যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার। এ ছাড়া হামলায় বহু শিশু গুরুতর শারীরিক আঘাতের শিকার হয়েছে। খবর আলজাজিরার।
যুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। নিহতদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের দুটি স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে বেহরুজ-আজার বলেন, ‘আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক।’
তিনি জানান, হামলা থেকে বেঁচে যাওয়া অনেক শিশু স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হয়েছে। তাদের কারও হাত-পা বিচ্ছিন্ন হয়েছে, কেউ হাড় ভাঙা এবং কেউ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক দগ্ধ হওয়ার মতো আঘাত পেয়েছে।
বেহরুজ-আজার বলেন, ‘এসব আঘাত ও মানসিক ট্রমার বিষয়ে আমাদের কথা বলার দায়িত্ব রয়েছে।’
তিনি আরও বলেন, আহত শিশুদের দুর্ভোগের বিষয়টি এখনো অনেকাংশে আড়ালে রয়ে গেছে।
