বিডি গ্লোবাল ডেস্ক,
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো: রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মরহুম শাহ আলমের বড় ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান রুবেল। সেখানে ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন তিনি। শনিবার রাতে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনার ঘটনাস্থলেই রুবেল মারা যান।
রুবেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্য ও স্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানান, এ বিষয়ে তিনি খোঁজখবর নেবেন। লাশ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে সার্বিক সহযোগিতা করা হবে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
