দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং মহান বিজয় দিবস উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র্যালি, রক্তদান ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন আয়োজন করবে দলটি। এসব কর্মসূচির মধ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা এবং বিজয়ের মাসে মুক্তিযুদ্ধসংশ্লিষ্ট আয়োজনও রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ও সহিংসতা শুরু করেছে। একই সঙ্গে তৈরি পোশাক খাতের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ হলে সংকট আরও বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। তার ভাষ্য, এসব ঘটনা শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ থাকেনি, ২২টি জেলায় সংঘাত ছড়িয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। তবে এ ক্ষেত্রে সহিংসতার পরিবর্তে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ অনুসরণ করবে দলটি।
নভেম্বরের কর্মসূচির অংশ হিসেবে ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। সন্ত্রাস, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ আয়োজন করা হবে।
২৫ নভেম্বর ঢাকা ছাড়া ১১টি মহানগরীতে একই দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন করবে দলের মহিলা বিভাগ। ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা করবে দলটি।
ডিসেম্বরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে আলোচনা সভা। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে জামায়াত।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালি আয়োজনের পরিকল্পনা রয়েছে দলটির।
এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া এবং ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা হবে। ২১ ডিসেম্বর প্রকৌশলী ও ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগেও পৃথক আলোচনা সভা আয়োজন করা হবে।
কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে জামায়াত।
Read this report in English · ইংরেজি সংস্করণ
