ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) সকালে শ্রেণিকক্ষে কালো মাস্ক ও নিকাব পরে এবং লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাঁরা এ প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন ওই শিক্ষক। একই শ্রেণিকক্ষে একটি বেঞ্চে ছয়জন ছাত্র বসে থাকায় তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শিক্ষার্থীরা জানান, বৈষম্য, অপমান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান জানাতে এ কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে এসব আচরণকে সমর্থনকারীদের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। কর্মসূচিতে ‘Red Card to Racist, Classist and Hypocrite’ এবং ‘Red Card to Those Who Support Discrimination, Humiliation and Bullying’ স্লোগান ব্যবহার করা হয়।
ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, নিকাব পরার কারণে এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলেছিলেন তাসনিম সিরাজ মাহবুব। এ ছাড়া একই বেঞ্চে ছয়জন ছাত্র বসায় তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করেন বলে অভিযোগ করেন তিনি।
নায়েমের দাবি, পরবর্তী সময়ে ওই শিক্ষক ফেসবুক লাইভে এসব অভিযোগের বিষয়টি যথাযথভাবে তুলে না ধরে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একপাক্ষিক বক্তব্য দিয়েছেন। তাঁর অভিযোগ, সামিনা লুৎফা, শিক্ষক নেটওয়ার্ক ও ওই শিক্ষকের অন্য সমর্থকেরা তাঁকে প্রকাশ্যে সমর্থন দিয়ে শিক্ষার্থীদেরই মূল অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। সোমবারের কর্মসূচি এসব অবস্থানের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ বলে জানান তিনি। এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, এ মুহূর্তে বিষয়টি নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি তখন অফিসে ছিলেন না। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়ে থাকলে তা পর্যালোচনা করে বিষয়টি সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। একই সঙ্গে অন্য শিক্ষকদেরও এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর পরদিন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কালো মাস্ক ও নিকাব পরে লাল কার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থী মোহাম্মদ নায়েমের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষক এবং তাঁর প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের অবস্থানের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
