কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ নিহত ৪

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন- রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল, তাদের এক শিশু সন্তান এবং সিএনজি চালক জয়নাল আবেদীন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজনরা জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় রেল আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হতে চেষ্টা করে। এ সময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।