মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিবেদন:

·

, , , , ,

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দু’টি শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২২ নভেম্বর) সকালে ব্যাংক সংশ্লিষ্টরা অফিসে এলে আতঙ্ক দেখা দেয়। এর আগে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংক ও শুক্রবার (২০ নভেম্বর) রাতে শিবচরের উমেদপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখার সামনে এসব ঘটনা ঘটে।

শনিবার ‍দিবাগত রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে বোমা দু’টি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অন্যদিকে, শুক্রবার ‍দিবাগত রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাইরে থেকে দু’টি ককটেল ও দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কেন্দুয়া গ্রামীণ ব্যাংক শাখায় দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।