বিডি গ্লোবাল ডেস্ক,
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ ক্রয় রশিদ ছাড়া টিএসপি সার পরিবহনের দায়ে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর পরিবহন করা ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ।
অভিযান সূত্রে জানা যায়, বৈধ ক্রয় রশিদ ছাড়া ১৮ বস্তা টিএসপি সার পরিবহনের সময় মো. ইসমাইলকে আটক করা হয়। জব্দ করা সারগুলোর আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ও সন্তোষজনক জবাব দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সারগুলো জব্দের নির্দেশ দেন।
অভিযানে প্রসিকিউশন দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হাসান আতিকুর রহমান।
পরে জব্দ করা সার স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় দেওয়া হয়। তাঁদের উপস্থিতিতে স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করা হয়। সার বিক্রির ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং কৃষি উপকরণের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
