সিংগাইরে পরকীয়ার জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

পরকীয়া প্রেমের অভিযোগ ও পারিবারিক কলহের জেরে স্বামীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাশেদুল ইসলাম (৩৮)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ধুবনী গ্রামের মরহুম ছোরমান আলীর ছেলে ও দুই সন্তানের জনক। রাশেদুল ঢাকার সাভারের রাজ ফুলবাড়িয়া এস কে এইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত স্ত্রী হাসনা আক্তার (৩২)। তিনি ভারটেক্স গার্মেন্টসের মেশিন অপারেটরের কাজ করতেন। তারা দু’জনেই একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ২০১৯ সালে দক্ষিণ ধল্লা গ্রামে বিভিন্ন জেলার ১২ জন লোক মিলে একটি জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। ইতোমধ্যে নয়টি পরিবার ওই জায়গায় বসবাস শুরু করেছেন। এদের মধ্যে রাশেদুল ও হাসনা দম্পতির পরিবারও রয়েছে।

পাশের রুমের বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজ (বৃহস্পতিবার) ভোররাতে তাদের দুই সন্তানের চিৎকার শুনে আমরা সবাই এগিয়ে যাই। ঘরের বাইরে থেকে রাশেদুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। অন্যদিকে, স্ত্রীকে মারমুখী অবস্থায় ছুরি হাতে দেখা গেছে।

সন্তানদের মাধ্যমে তাদের ঘরের তালা খুলে আহত রাশেদুলকে হাসপাতালের নেয়ার জন্য বাড়ির পাশে রাস্তায় বের করলে সেখানে তার মৃত্যু হয়। এই সুযোগে ঘাতক স্ত্রী হাসনা পালিয়ে যায়।

নিহতর ছেলে আবুল হাসান জানায়, আমি আর বাবা এক রুমেই ঘুমিয়েছিলাম। পাশের রুমে বোনকে নিয়ে ঘুমিয়েছিলেন মা। ভোররাত ৪টার দিকে বাবার চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। এ সময় বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। মাকে পাশেই রক্তাক্ত ছুরি হাতে
দাঁড়িয়ে থাকতে দেখি এবং মা বলতে থাকে, অন্য নারীর সাথে তোর সম্পর্কের স্বাদ মিটিয়ে দিলাম। মা তার বাবাকে খুন করেছে বলে ছেলের দাবি।

অপরদিকে, নিহতের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী রুমাইয়া জানায়, মা একটি ধারালো ছুরি এনে আলমারিতে লুকিয়ে রেখেছিল। আমি জিজ্ঞাসা করলে মা উত্তর দিয়েছিল, এটা দিয়ে তোমার বার্থডের কেক কাটা হবে। সেই ছুরি দিয়েই মা আমার বাবাকে খুন করেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লাশের রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ