হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

প্রতিবেদন:

·

,

হরমুজ প্রণালি ও এর আশপাশে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রণালিটিতে ৪টি ট্যাংকারের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

সোমবার (০৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরআইবি জানায়, হামলা চালিয়ে ৪টি ট্যাংকারকে থামিয়ে দেওয়া হয়েছে। তবে জাহাজগুলোর পরিচয়, অবস্থান কিংবা কীভাবে সেগুলোর চলাচল বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে নিজেদের আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। ইরানের দাবি, প্রণালির উত্তর অংশে নিজেদের উপকূলের কাছের নৌপথ ব্যবহার করতে হলে সব বাণিজ্যিক জাহাজকে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র দক্ষিণের নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করছে। তবে ওই পথ ব্যবহারকারী কয়েকটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব জাহাজ দক্ষিণের পথ ব্যবহার করছিল বলে অভিযোগ তেহরানের। গত কয়েক সপ্তাহে ইরানি কর্তৃপক্ষ একাধিকবার দাবি করেছে, দক্ষিণের নৌপথ ব্যবহারকারী জাহাজগুলো সমুদ্রের মাইন বিস্ফোরণের শিকার হয়েছে। এতে কয়েকটি জাহাজে আগুন ধরে যায় বলেও জানিয়েছে তারা। জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও দক্ষিণের নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বন্দর ও জাহাজের ওপর মার্কিন সামরিক অবরোধ লঙ্ঘনের অভিযোগে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে দেশটির বাহিনী। ইরানের তেল ও গ্যাস বিক্রি বন্ধ করতেই এ অবরোধ দেওয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির ঠিক পূর্বে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের চলাচল অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকেরা বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করেন এবং একাধিকবার ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ