ফিলিস্তিনি শিশুদের চেয়ে ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

প্রতিবেদন:

·

, ,

ফিলিস্তিনি শিশুদের জীবনের তুলনায় নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ারকে কোনোভাবেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন। গাজায় ইসরাইলের সামরিক অভিযানে শিশুদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেছেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে কেউ তার সঙ্গে কাজ করতে না চাইলে তাতেও আপত্তি নেই তার।

৬৯ বছর বয়সি এই অভিনেত্রী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘জুলিয়েট স্টিভেনসন অন গাজা: আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য সাইলেন্স ইন মাই ইন্ডাস্ট্রি’।

পেশাগত জীবনে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার প্রভাব সম্পর্কে জানতে চাইলে স্টিভেনসন বলেন, তার বক্তব্য কারও পছন্দ না হলে সেই ব্যক্তি তার সঙ্গে কাজ না-ও করতে পারেন। নিজের বিশ্বাসের কারণে পেশাগতভাবে কোনো শাস্তির মুখে পড়লেও সংশ্লিষ্ট জায়গায় থাকার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মনে করি না ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ। সত্যিই, আমি এমনটা একেবারেই মনে করি না।

জীবনের শেষ সময়ে পেছনে ফিরে তাকিয়ে যেন বলতে পারেন, সঠিক সময়ে সঠিক কাজটি করার চেষ্টা করেছিলেন—এটাই তার প্রত্যাশা।

তবে অভিনয় ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই স্টিভেনসনের। অভিনয়কে ভালোবাসেন জানিয়ে তিনি বলেন, নিজের কাজ চালিয়ে যেতে চান। মানুষের কাছে বক্তব্য পৌঁছে দিতে তার পরিচিতি ও সামাজিক অবস্থানও গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে এখন পর্যন্ত পেশাগতভাবে কোনো শাস্তির মুখে পড়েছেন বলেও মনে করেন না তিনি। বরং গত বছরে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কাজ করেছেন।

গাজার শিশুদের দুর্ভোগে উদ্বেগ

সাক্ষাৎকারে গাজার শিশুদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্টিভেনসন। তিনি বলেন, পৃথিবীর সব মা-বাবাই সন্তানদের সমানভাবে ভালোবাসেন। ফিলিস্তিনি মা-বাবারাও অন্য দেশের অভিভাবকদের মতোই নিজেদের সন্তানদের ভালোবাসেন। অথচ তাদের সন্তানদের ওপর ভয়াবহ দুর্ভোগ নেমে আসার পরও রাজনীতিবিদেরা কীভাবে নীরব থাকছেন, তা তিনি বুঝতে পারেন না।

তার ভাষ্য অনুযায়ী, গাজায় অসংখ্য শিশু পরিবারের সবাইকে হারিয়েছে। অনেক মা-বাবা সন্তান হারিয়েছেন। অপুষ্টিতে ভুগছেন অন্তঃসত্ত্বা নারীরা। তাদের অনেকেই অপরিণত ও অত্যন্ত কম ওজনের সন্তান জন্ম দিচ্ছেন, যাদের বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, গাজার অধিকাংশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যেসব হাসপাতালে এখনো চিকিৎসা চলছে, সেখানেও প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের সংকট রয়েছে। মা ও নবজাতকদের চিকিৎসার সুযোগও সীমিত হয়ে পড়েছে।

গাজার পরিস্থিতি দেখে বিশ্বের যেকোনো মায়ের আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ফিলিস্তিনি মায়েদের পাশে দাঁড়ানোর আহ্বান

সাক্ষাৎকারে ফিলিস্তিনি মা-বাবার প্রতি ব্রিটিশ মায়েদের সংহতি জানানোর একটি উদ্যোগের কথাও তুলে ধরেন স্টিভেনসন।

এ উদ্যোগের অংশ হিসেবে অভিনেত্রী জুডি ডেঞ্চ, মীরা সায়াল, সিয়েনা মিলারসহ শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন অভিভাবকত্ব বিষয়ক প্ল্যাটফর্ম মামসনেটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্টসকে চিঠি লিখেছিলেন তিনি।

চিঠিতে তাদের দাবি ছিল, গাজায় আটকে থাকা মাতৃসেবা ক্লিনিকগুলোকে মিসর থেকে প্রবেশের সুযোগ দিতে এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারকে চাপ দিতে হবে। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহের বিষয়টিও গুরুত্ব পায়।

স্টিভেনসন বলেন, ব্রিটিশ মায়েদের সংগঠিত করে গাজার মায়েদের পাশে দাঁড়াতে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। গাজার মানুষের দুর্ভোগ দেখে অনেকেই কিছু করতে চান, কিন্তু কীভাবে এগোবেন তা বুঝতে পারেন না। এ উদ্যোগ তাদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে।

ইহুদি পরিবারের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেন

ফিলিস্তিনের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের পারিবারিক পটভূমির কথাও বলেন স্টিভেনসন। বহু বছর আগে ফিলিস্তিনিদের পরিস্থিতি সম্পর্কে জানার পর থেকেই বিষয়টি তাকে নাড়া দিয়েছিল। তার কাছে এটি চরম অবিচারের একটি উদাহরণ।

স্টিভেনসনের স্বামী হিউ ব্রডি ইহুদি। তার শাশুড়ি হিটলারের নাৎসি শাসনামলে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে শরণার্থী হিসেবে পালিয়ে বেঁচেছিলেন।

স্টিভেনসন বলেন, হলোকাস্টের ভয়াবহতা এবং ইহুদিদের নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজনীয়তা তিনি বোঝেন। ইহুদিবিদ্বেষের ভয়াবহতা সম্পর্কেও সচেতন তিনি। তবে ইসরাইল সরকারের কর্মকাণ্ডের সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার বিরোধিতা করেন।

তিনি বলেন, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তবে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সহিংসতা ওই অঞ্চলের কারও জন্যই কল্যাণকর নয়।

শিল্পাঙ্গনের নীরবতায় হতাশা

গাজার পরিস্থিতি নিয়ে ব্রিটেনের শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিদের নীরবতায় হতাশা প্রকাশ করেন স্টিভেনসন। নিজের শিল্পাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নীরবতা তাকে গভীরভাবে হতাশ করেছে বলে জানান তিনি। ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

তার ভাষায়, ‘এই পর্যায়ে নীরব থাকা কোনো নিষ্ক্রিয় অবস্থান নয়। বরং এটি সক্রিয় সিদ্ধান্ত—অন্যায়ের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত। ’

স্টিভেনসনের মতে, শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব মানুষের জীবন, অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরা। ফিলিস্তিনের পরিস্থিতির ক্ষেত্রেও তাদের সেই দায়িত্ব পালন করা উচিত।

তিনি আরও বলেন, নাৎসি জার্মানির সময় যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেননি, ইতিহাসে তাদের কঠোরভাবে বিচার করা হয়। অথচ বর্তমান সময়ের অন্যায়ের ক্ষেত্রে একই ধরনের নৈতিক অবস্থান নিতে অনেকেই পিছিয়ে থাকছেন।

ভ্যানেসা রেডগ্রেভের প্রশংসা

ফিলিস্তিনের অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা রেডগ্রেভের ভূমিকার প্রশংসা করেন স্টিভেনসন। মানবাধিকার রক্ষায় রেডগ্রেভের দীর্ঘদিনের অবস্থান ও প্রতিবাদ শিল্পাঙ্গনের মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন তিনি।

যেসব তরুণ শিল্পী পরিচিতি বা তারকাখ্যাতি না থাকলেও যুদ্ধবিরোধী আন্দোলন ও মানবিক উদ্যোগে যুক্ত রয়েছেন, তাদেরও প্রশংসা করেন স্টিভেনসন।

ফিলিস্তিনের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মানুষের মনোযোগে ফিলিস্তিনের বিষয়টি ধরে রাখা জরুরি। গণমাধ্যমে এ পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং শান্তি ও ন্যায়বিচারের আন্দোলন সক্রিয় রাখাই তার লক্ষ্য।

নিজের একটি ব্যক্তিগত নীতির কথা জানিয়ে স্টিভেনসন বলেন, ‘হতাশা এমন এক বিলাসিতা, যা আমাদের বহন করার সামর্থ্য নেই। ’

জুলিয়েট স্টিভেনসন ব্রিটেনের মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়েও কাজ করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরেও লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে গাজায় শিশুদের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই অভিনেত্রী।

Read this report in English · ইংরেজি সংস্করণ