কমলার
একসময়ের বিদেশি ফল হিসেবে পরিচিত কমলা এখন সফলভাবে চাষ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দুই উদ্যোক্তার গড়ে তোলা বাগানে থোকায় থোকায় ধরেছে চায়না জাতের কমলা। প্রায় ১০০ শতক জমির দুটি বাগান থেকে চলতি মৌসুমে প্রায় সাত টন কমলা উৎপাদনের আশা করছেন তাঁরা, যার সম্ভাব্য বাজারমূল্য ১৪ থেকে ১৫ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, বাগানের গাছগুলোতে সবুজ পাতার ফাঁকে ঝুলছে সোনালি ও হলুদ রঙের কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছের ডাল। বাগানিরা একদিকে পাকা কমলা সংগ্রহে ব্যস্ত, অন্যদিকে এই দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
উদ্যোক্তা আলমগীর ও খোকন মিয়া প্রায় ১০০ শতক জমিতে ১৬০ থেকে ১৭০টি চায়না জাতের কমলাগাছ রোপণ করেছেন। চলতি মৌসুমে এসব গাছ থেকে প্রায় সাত হাজার কেজি কমলা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাগানমালিক খোকন মিয়া জানান, স্থানীয় মাটিতে কমলা চাষের সম্ভাবনা কাজে লাগাতেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার কারণে ভালো ফলন পাওয়া গেছে, যা কৃষিতে নতুন করে বিনিয়োগের সাহস জোগাচ্ছে।
কমলা বাগানের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন। কেউ বাগান ঘুরে দেখছেন, কেউ আবার গাছ থেকে নিজের হাতে কমলা পেড়ে কিনছেন।
দর্শনার্থীরা মনে করছেন, দেশের মাটিতে বিদেশি জাতের ফলের এমন সফল আবাদ স্থানীয় তরুণদের প্রচলিত ফসলের বাইরে লাভজনক কৃষিকাজে আগ্রহী করে তুলছে। ইতিমধ্যে আশপাশের অনেকেই নতুন বাগান গড়ে তুলতে চারা রোপণ শুরু করেছেন।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম বলেন, উপজেলার মাটি ও জলবায়ু বিভিন্ন ধরনের ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষিতে বৈচিত্র্য আনতে নতুন ফলের বাগান করার ব্যাপক সুযোগ রয়েছে। কমলার ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকরা এখন এ চাষে আগ্রহী হয়ে উঠছেন।
