সাতক্ষীরায় গাড়িচাপায় রহিমা বেগম (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাঁশঘাটা গ্রামের মরহুম ইউসুর আলীর স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার এসআই অর্ণব সাহা বলেন, ‘স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রহিমা বেগম একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রায় সময় তিনি একা একা রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার ভোররাতের কোনো এক সময় সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কী ধরনের গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
সাতক্ষীরা সদর থানার ওসি মো: শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
