধ

    চরভদ্রাসনে স্কুল ফিডিংয়ের ডিমে তিতা স্বাদ, বিতরণ বন্ধ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    শিক্ষার্থীদের জন্য সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা সিদ্ধ ডিমে অস্বাভাবিক তিতা স্বাদ পাওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের চরভদ্রাসনে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে একটি বিদ্যালয়ে দুই শিক্ষার্থী ডিম খাওয়ার পর বমি করেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ডিম বিতরণ স্থগিত করা হয়।

    ঘটনাটি ঘটে উপজেলার ইউসুফ শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ফিডিংয়ের সিদ্ধ ডিম বিতরণ করা হচ্ছিল। কয়েকজন শিক্ষার্থী ডিম মুখে দেয়ার পর তীব্র তিতা স্বাদের কথা জানায়। এর কিছুক্ষণের মধ্যেই দুই শিক্ষার্থী বমি করে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।

    বিষয়টি বুঝতে পেরে শিক্ষকরা ডিমের স্বাদ পরীক্ষা করেন। তাদেরও অস্বাভাবিক তিতা স্বাদ মনে হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আর ডিম বিতরণ না করার সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার বলেন, ‘দুই শিক্ষার্থী বমি করার পর আমরা ডিমের স্বাদ পরীক্ষা করে তীব্র তিতা পাই। তাই শিক্ষার্থীদের ডিম খাওয়া বন্ধ করে দেয়া হয়। পরে বিষয়টি শিক্ষা অফিসকে জানানো হয়েছে।’

    বিদ্যালয়ের শিক্ষার্থী মাফুজা জানায়, ‘দুইজন সহপাঠী ডিম খাওয়ার পর বমি করে। এরপর শিক্ষকরা আমাদের ডিম খেতে নিষেধ করেন।’

    পরে খবর পেয়ে বিদ্যালয়ে যান স্কুল ফিডিং কর্মসূচির সুপারভাইজার বশির উদ্দিন। তিনি ডিমের স্বাদ পরীক্ষা করে তিতা পেয়েছেন বলে জানান। তার ভাষ্য, সরবরাহকারীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, মুরগিকে কৃমিনাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সাথে কিছু ডিমের স্বাদের পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। তবে ডিমে তিতা স্বাদের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।

    চরভদ্রাসন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) আজিজুর রহমান খান বলেন, অভিযোগ পাওয়ার পর পাঁচটি বিদ্যালয়ে ডিম বিতরণ স্থগিত করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো—ইউসুফ শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজ মো: আলী বেপারীর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    তিনি জানান, পাঁচটি বিদ্যালয়ের জন্য মোট ৬৩৯টি সাদা ডিম সরবরাহ করা হয়েছিল। অভিযোগের পর শিক্ষার্থীদের মধ্যে সেগুলো বিতরণ বন্ধ রাখা হয়েছে।

    এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জুলহাস হোসেন সৌরভ বলেন, ‘ঘটনাটি জানার পরপরই ডিম সরবরাহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ডিমগুলো কেন তিতা ছিল, তা যথাযথভাবে তদন্ত করে দেখা হবে। তদন্তে সংশ্লিষ্টদের দায় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    শিশুদের জন্য পরিচালিত পুষ্টিকর খাদ্য কর্মসূচির ডিম নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ডিমের নমুনা পরীক্ষা এবং সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা যাচাইয়ের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণের দাবি উঠেছে। এ,আর

  • মাছ ধরার ট্রলারে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি, আটক ৫

    মাছ ধরার ট্রলারে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি, আটক ৫

    বিডি গ্লোবাল ডেস্ক,

    বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ভারত থেকে আনা অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানসহ ৫ জনকে আটক করা হয়।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

    আটকরা হলেন, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া এলাকার সোহাগ সরদার (৩২), একই উপজেলার মৌডুবি এলাকার সাগর হাওলাদার (৩৮), কুয়াকাটার মহিপুর এলাকার মঞ্জু মোল্লা (৩২), কলাপাড়া উপজেলার খলিলপুর এলাকার রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী এলাকার বিল্লাল হাওলাদার (৪৫)।

    কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা বুধবার রাত ২টার দিকে পাথারঘাটার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের সদস্যরা একটি অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি মাছ ধরার ট্রলার ও কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি ও ১ হাজার ৪৬৬টি পাঞ্জাবি পাওয়া যায়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।

    পরবর্তীতে উদ্ধার করা শাড়ি ও পাঞ্জাবিসহ চোরাচালান কাজে ব্যবহৃত ট্রলার এবং কাভার্ড ভ্যানটিকে জব্দসহ জড়িত পাঁচজনকে আটক করা হয়।

    এ বিষয়ে লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সকল আলামত ও আটক করা চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ,আর

  • কমলগঞ্জে গ্রাফটিং চারা ঘিরে কোটি টাকার বাজার

    কমলগঞ্জে গ্রাফটিং চারা ঘিরে কোটি টাকার বাজার

    জংলি বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে বিশেষ ধরনের ‘গ্রাফটিং’ চারা। ব্লেডের নিখুঁত কাটে তৈরি এই চারা ঘিরে বদলে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষি অর্থনীতির চিত্র। কুমিল্লা থেকে কক্সবাজার, ময়মনসিংহ থেকে পটুয়াখালী—দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে কমলগঞ্জের রোগ প্রতিরোধী ও উচ্চফলনশীল টমেটোর চারার চাহিদা।

    উপজেলা কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, প্রতি মৌসুমে কমলগঞ্জে ৬৫ থেকে ৭০ লাখ গ্রাফটিং চারা উৎপাদন হচ্ছে। এসব চারা ঘিরে মাত্র কয়েক মাসেই স্থানীয়ভাবে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে।

    কমলগঞ্জের আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, মধ্যগাঁও ও নাজাতকোনাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নার্সারিগুলোতে চলছে ব্যস্ত কর্মযজ্ঞ। সারি সারি চারার পাশে বসে শ্রমিকেরা ব্লেড দিয়ে বনবেগুনের গোড়া কেটে সেখানে জুড়ে দিচ্ছেন টমেটোর কাণ্ড।উদ্যোক্তারা জানান, বনবেগুনের বীজতলা তৈরি হতে প্রায় ৩৫ দিন এবং টমেটোর চারা প্রস্তুত হতে ২৫ দিন সময় লাগে। এরপর নির্দিষ্ট অংশ কেটে দুই ধরনের চারা জোড়া লাগিয়ে পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়। তিন থেকে ছয় দিনের মধ্যে দুটি অংশ একসঙ্গে জোড়া লেগে যায়। পরে আরও ১০ থেকে ১২ দিন নিবিড় পরিচর্যাকক্ষে রাখার পর এগুলো বিক্রির উপযোগী হয়। বর্তমানে প্রতিটি গ্রাফটিং চারা ১২ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

    উদ্যোক্তাদের ভাষ্য, সাধারণ টমেটো গাছ সামান্য বৃষ্টিতেই ঢলে পড়া কিংবা গোড়া পচে মারা যাওয়ার ঝুঁকিতে থাকে। তবে বনবেগুনের শিকড় অত্যন্ত শক্তিশালী হওয়ায় গ্রাফটিং করা টমেটো গাছে এ ধরনের সমস্যা তুলনামূলক কম হয়।স্থানীয় কৃষক ও সফল চারা উৎপাদনকারী এম এ করিম বলেন, বনবেগুন টমেটোর একটি জংলি জাত। এর সঙ্গে টমেটোর চারা জোড়া দিলে গাছ সহজে মারা যায় না এবং ফলনও বেশি হয়। সাধারণ একটি গাছে যেখানে ৫ থেকে ১০ কেজি টমেটো পাওয়া যায়, সেখানে গ্রাফটিং করা গাছে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। চাহিদা বেশি থাকায় সিলেট, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ ও পটুয়াখালীসহ ৮-১০টি জেলা থেকে মৌসুম শুরুর আগেই অগ্রিম বায়না আসে।

    গ্রাফটিং চারা উৎপাদনকে কেন্দ্র করে কমলগঞ্জের গ্রামীণ অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। একজন দক্ষ শ্রমিক দিনে ১ হাজার থেকে ১ হাজার ২০০টি চারা জোড়া দিতে পারেন। এতে শ্রমিকদেরও ভালো আয় হচ্ছে।স্থানীয়দের মতে, এই প্রযুক্তি শুধু কৃষকের মাঠে ফলন বাড়াচ্ছে না, ধীরে ধীরে এটি একটি বড় অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নিচ্ছে। নার্সারিগুলোতে কাজের সুযোগ তৈরি হয়েছে শত শত নারী ও পুরুষের।

    কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন অন্তত ৪৮০ জন কৃষক। কমলগঞ্জের চাষিদের উৎপাদিত ৬৫ থেকে ৭০ লাখ গ্রাফটিং চারা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এ খাত থেকে এক মৌসুমে গড়ে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে, যা স্থানীয় কৃষির জন্য বড় অর্জন।”

    স্থানীয় উদ্যোক্তারা বলছেন, “কমলগঞ্জের কৃষি অর্থনীতিতে গ্রাফটিং চারা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সরকারি সহায়তা, মানসম্মত বীজ ও প্রযুক্তিগত সুবিধা আরও বাড়ানো গেলে এ খাত থেকে কৃষকের আয় ও কর্মসংস্থান কয়েক গুণ বাড়ানো সম্ভব।”

  • দামুড়হুদায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    দামুড়হুদায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চুয়াডাঙ্গার দামুড়হুদায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মো. মশিউর রহমান।

    অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশ নেন।

    বক্তারা কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তাদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ,আর

  • নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

    নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

    বুধবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

    মৃত হাসান উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

    পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা ও আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।

    রাতে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন আছেন।

    নড়াগাতী থানার ওসি মো: হোসেন আলী বলেন, ‘পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা কোনো ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।’ এ,আর

  • রায়পুরে ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশে দিল জনতা

    রায়পুরে ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশে দিল জনতা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জবেদুল্লা চৌকিদার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।

    আটক সাইফুল ওই ওয়ার্ডের জবেদুল্লা চৌকিদার বাড়ির বাসিন্দা।

    স্থানীয়রা জানায়, ইয়াবা বিক্রির অভিযোগে সাইফুলকে উপজেলা ছাত্রদলের দফতর সম্পাদক শান্ত ইসলামের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ধাওয়া করে আটক করেন। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেন তারা।

    এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সাইফুল জামাল পাটোয়ারী নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কিনেছেন বলে জানান দাবি স্থানীয়দের।

    খবর পেয়ে বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে আটক করে।

    রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার সাথে আর কারা জড়িত, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ এ,আর

  • সিলেট সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ

    সিলেট সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    সিলেট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিক্স, চকলেট, জিরা ও জুস আটক করা হয়। আটক চোরাচালানের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা।

    ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান আটক করা হয়। আটক চোরাচালানের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ এ,আর

  • তালাকের নোটিশ পেয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

    তালাকের নোটিশ পেয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    টাঙ্গাইলের নাগরপুরে স্ত্রী নিলুফা আক্তার মিলুর (৪০) তালাকের নোটিশ পেয়ে তাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী হযরত আলী। এ সময় নিলুফার মা এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বাদে কাকনা গ্রামে এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত হযরত উপজেলার ধুবড়িয়া গ্রামের দহর পাচুরিয়া গ্রামের বাসিন্দা। নিলুফা পার্শ্ববর্তী কাকনা গ্রামের ছইনুদ্দিনের মেয়ে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ছয় বছর আগে হযরতের সাথে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো। এরই জেরে নিলুফা এক সপ্তাহ আগে হযরতকে তালাক দেয়। তালাকের খবর পেয়ে হযরত ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ৮টার দিকে ধারালো ছুরি নিয়ে নিলুফার বাড়িতে যান। সেখানে নিলুফাকে দেখামাত্রই ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এ সময় নিলুফার মা চেনবানু এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে হযরত তার হাতে থাকা ছুরি দিয়ে নিজের পেটে ও গলায় ছুরিকাঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হযরত ও চেনবানুকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    নিহত নিলুফার বাবা ছইনুদ্দিন বলেন, ‘আমি বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি মেঝেতে মেয়ে ও হযরত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

    দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মৌসুমী ভৌমিক বলেন, ‘গুরুতর জখম অবস্থায় হযরত ও চেনবানুকে নিয়ে আসা হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাতেই মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হযরতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আহত চেনবানুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।’

    নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা করেছেন। ঘাতক স্বামী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।’ এ,আর

  • উল্লাপাড়ায় আ’লীগের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

    উল্লাপাড়ায় আ’লীগের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকমাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাখুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    উল্লাপাড়া মডেল থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, একটি বিস্ফোরক মামলায় আকমালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ,আর

  • কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

    কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে ঠোটারপাড়া বিওপির শুকুনতলা মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় দুই বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও দুই হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

    রাত পৌনে ২টার দিকে বিলগাথুয়া বিওপির পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে নয় বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য আট লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

    এ ছাড়া সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রিচর এলাকায় অভিযান চালিয়ে আরো ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও এক হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।

    কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ,আর

  • মদনে অসুস্থ গরুর গোশত বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

    মদনে অসুস্থ গরুর গোশত বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নেত্রকোনার মদনে রোগাক্রান্ত গরুর গোশত বিক্রির অভিযোগে কসাই পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মদন পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব আলম, পুলিশের এএসআই জাকির হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা যায়, মদন উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান বাজারে প্রতি বৃহস্পতিবার হাট বসে। প্রতি সপ্তাহেই এই হাটে রোগাক্রান্ত গরু জবাই করে গোশত বিক্রি করার অভিযোগ রয়েছে কসাই পারভেজ মিয়াসহ আরো অনেকের বিরুদ্ধে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে একটি রোগাক্রান্ত গাভী জবাই করার পায়তারা করে পারভেজ মিয়া। বিষয়টি এলাকার সচেতন মহলের নজরে এলে তারা বাধা দেয়।

    পরে স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি জানতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাভীর ভিডিও পোস্ট করে এবং সচেতন নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে প্রশাসনকে খবর দেয়। এমন খবরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাদির হোসেন শামীম উপস্থিত হয়ে কসাই পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

    এ ব্যাপারে ইউএনও নাদির হোসেন শামীম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় একটি রোগাক্রান্ত গরু দেখতে পাই। তাছাড়া তার দোকানে রাখা গোশতও প্রাণিসম্পদ কর্তৃক পরিক্ষিত নয়। তাই ভোক্তা অধিকার আইনে পারভেজ মিয়া নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়েছে। এ,আর

  • মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাও হাসপাতালে

    মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাও হাসপাতালে

    বিডি গ্লোবাল ডেস্ক,

    রাজশাহীর মোহনপুর উপজেলায় মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর আহত করেন আমিনুল।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ।

    নিহত জান্নাতুন বেগমের (৫৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। আর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবন ও এর অর্থ জোগাড় করাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সাথে তার প্রায়ই বিরোধ হতো। তাকে নিয়ন্ত্রণে পরিবারের সদস্যরা বিভিন্ন সময় চেষ্টা করেও সফল হননি বলে স্থানীয় সূত্রের ভাষ্য।

    পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আমিনুল হাসুয়া নিয়ে তার মা জান্নাতুন বেগমের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন।

    জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

    তিনি আরো জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে। হত্যা মামলা দায়েরের পর আমিনুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে জান্নাতুন বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ,আর

  • উজিরপুরে নামাজের পাশাপাশি মসজিদ দেখতে ছুটছেন নানা ধর্মের মানুষ

    উজিরপুরে নামাজের পাশাপাশি মসজিদ দেখতে ছুটছেন নানা ধর্মের মানুষ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কেউ এসেছেন বরগুনা থেকে, কেউ দিনাজপুর থেকে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে। তাদের মধ্যে মুসলিম যেমন আছেন, তেমনি রয়েছেন অন্য ধর্মের মানুষও। কেউ এসেছেন নামাজ আদায় করতে, আবার কেউ এসেছেন শুধু মসজিদের নান্দনিক স্থাপত্য ও মনোরম পরিবেশ দেখতে। বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে প্রতিদিনই দেখা মেলে এমন বৈচিত্র্যময় দর্শনার্থীর।

    ১৪ একর জায়গাজুড়ে নির্মিত মসজিদটি প্রায় দুই দশক ধরে ধর্মীয় স্থাপনার পাশাপাশি দর্শনীয় স্থান হিসেবেও মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। ২০০৬ সালে সবার জন্য উন্মুক্ত হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসছেন। দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিও রয়েছে।

    গুঠিয়ার চেংগুটিয়া এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদে একসাথে প্রায় দেড় হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। তবে নামাজের পাশাপাশি মসজিদের স্থাপত্যশৈলীও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

    মসজিদটিতে রয়েছে ২০টি গম্বুজ। মার্বেল পাথর, গ্রানাইট, সিরামিক ও রঙিন কাচের নকশায় সাজানো হয়েছে এর বিভিন্ন অংশ। দেয়ালে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে আয়াতুল কুরসি, সুরা আর-রহমানসহ কুরআনের বিভিন্ন আয়াত ও সুরা। সন্ধ্যার পর রঙিন আলোকসজ্জায় মসজিদটির সৌন্দর্য আরো বেড়ে যায়।

    বরগুনা থেকে পরিবার নিয়ে মসজিদ দেখতে আসা সাবিত মাহমুদ জানান, বায়তুল আমান মসজিদের স্থাপত্য, নকশা ও চারপাশের পরিবেশ তাকে আকৃষ্ট করেছে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে মসজিদটির বিভিন্ন অংশ দেখেছেন তারা। এতো সুন্দর একটি স্থাপনা কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার কাছে ভালো লেগেছে।

    দিনাজপুর থেকে পরিবার নিয়ে আসা ধীরেন্দ্রনাথ কর্মকার জানান, মসজিদটির স্থাপত্যশৈলী ও সাজসজ্জা তার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও স্থাপত্য ও সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয় বলে তিনি মনে করেন।

    মসজিদ কমপ্লেক্সে রয়েছে একটি এতিমখানাও। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সেখানে মক্কা-মদিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মাটি সংরক্ষণ করা হয়েছে। কাবা শরিফ, আরাফাতের ময়দান, জাবালে রহমত, জাবালে নুর, নবীজির জন্মস্থান, মা হাওয়ার কবরস্থান ও খলিফাদের কবরস্থানসহ বিভিন্ন স্থানের মাটি সংরক্ষণের কথা বলা হয়েছে।

    মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালের ১৬ ডিসেম্বর। বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু নিজ অর্থায়নে নির্মাণকাজ শুরু করেন। প্রায় তিন বছর ধরে চলে নির্মাণকাজ। ২০০৬ সালে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

    মসজিদটির তদারকির সাথে যুক্ত হাফেজ সিদ্দিকুর রহমান জানান, প্রতিষ্ঠার সময় থেকেই তিনি মসজিদটির দেখভালের সাথে যুক্ত আছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বায়তুল আমান মসজিদ দেখতে আসেন। তাদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষও রয়েছেন। মসজিদের স্থাপত্য ও পরিবেশ দেখতে আসা দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে।

    মসজিদকে ঘিরে গুঠিয়া এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিতির পাশাপাশি দর্শনীয় স্থান হিসেবেও বায়তুল আমানের পরিচিতি তৈরি হয়েছে।

    উজিরপুরের ইউএনও মো: আলী সুজা বলেন, ‘গুঠিয়ার বায়তুল আমান মসজিদ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিতি পেয়েছে। এর নান্দনিক স্থাপত্য দেখতে বিভিন্ন ধর্মের মানুষ আসছেন।’

    নামাজের পাশাপাশি স্থাপত্যের টানেও এখানে আসছেন মানুষ। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে আসা এসব দর্শনার্থীর উপস্থিতিতে গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ এখন ধর্মীয় স্থাপনার পাশাপাশি মানুষের আগ্রহের একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এ,আর

  • ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ১০ বসতঘর ভস্মীভূত

    ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ১০ বসতঘর ভস্মীভূত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ব্রাহ্মণবাড়িয়া সদরে আগুনে পুড়ে ১০টি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে ১৪টি পরিবারের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, সকালে গ্রামের আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত তা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একপর্যায়ে ১০টি ঘরই পুড়ে যায়। এসব ঘরে বসবাস করা ১৪টি পরিবারের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: ফারুক আহমেদ বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।‘ এ,আর

  • লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম মিলন মোল্যা (৫০)। তিনি উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুলতান মোল্ল্যার ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হযরত আলীর নেতৃত্বে একদল পুলিশ তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    পুলিশ জানায়, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্ল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।

    এছাড়া লোহাগড়া থানায় তার বিরুদ্ধে আরো একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাজাপ্রাপ্ত আসামি মিলনকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ,আর

  • চৌগাছায় ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

    চৌগাছায় ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের গ্রাহকরা।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংকের চৌগাছা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, চৌগাছা, যশোর-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আজাদ হোসাইন, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, মাস্টার আব্দুস সালাম, রবিউল ইসলাম, আবুল খায়ের, সহকারী প্রভাষক দিরাজুল ইসলাম ও শাহিনুর রহমান প্রমুখ। এতে ব্যাংকের নারী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন।

    কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া, অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা, দালালচক্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যাংকসংক্রান্ত অনিয়মের বিচার ও আইনি ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।

    গ্রাহক ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। চলমান সংকটে গ্রাহকদের মধ্যে যেন আমানত নিয়ে অনিশ্চয়তা তৈরি না হয় এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বিবেচনার আহ্বান জানান তারা। এ,আর

  • কোটচাঁদপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৫

    কোটচাঁদপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৫

    মোঃ খালেদুর রহমান, কোটচাঁদপুর প্রতিনিধি

    ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ ও ২২ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান জিয়াদ বিন রাজি (২০), পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি লিটন (৪৩), উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিনুর বিশ্বাস ওরফে খোকন (৪২), পৌর যুবলীগের সদস্য সোহাগ (৩৪) এবং দোড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাসিম আহম্মেদ সাকিল (৩০)।

    পুলিশের দেওয়া তথ্যমতে, ২১ সেপ্টেম্বর খান জিয়াদ বিন রাজি ও লিটনকে এবং ২২ সেপ্টেম্বর মহিনুর বিশ্বাস, সোহাগ ও নাসিম আহম্মেদ সাকিলকে গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি লাঠি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে। এ,আর

  • যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

    যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

    যশোর পৌরসভার সাবেক মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

    দুদকের তথ্য অনুযায়ী, জহিরুল ইসলাম চাকলাদারের বিরুদ্ধে ২৪ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হবে।

    অন্যদিকে, তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭২ লাখ ৯ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলায় স্বামী জহিরুল ইসলাম চাকলাদারকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে।

    তাদের বিরুদ্ধে ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক মামলা হবে।

  • ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

    ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নীলফামারীর ডিমলা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাড়সিংহেশ্বর সীমান্ত এলাকা থেকে গরুটি জব্দ করা হয়।

    বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঝাড়সিংহেশ্বর বিওপির একটি চৌকস আভিযানিক দল এই তৎপরতা চালায়। বিজিবির সুবেদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে টহলদলটি আন্তর্জাতিক সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর এলাকায় অবস্থান নেয়।

    অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদল দেখতে পায়, কয়েকজন ব্যক্তি ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গবাদিপশু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে রেখে অন্ধকারের সুযোগে পুনরায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি ভারতীয় গরু আটক করে। জব্দকৃত গরুটির আনুমানিক প্রাতিষ্ঠানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক গণমাধ্যমকে জানান, আটককৃত গবাদিপশুটির বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কাস্টমসের মাধ্যমে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমান্তে অবৈধভাবে গবাদিপশু পারাপার, মাদক ও চোরাচালানসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে ৫১ বিজিবির এই কঠোর নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে। এ,আর

  • রায়পুরে স্কুল-মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ শিক্ষার্থী

    রায়পুরে স্কুল-মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ শিক্ষার্থী

    বিডি গ্লোবাল ডেস্ক,

    লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসায় যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর চার দিনেও তাদের সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন দুই পরিবারের সদস্যরা।

    নিখোঁজ দুই শিক্ষার্থী হলো-কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো: ইকরামুল হাসান মিনহাজ (১৪)।

    আরাফাত সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর ইকরামুল হাসান মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

    পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

    পরে সোমবার রাতে দুই শিক্ষার্থীর পরিবার রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করে। পাশাপাশি তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছেন স্বজনেরা।

    নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, ‘রোববার সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। আমরা সন্তানদের ফিরে পেতে সবার সহযোগিতা চাই।’

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে পৃথক জিডি পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তাদের উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।’

  • আ.লীগ সমাজে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: পানিসম্পদমন্ত্রী

    আ.লীগ সমাজে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: পানিসম্পদমন্ত্রী

    আ.লীগ সমাজে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, রাজনৈতিক ও আইনগত—উভয় দিক থেকেই নিষিদ্ধ ঘোষিত এই দলটির বিষয়ে সরকার সার্বক্ষণিক সজাগ রয়েছে।

    বুধবার চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    পানিসম্পদমন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প ও অর্থনৈতিক অঞ্চল। তাই এখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রাম এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে আরো কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    সন্ত্রাসীদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, এ বিষয়ে সরকার ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। চট্টগ্রামের সাধারণ মানুষ যাতে পূর্ণ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন, সেটির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

    সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমন্ত্রিত অতিথিদের মাঝে খোলামেলা আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

    নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রাথমিকভাবে জানা গেছে, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ গুলিবিদ্ধ হয়েছেন।

    পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সকালে চরকান্দিপাড়ার মেম্বার মো: সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

    নড়াগাতী থানার ওসি মো: হোসেন আলী বলেন, ‘পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন।’

    তিনি আরো বলেন, ‘চিকিৎসক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়া কোনো ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।’ এ,আর

  • দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোনো চিকিৎসা সামগ্রী কন্ডেমেশন, প্রকাশ্যে ধ্বংস

    দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোনো চিকিৎসা সামগ্রী কন্ডেমেশন, প্রকাশ্যে ধ্বংস

    বিডি গ্লোবাল ডেস্ক,

    পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ব্যবহৃত ও বর্তমানে অযোগ্য হয়ে পড়া বিভিন্ন চিকিৎসা সামগ্রী কন্ডেমেশন বোর্ডের মাধ্যমে অকেজো ঘোষণা করে ধ্বংস করা হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কন্ডেমেশন বোর্ড এসব সামগ্রী পর্যালোচনা শেষে অকেজো ঘোষণা করে এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হয়।

    ধ্বংস করা সামগ্রীর মধ্যে ছিল বিছানার চাদর, মশারি, কম্বল, বালিশ, মেট্রেস, পর্দা এবং ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন ক্যারিয়ার।

    সিভিল সার্জন, পটুয়াখালীর অনুমতি ক্রমে এ কার্যক্রম পরিচালিত হয় বলে জানা গেছে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা: মীর শহীদুল হাসান শাহীন, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: জি এম এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মীর শহীদুল হাসান শাহীন জানান, নিয়ম অনুযায়ী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া সামগ্রী অপসারণের অংশ হিসেবে এ কন্ডেমেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ,আর

  • শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ

    শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ

    মাগুরার শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে জামিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিকারবিলা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে এ অবৈধ সার জব্দ করা হয়৷ এ সময় জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    স্থানীয় ও কৃষি অফিসের তথ্যমতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী উপজেলার টিকারবিলা বাজারে জামিরুল ইসলামের দোকানে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১৩৯ বস্তা টিএসপি ও ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়৷ এ ঘটনায় জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা সেই সাথে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, অসৎ উদ্দেশ্যে তিনি সারগুলো মজুদ করেছিলেন। তিনি কোন ব্যবসায়ী নন। আমরা ডিলার, সাব-ডিলার, খুচরা ব্যাবসীসহ বাজার মনিটরিং করছি। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ, জরিমানা ও মামলা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকী বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ ও জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • কুমিল্লায় মোবাইল চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

    কুমিল্লায় মোবাইল চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নাজমুল মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মনিপুর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে।

    মৃতের স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাজমুল। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ,আর

  • চৌগাছায় এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ

    চৌগাছায় এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ

    যশোরের চৌগাছায় চলতি মৌসুমে সরকারি গম সংগ্রহ অভিযানে এক কেজি গমও কিনতে পারেনি খাদ্য বিভাগ। খোলাবাজারের তুলনায় সরকারি দর কম এবং জটিল নিয়মকানুনের কারণে কৃষকেরা সরকারি গুদামে গম বিক্রিতে আগ্রহ দেখাননি। গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান।

    উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩ মে থেকে ৫২ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠপর্যায়ে ক্রয় কার্যক্রম শুরু হয়।

    এবার প্রতি কেজি গমের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৬ টাকা, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি।

    চৌগাছায় এবার প্রায় আড়াই হাজার কৃষক ২৮৫ হেক্টর জমিতে গম চাষ করেছেন। উৎপাদন হয়েছে প্রায় ১ হাজার ১৮০ মেট্রিক টন। এত উৎপাদনের পরও সরকারি গুদামে কোনো কৃষক গম বিক্রি করেননি।

    কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্তমানে খোলাবাজারে প্রতি মণ গম ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি দরের তুলনায় খোলাবাজারে মণপ্রতি অন্তত ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। ফলে কৃষকেরা গুদামে গম দিতে আগ্রহী নন।

    এ ছাড়া সরকারি গুদামে গম বিক্রির ক্ষেত্রে আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ১৪ শতাংশ রাখার শর্ত রয়েছে।

    অন্যদিকে, খোলাবাজারে ১৮ শতাংশ আর্দ্রতার গমও ব্যবসায়ীরা কিনছেন।

    চাষিদের অভিযোগ, গুদামে গম নিতে গেলে পরিবহন, কুলি ও পরিমাপ বাবদ মণপ্রতি আরও ৬০ থেকে ৭০ টাকা খরচ হয়। এসব কারণে লোকসান ও ঝামেলা এড়াতে তারা খোলাবাজারেই গম বিক্রি করছেন।

    রামকৃষ্ণপুর গ্রামের গমচাষি লাবলু রহমান বলেন, খোলাবাজারে কোনো ঝামেলা ছাড়াই ভালো দামে নগদ টাকা পাওয়া যায়। সরকারি গুদামে বাজারের তুলনায় মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দাম দেওয়া হলে কৃষকেরা সেখানে গম বিক্রি করতেন।

    খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, সরকারিভাবে প্রতি কেজি গমের দাম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা খোলাবাজারের চেয়ে ৫ থেকে ৬ টাকা কম। এ কারণে কৃষকেরা গুদামে গম দেননি।

    উপজেলা গম, ধান ও চাল ক্রয় কমিটির সভাপতি ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, বাজারের প্রকৃত চিত্র বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বাস্তবসম্মত দর নির্ধারণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা পদ্মা পাড়ের জনগণ

    সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা পদ্মা পাড়ের জনগণ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    ফরিদপুরের সদরপুরে বর্ষা মৌসুম প্রায় শেষের দিকে, তবুও থামেনি পদ্মার ভাঙন। এখনো তীব্র স্রোতে নদীর তীর ভেঙে চোখের সামনে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা, ফসলি জমি, ব্যবসাপ্রতিষ্ঠান। নদীর পাড়ে বসবাসকারী মানুষের দিন কাটছে আতঙ্কে, রাত কাটছে নির্ঘুম। কখন যে স্রোতের টানে নিজের ঘরবাড়িটুকুও নদীগর্ভে চলে যায়, সেই শঙ্কায় দিন কাটাচ্ছে পদ্মা পাড়ের জনগণ।

    প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন তীব্র হলেও এবার বর্ষা মৌসুম শেষ হওয়ার পরও তা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়েছে, নিঃস্ব হয়েছে বহু পরিবার। দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার এসব মানুষের দাবি, সাময়িকভাবে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর পাশাপাশি প্রয়োজন স্থায়ী ও টেকসই নদীশাসন।

    ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাতীরবর্তী ঢেউখালী, আকোটেরচর ও দিয়ারা নারিকেলবাড়িয়া, চরমানাইর এবং চরনাছিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় এবারো নদীভাঙন হয়েছে এবং ভাঙন অব্যহত রয়েছে। ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী, বেপারীডাঙ্গী ও মুন্সিরচর এবং আকোটেরচর ইউনিয়নের ছলেনামা, কালিখোলা, মোল্যাকান্দি ও খালাসীকান্দি এলাকায় নদীর তীব্র স্রোতে পাড় ভাঙছে। একই সাথে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দিন সরদার কান্দি, আব্দুল হামিদ জঙ্গির কান্দি, আলেফ সরদার কান্দি ও জব্বার শিকদার কান্দির বাসিন্দারাও ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন।

    স্থানীয়রা জানায়, পদ্মার পানি ও স্রোত বেড়ে যাওয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন তীব্র হয়েছে। ইতোমধ্যে শত শত বিঘা ফসলি জমি ও বহু বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান, একটি ইটভাটা ও গুরুত্বপূর্ণ একটি সড়কের অংশ। স্থানীয়দের হিসাবে, প্রায় শতাধিক বসতঘর নদীগর্ভে চলে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে বলেও দাবি তাদের। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

    পদ্মার ভাঙনে সর্বস্ব হারানো মানুষের মধ্যে বেপারীডাঙ্গী গ্রামের ১০০ বছর বয়সি হাসমত বেপারীর গল্পটি যেন নদীভাঙনের নির্মমতার প্রতিচ্ছবি। নিজের ভিটেমাটিতে জীবনের শেষ সময়টা কাটানোর স্বপ্ন ছিল তার। কিন্তু কয়েক দশকে একের পর এক নদীভাঙনে বারবার বসতভিটা হারিয়েছেন তিনি। জীবনে আটবার ঘর তুলেও কোনোবারই স্থায়ী হতে পারেননি। সর্বশেষ ভাঙনে আবারো স্মৃতিবিজড়িত বাড়িঘর ছেড়ে স্ত্রী, পুত্রবধূ ও নাতিকে নিয়ে ভাড়া বাসায় উঠতে হয়েছে তাকে। তার একমাত্র ছেলে সৌদি আরবে কর্মরত।

    স্থানীয় বাসিন্দা সাজ্জাদ শিকদার নয়া দিগন্তকে বলেন, ‘জীবনে সাতবার ঘর তুলেছি। সবই গিলে খেয়েছে পদ্মা। এই বয়সে এসে আর নতুন করে কিছু করার শক্তি নেই। বাধ্য হয়ে ভাড়া বাসায় উঠেছি। জানি না, শেষ বয়সে নিজের একটা ঘরে মরতে পারব কি না।’

    পদ্মাপাড়ের অসংখ্য পরিবার বছরের পর বছর ধরে নদীভাঙনের সাথে লড়াই করছে। কারো ঘর গেছে, কারো ফসলি জমি, আবার কেউ হারিয়েছেন ব্যবসা ও জীবিকার একমাত্র অবলম্বন। বর্ষা শেষ হওয়ার পরও ভাঙন অব্যাহত থাকায় এসব পরিবারের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে ঘরের আসবাবপত্র, গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ ইতোমধ্যে নিরাপদ স্থানে চলে গেছেন।

    স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আকোট জনসংঘ উচ্চ বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিয়াজখালী বাজার, সরকারি আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়তে পারে। আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রামে বসবাসকারী পরিবারগুলোর মধ্যেও রয়েছে চরম উদ্বেগ। সরকারি উদ্যোগে পাওয়া ঘরই তাদের শেষ আশ্রয়। সেই ঘরও নদীগর্ভে চলে গেলে নতুন করে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এছাড়া চর নাসিরপুরের চৌধুরীর হাট ও শিমুলতলী বাজার ঘাটও ভাঙনের হুমকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা আরিফ মাহমুদ বলেন, ‘এই সময় এলেই আমাদের ঘুম হারাম হয়ে যায়। পানি বাড়লেই ভাঙন শুরু হয়। বর্ষা চলে গেলেও ভাঙন এখনো থামেনি। সরকার আমাদের থাকার জায়গা দিয়েছে, এই ঘরবাড়িই এখন আমাদের শেষ সম্বল। এটাও হারালে আর কিছু থাকবে না।’

    দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের নুরুদ্দিন সরদার কান্দি গ্রামের বাসিন্দা আ: আজিজ চোকদার বলেন, প্রতি বছরই নদীভাঙনের শিকার হতে হচ্ছে। ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। ভাঙন শুরু হওয়ার পর ব্যবস্থা নেয়ার পরিবর্তে আগেভাগেই টেকসই নদীশাসনের উদ্যোগ নেয়া প্রয়োজন। আমরা চরের মানুষ এমন বিপদে আর কতবার পড়ব?

    ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানানো হলেও কার্যকর ও টেকসই উদ্যোগ নেয়া হয়নি। ফলে প্রতি বছর নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ে এবং নতুন করে মানুষ ভিটেমাটি হারায়। তাদের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙন রোধের ব্যবস্থা নেয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

    আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, ‘নদীভাঙন এখন আর হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্যোগ নয়, এটি একটি বার্ষিক দুর্যোগে রূপ নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি। তারা এলাকা পরিদর্শনও করেছেন। আশা করছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলা হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

    সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, ‘পদ্মা নদীর ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

    ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিব হোসেন বলেন, ‘ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে অবগত রয়েছেন। ভাঙনপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। খুব শিগগিরই টেকসই ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।’

    এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘নদীর সাথে আমাদের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। নদীভাঙন নিয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রী, জেলা প্রশাসক (ডিসি) ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পাশের চরভদ্রাসনে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সদরপুরেও আমরা স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবো। আপাতত বালুর বস্তা ফেলে নদীভাঙন রোধে কাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় শিগগিরই স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করা হবে।’

    পদ্মার ভাঙনে বছরের পর বছর ধরে বসতভিটা, ফসলি জমি ও জীবিকার অবলম্বন হারানো মানুষের দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়। তাদের ভাষ্য, ত্রাণ বা সাময়িক সহায়তা দিয়ে নদীভাঙনের দীর্ঘমেয়াদি ক্ষতি মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন নিরাপদ বসতি ও জমি রক্ষায় কার্যকর নদীশাসন। তাই ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ ও টেকসই নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। তাদের একটাই প্রত্যাশা-আর কখনো যেন চোখের সামনে নিজের ভিটেমাটি পদ্মার স্রোতে বিলীন হয়ে যেতে দেখতে না হয়। এ,আর

  • গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

    গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

    বিডি গ্লোবাল ডেস্ক,

    গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    বুধবার দুপুরে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

    সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘ধীরাশ্রম এলাকায় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। নিহত তিনজনই পুরুষ। তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

    তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এ,আর

  • আড়াইহাজারে পুকুরে বিষ প্রয়োগ, আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

    আড়াইহাজারে পুকুরে বিষ প্রয়োগ, আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে বিষ প্রয়োগ করে আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার আব্দুস সাত্তারের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। পরে বুধবার সকালে পুকুরে থাকা পুঁটি, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখা যায়।

    পুকুরের মালিক আব্দুস সাত্তার জানান, পুকুরে থাকা মাছের আনুমানিক মূল্য দুই থেকে আড়াই লাখ টাকা। রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে বলে তিনি অভিযোগ করেন।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এ,আর

  • মতলবে আগুনে ৫ বসতঘর ভস্মীভূত, আহত ২

    মতলবে আগুনে ৫ বসতঘর ভস্মীভূত, আহত ২

    বিডি গ্লোবাল ডেস্ক,

    চাঁদপুরের মতলব দক্ষিণে আগুন লেগে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামে এ ঘটনা ঘটে।

    আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো: জালাল জমদ্দার, মো: সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়া।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে জালালের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

    ক্ষতিগ্রস্ত জালাল বলেন, ‘আগুনে আমাদের ঘরগুলো পুড়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্ণালঙ্কার, মালামালসহ সব পুড়ে গেছে। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পড়নের কাপড়টা ছাড়া আর কিছু নেই। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আমাদের কোনো জায়গা নেই।’

    মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যাই। পাঁচটি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়েছে। এতে দুজন আহত হয়েছেন। একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা গেছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।’ এ,আর

  • নগরকান্দায় রাত ৮টার পরে দোকান খোলা, ৭ ব্যবসায়ীকে জরিমানা

    নগরকান্দায় রাত ৮টার পরে দোকান খোলা, ৭ ব্যবসায়ীকে জরিমানা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্ধারিত সময়ের পর দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ফরিদপুরের নগরকান্দায় সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরকান্দা উপজেলার প্রধান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।

    অভিযানকালে উপজেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী শরিফুল আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা যায়, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে নগরকান্দা বাজারে তদারকি অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়।

    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্ধারিত সময়সূচি বাস্তবায়নের জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করায় সাত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।’

    তিনি আরো জানান, সরকারি আদেশ বাস্তবায়নে নগরকান্দা উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। এ,আর

  • শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান, ১ জনকে কারাদণ্ড

    শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান, ১ জনকে কারাদণ্ড

    বিডি গ্লোবাল ডেস্ক,

    শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযানে মো: আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে প্রায় ছয় ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়।

    কারাদণ্ডপ্রাপ্ত রাজ্জাক নকলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের মরহুম সুরুজ আলীর ছেলে।

    জানা গেছে, অভিযানে ওই এলাকায় রাজ্জাককে তিনটি বক ও বক শিকারের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

    অভিযানে পাখি শিকারের আটটি হালা (শিকারের সরঞ্জাম) ও ১২টি বক উদ্ধার করা হয়। পরে বকগুলো অবমুক্ত করা হয়। এ ছাড়াও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে এলাকাবাসীর মঝে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

    অভিযানে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো: আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো: মুগনিউর রহমান মনিসহ স্বেচ্ছাসেবী ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন জানান, পাখি শিকারী রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এ,আর

  • মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ।

    মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ।

    মহেশপুর (ঝিানাইদহ) প্রতিনিধি

    ঝিনাইদহের মহেশপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. নান্নু মিয়া।

    এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।

    সমাবেশটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • শিশু জুলিয়া হত্যা: আমীর হোসেন খালাস

    শিশু জুলিয়া হত্যা: আমীর হোসেন খালাস

    চট্টগ্রামের হাটহাজারীতে ২১ বছর পর শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে আমীর হোসেন ওরফে জামালকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

    বুধবার সকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আদালত বলেছে, মূল আসামিকে না ধরে গ্রেপ্তার করা হয়েছিল আমীর হোসেনকে।

    এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিশু জুলিয়া আক্তার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে ২১ বছর পর খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে দ্রুত কনডেমড সেল থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

    ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আমীর হোসেনকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

    মামলার অভিযোগে জানা যায়, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন আসামি আমীর হোসেন।

  • মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ।

    মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে মহেশপুর বায়তুন নূর ভবনের অডিটোরিয়ামে বিশাল এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২১/৯/২৬ তারিখে মহেশপুরে বাইতুন নূর ভবনে র

    অডিটোরিয়ামে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে বিশাল এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত পৌর যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ, সদস্য ঝিনাইদাহ -৩ এর মাননীয় এমপি মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে মাননীয় জাতীয় সংসদ সদস্য, মহেশপুর কোটচাঁদপুর এর গণমানুষের নেতা এমপি মতিয়ার রহমান বলেন, আগামীর বাংলাদেশে যুবকরাই নেতৃত্ব দিবে। সুতরাং এই যুবকদেরকেই গড়ে তুলতে হবে সৎ ও দক্ষতার সাথে। মাননীয় এমপি মহোদয় বলেন, যুবকরা সমাজে যে ভূমিকা রাখতে পারে তা অকল্পনীয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুবকদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা বলেন এবং সমাজে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ সাংগঠনিকভাবে যুবকদেরকে এগিয়ে আসতে বলেন। তিনি তাকওয়াবান আল্লাহ ভীরুতা এবং সমাজে নানা অসঙ্গতির বিরুদ্ধে, অন্যায় জুলুম দুর্নীতি এসবের বিরুদ্ধে যুবকদেরকে দৃঢ়ভাবে ভূমিকা রাখতে বলেন। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই বাংলাদেশ জামাতে ইসলামীতে আসতে হয়। সুতরাং এখানে কোন বৈষয়িক লাভের ব্যাপার থাকতে পারে না। যুবক বয়সের ইবাদতই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলার সহকারি সেক্রেটারি হাসাদাহ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, মহেশপুর উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারি গোলাম রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহেশপুর উপজেলা শাখার সভাপতি রাকিবুল হাসান বাচ্চুসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার সেক্রেটারি ও বাংলাদেশ মজলিসে মুফাসসিরিন আইটি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় যুব সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আমির মোঃ নওফেল হোসেন। মহেশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতশত যুবকদের উপস্থিতিতে যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়।

  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ।

    মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ।



    মহেশপুর (ঝিনাইদাহ) প্রতিনিধি

    মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে কোনো আসামি আটক করা যায়নি।

    প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১টা ৩৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭২/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের হালদার পাড়া পাকা রাস্তা পার্শ্ব হতে হাবিলদার মো: শহর আলীর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় সিরাপ (Wincorex Cough Syrup) আটক করা হয়।

    এর আগে, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টা ৫০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/৭-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া করিম মালিথার ধান ক্ষেতের মধ্য হতে সুবেদার মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে আসামিবিহীন ১০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

    এছাড়াও, একই দিনে আনুমানিক বিকেল ৫টা ১০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি থেকে প্রায় ৪ কিমি বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়া এলাকার পাকা রাস্তার পার্শ্ব হতে হাবিলদার মো: হাসমত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ৪৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

  • ধুনটে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ১

    ধুনটে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ১

    বিডি গ্লোবাল ডেস্ক,

    বগুড়ার ধুনট উপজেলায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় রাকিবুল হাসান রাকিব (১৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর বদির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার রাকিবুল হাসান রাকিব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় সরকারপাড়া গ্রামের আব্দুল্লাহ সরকারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন যুবক যাত্রী সেজে ধুনট বাজার থেকে জয় নামে এক ইজিবাইক চালকের গাড়ি ভাড়া করেন। পরে রাত ৮টার দিকে তারা ধুনট থানার প্রায় ৩০০ গজ দক্ষিণে পাকা সড়কের একটি স্থানে পৌঁছালে চালককে ইজিবাইক থামাতে বলেন।

    ইজিবাইক থামানোর পর ওই তিন যুবক চালক জয়ের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় জয়কে সড়কের ওপর ফেলে রেখে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান ওই তিনি যুবক।

    পরে স্থানীয় লোকজন সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা জয়কে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় আহত চালকের পরিবারের পক্ষ থেকে ধুনট থানায় লিখিত অভিযোগ করা হয়।

    ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকিবুল হাসান রাকিবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে বগুড়ার আদালতে পাঠানো হলে, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ,আর

  • এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা কারাগারে

    এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা কারাগারে

    আইন-আদালত:

    রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।

    আজ দুপুরের পর মাকসুদা বেগমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    গতকাল সোমবার মাকসুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিনে এমপি গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

    এর আগে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে আটক করা হয়।

    রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।

    আজ দুপুরের পর মাকসুদা বেগমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    গতকাল সোমবার মাকসুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। একই দিনে এমপি গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

    এর আগে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে আটক করা হয়।এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকসুদা বেগম ও মাসুম বিল্লাহর শ‍্যালক ওবায়দুর রহমান—এই তিনজনকে আসামি করা হয়।মামলায় বাদী অভিযোগ করেন, গত জুনে গাজী নজরুলের সঙ্গে ভুক্তভোগীর ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। তিনি সংসদ সদস্য হওয়ায় ভুক্তভোগী মরিয়ম, এমপির প্রথম স্ত্রী মাকসুদা বেগমসহ শেরেবাংলা নগর থানার মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন। আসামি ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজরুল ও তাঁর প্রথম স্ত্রী ভুক্তভোগী মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম বিভিন্ন সময়ে মোবাইল ফোনে তাঁর পরিবারকে জানিয়েছেন। গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ভুক্তভোগীর বাবাকে ফোন করে দ্রুত তাঁদের বাসায় যেতে বলেন। বাসায় গিয়ে মরিয়মের বাবা জানতে পারেন, বাসার ভেতরের কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শেরেবাংলা নগর পুলিশ পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরিয়মের লাশ উদ্ধার করে। এ সময় বিছানা থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং আসামিদের প্ররোচনায় তাঁর মেয়ে মরিয়ম আত্মহত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।