পতিত জমিতে পেঁপের বাগান

প্রতিবেদন:

·

, , , ,

দিনাজপুরের নবাবগঞ্জে পতিত ৫০ শতক জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষক আবদুল খালেক। ৫৭০টি পেঁপেগাছের বাগান থেকে এক দফা ফল বিক্রি করেই আয় করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। পেঁপে চাষে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বাগানে এখনো প্রচুর পেঁপে থাকায় চলতি মৌসুমে ৭-৮ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি।

আবদুল খালেক নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর মৌজার কামালপুর গ্রামের বাসিন্দা। কৃষির প্রতি আগ্রহ থেকে পতিত ৫০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় জমিতে রোপণ করেন টপলেডি জাতের ৫৭০টি পেঁপেগাছ। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে বাগানের পেঁপে সংগ্রহ করে বাজারজাতও করছেন তিনি।

কৃষক আবদুল খালেক বলেন, পেঁপে চাষে এ পর্যন্ত তার প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এক দফা পেঁপে বিক্রি করে পেয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ পেঁপে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। বাগানে এখনো পর্যাপ্ত পেঁপে রয়েছে। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে চলতি মৌসুমে ৭-৮ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি।

তিনি আরও বলেন, অল্প জমিতে পরিকল্পিতভাবে পেঁপে চাষ করেও ভালো আয় করা সম্ভব। এ চাষে লাভের সম্ভাবনা দেখে আগামী বছর আরও বড় পরিসরে উচ্চফলনশীল টপলেডি জাতের পেঁপে চাষের পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয় কৃষক উজ্জ্বল মিয়া বলেন, আবদুল খালেকের পেঁপে বাগানের সাফল্য দেখে তিনিও আগ্রহী হয়েছেন। নিজের পতিত এক একর জমিতে বাণিজ্যিকভাবে টপলেডি জাতের পেঁপে চাষ শুরু করার পরিকল্পনা করছেন তিনি।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি বছর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পেঁপের ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ, সঠিক পানি ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যা জরুরি। রোগবালাই দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।