লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদন:

·

, , , , ,

নাটোরের লালপুরে বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সায়েরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার আজিমনগর রেলস্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত সায়েরা বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলার মখড় গ্রামের মরহুম লালুর স্ত্রী ও স্থানীয় হোটেল কর্মচারী আবু শাহীনের মা।

ঈশ্বরদী রেলওয়ে থানা, আজিমনগর রেলওয়ে স্টেশন ও লালপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের এক নম্বর প্লাটফর্মের পশ্চিম প্রান্ত দিয়ে রেললাইন পার হওয়ার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লালপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আজিজনগর স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ঈশ্বরদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে পরিচয় শনাক্ত করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিচয় শনাক্ত করার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ