চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে।‌ র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চে এসে শেষ হয়। র‍্যালি শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৃক্ষমেলার। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে ৩০ জুলাই থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা। জেলার চারটি উপজেলা থেকে অংশ নেয়া মোট ১৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছসহ নানা ধরনের বৃক্ষ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Read this report in English · ইংরেজি সংস্করণ