জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে অবতরণ করে। সেখান থেকে ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে তার অন্তালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন।
আগামী ১১ ও ১২ নভেম্বর অন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, ‘‘বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন আমাদের প্রধান অগ্রাধিকার।’’
সম্মেলনে বাংলাদেশের বিশেষ উদ্যোগ
সম্মেলনের ‘গ্রিন জোনে’ বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে। এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা প্রদর্শন করা হচ্ছে। এর পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টি আলোচনায় রয়েছে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোনে’ দুটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর একটি হবে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকি বিষয়ে এবং অপরটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সাথে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক (এসডিজি) অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।
উল্লেখ, ‘কপ’ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হচ্ছে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন। চলতি বছরের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার কো-চেয়ারের দায়িত্ব পালন করছে। সম্মেলন শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
