নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামের একটি বাড়ির পেছনে সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত মাইসা ইলহান নুয়া বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে সদর উপজেলার মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়াশোনা করত নুয়া। প্রতিদিন সকালে মাদরাসায় গিয়ে দুপুরে বাড়ি ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় যেত সে। সোমবার বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
