বিডি গ্লোবাল ডেস্ক,
রাজশাহীর দুর্গাপুরে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সুকুমার নামে এক ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উজানখলসী শেখের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জব্দ করা সারের মধ্যে ১০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার রয়েছে। পরে জব্দকৃত সার উপস্থিত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত ভ্যানে করে ২০ বস্তা সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভ্যানচালকসহ ভ্যানটি আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেয়া হলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সারগুলো জব্দ করেন। এ সময় ভ্যানচালক সুকুমারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্যানচালক সুকুমার উপজেলার বেলঘরিয়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। তিনি জানান, অপরিচিত এক যুবক দুর্গাপুর ফায়ার সার্ভিস মোড় থেকে তাহেরপুর বাজারের তিন রাস্তার মোড় পর্যন্ত ২০ বস্তা সার নেয়ার জন্য তার ভ্যান ভাড়া করেন। পরে উজানখলসী শেখের মোড়ে পৌঁছালে স্থানীয় যুবক জুয়েল খায়রুলসহ কয়েকজন তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
স্থানীয় কৃষক আবু সালেহ বলেন, কৃষকরা ঠিকমতো সার পাচ্ছেন না। অথচ অসাধু সার বিক্রেতারা সার অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরো কঠোর নজরদারি প্রয়োজন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক ড. মো: আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিব ফারজানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে। সার নিয়ে অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
