যশোরের বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত বিক্ষোভ মিছিলে বন্দর এলাকার হাজার হাজার হ্যান্ডেলিং শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এখানে কোনো নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড বা নৈরাজ্য সৃষ্টি করে বন্দরের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে শ্রমিক সমাজ তা কঠোরভাবে প্রতিহত করবে।
সমাবেশে নেতৃত্ব দেন ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবার রহমান তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকছুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন।
এ সময় দুই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
