সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

প্রতিবেদন:

·

, , , , ,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা শনিবার রাত সাড়ে ৩টার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরিবারের সদস্যরা যেন প্রাণরক্ষায় বাড়ির ভেতর থেকে বের হতে না পারেন, সে উদ্দেশ্যে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে তাদের প্রাণনাশের উদ্দেশ্যে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ অত্যন্ত নৃশংস ও কাপুরুষোচিত। এর আগে ডাকসু সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় আওয়ামী সন্ত্রাসীরা। আমরা এসব ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতারা বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে হাজার হাজার মানুষকে হত্যা করে অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে আবারও সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী দুষ্কৃতকারীরা হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলা, বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। অথচ এসব সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।’

নেতারা আরো বলেন, ‘একদিকে বিএনপি সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। অন্যদিকে গণহত্যায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের বিচার না করে তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে ফ্যাসিস্টদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার পথ তৈরি করে দিচ্ছে। ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জাতীয় নেতা, ছাত্রপ্রতিনিধি ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে। দেশের নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও নাশকতার ঘটনা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বিবৃতিতে নেতারা ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী সংঘটিত নাশকতার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সাথে গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।