লালমনিরহাটে গোডাউন থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রতিবেদন:

·

, , , , ,

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাটে একটি গোডাউন থেকে বালিফিন্দি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় গোডাউনের ভেতর থেকে আহত অবস্থায় নুরুননাহার বেগম নামে এক নারীকে উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকার একটি গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ভোর ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহত নারীকে উদ্ধার করে। পরে আহত নারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃত বালিফিন্দি বেগম উত্তর বিচনদই গ্রামের বাসিন্দা। তিনি মরহুম এলাহীর স্ত্রী। গোডাউনটির কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজু তার আপন ফুপু।

এদিকে গোডাউনের জমি ও মালিকানা নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে। গোডাউনটির মূল মালিক নুরুদ্দিনের অগোচরে স্থানীয় আবু শাহজালালের কাছে জমি ও গোডাউন বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর সাথে আবু শাহজালালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

কালীগঞ্জ থানার ওসি মঞ্জুরে এলাহী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাটে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ