দিনাজপুরের বিরল উপজেলায় রেললাইনের ওপর বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ওই ইউনিয়নের ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত জামাল কানে শুনতেন না। ট্রেন আসার শব্দ ও হুইসেলের আওয়াজ শুনতে না পাওয়ার কারণেই তিনি লাইন থেকে সরে যেতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, সকালে জামাল নামের ওই বৃদ্ধ বিরল উপজেলার ডিপপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন। পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন অতিক্রম করার সময় তিনি লাইনের ওপরই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
