বিডি গ্লোবাল ডেস্ক,
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজের সাত দিন পর ব্যাটারিচালিত অটোরিকশাচালক আরমান ফকির (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন হাসনাবাদ নয়াহাটি এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকির বাড়ির সালাউদ্দিন ফকিরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ডাকে বাড়ি থেকে বের হন আরমান। এরপর আর বাড়ি ফেরেননি। আজ সকালে আড়িয়াল খাঁ নদীতে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। উদ্ধারের পর লাশটি আরমানের বলে শনাক্ত করেন স্থানীয়রা।
নিহতের ছোট ভাই জানান, গত রোববার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ডাকে বাড়ি থেকে বের হন। এক সপ্তাহ পর আজ তার লাশটি আড়িয়াল খাঁ নদীতে পাওয়া গেছে।
এ ব্যাপারে আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে রায়পুরা থানায় খবর দিলে লাশ উদ্ধার করি। তবে লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘পরিবারের দাবি লাশটি আরমানের। তবে ডিএনএ টেস্ট করতে হবে। লাশটি ময়নাতদন্তের জন্য নরদিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
