আমার পরিবারের ওপর হামলার দায় নিতে হবে ওসিকে
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এসে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন । তার কিংবা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার ওসিকে নিতে হবে বলেও মন্তব্য করেছেন এই বীর মুক্তিযোদ্ধা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এক লাইভে এসব কথা বলেন মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন।
লাইভে তিনি অভিযোগ করেন, যেকোনো সময় তার বিরুদ্ধে মামলা দেয়া হতে পারে। ওসির চাকরি চলে যাওয়ার আশঙ্কা থেকে তাকে দেখে নেয়ার হুমকিও দেয়া হতে পারে বলে দাবি করেন তিনি।
ওসির কথিত অনিয়ম ও অপকর্মের বিষয়ে কথা বলার কারণেই তিনি পুলিশের ওই কর্মকর্তার রোষানলে পড়েছেন বলেও অভিযোগ করেন।
আখতারুজ্জামান রঞ্জন আরো দাবি করেন, কটিয়াদীতে মাদকের গডফাদার ওসি। উপজেলার নয়টি ইউনিয়নে ওসির মনোনিত ৩০ জন মাদক কারবারির সাথে জড়িত। ওসি সারা রাত উপজেলাজুড়ে ঘোরাফেরা করেন এবং মাদকসহ আসামি গ্রেফতারের পর তাদের কাছ থেকে অর্থ আদায় করেন বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ওসির ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত একাধিক মোবাইল ফোনের তথ্য যাচাই করলে তার যোগাযোগ ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও লাইভে মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।
নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে তার বা পরিবারের কারো ওপর কোনো হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকেই এর দায় নিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানা কটিয়াদীর গচিহাটা বাজারে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকায় নিয়ে অস্ত্রোপচার করানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং পাল্টাপাল্টি বক্তব্যের সৃষ্টি হয়েছে।
তবে ফেসবুক লাইভে মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের তোলা অভিযোগগুলোর বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলামের জানান, উপজেলাবাসী আমার কর্মকাণ্ড বিষয়ে অবগত আছেন। আমি যেসব ভাল কাজ করছি জনসাধারণ তার সাক্ষী। মেজর আখতার আমাকে নিয়ে যেসব অপপ্রচার চালাচ্ছেন, এসবের প্রমাণ দেয়ার আহ্বান জানাই।
Read this report in English · ইংরেজি সংস্করণ
