রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
সভায় সিদ্ধান্ত হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভর্তির যোগ্যতা : ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে।
এ ছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ অর্জন করতে হবে।
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। এ ছাড়া প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট অর্জন করতে হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে এ জন্য গঠিত স্টিয়ারিং কমিটির।
Read this report in English · ইংরেজি সংস্করণ
