নিষিদ্ধ আ’লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে সিলেটে দুই মন্ত্রীর নেতৃত্বে বিএনপির মিছিল

প্রতিবেদন:

·

, , , , ,

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে আগুন সন্ত্রাসের প্রতিবাদে সিলেটের রাজপথে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর নেতৃত্বে সিলেটে এমন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে (বাদ আছর) বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মিছিল পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘জনগণের প্রতিরোধের মুখে এই আগুন সন্ত্রাসীদের শেষ অস্তিত্বও বিলীন হয়ে যাবে। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বোমা নিক্ষেপ করে, আগুন দিয়ে প্রমাণ করেছে তারা আসলে সন্ত্রাসী। তাদের রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। জনগণের মধ্যে তাদের কোনো জায়গা নেই। দেশবাসী তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

প্রবাসী কল্যাণ মন্ত্রীর কঠোর বার্তা

সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না, তাহলে সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন।’

এ সময় তিনি সিলেটবাসীকে অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের রুখে দেয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।