বিডি গ্লোবাল ডেস্ক,
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ১৩টি ব্যাটেলিয়নে ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম এসব তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, বিজিবি সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় এক হাজার ২০৪ কিলোমিটার সীমান্তের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭মিটার ডেটোনেটরের তার উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩টি ব্যাটালিয়ন মোট তিন লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৭৫৫ বোতল বিদেশী মদ, ১৬ হাজার ৬৮০ বোতল ফেনসিডিল ও কফ সিরাপ এবং চার লাখ ৩২ হাজার ৫১০ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে। এসময় আটক করা ৩৩৩ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম আরো বলেন, ‘প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ পাথর ও বালু উত্তোলন বিরোধী অভিযানেও সাফল্য পেয়েছে বিজিবি। এসব অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও আট হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরাম বক্স মাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপনসহ পাঁচটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।‘
এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুজব, উসকানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
