রাজশাহী জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন নবনির্বাচিত আমির

প্রতিবেদন:

·

, , , , ,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাবেক আমির মরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করেছেন সংগঠনটির নবনির্বাচিত মহানগর আমির অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহানগর জামায়াতের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারত শেষে অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘মরহুম আতাউর রহমান রাজশাহী মহানগর জামায়াতের দায়িত্ব পালনকালে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি যে আদর্শ ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা ধারণ করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও সুসংহত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দায়িত্বের পরিবর্তন হলেও দ্বীনের পথে কাজ করার অঙ্গীকার ও আদর্শের ধারাবাহিকতা অটুট রাখতে হবে। মরহুমের অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এ সময় মহানগর জামায়াতের নেতৃবৃন্দ মরহুম আতাউর রহমানের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সংগঠনের জন্য তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে তার রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল ও শাহাদাত হোসাইন, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Read this report in English · ইংরেজি সংস্করণ