জাতীয়

  • আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

    আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

    আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।

    সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

    সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

    বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

    এছাড়া, বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক মাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

    আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

    হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

    ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

    এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। নির্বাসন ভেঙে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছিল, দণ্ডিত ও পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ ইসলাম

    শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ ইসলাম

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে শেখ হাসিনার আবেদনের খবর প্রকাশের পর এ দাবি জানান তিনি।

    সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর। ’

    এর আগে গত শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম।

    সেখানে তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই। এ বিষয়ে তাঁরা প্রস্তুত রয়েছেন।

    এদিকে, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    রয়টার্সের দেখা একটি চিঠি অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠান।

    চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

    একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বিধান বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

  • হাসিনার পাসপোর্ট চাওয়া ছিল বড় রাজনৈতিক ভুল: আসিফ নজরুল

    হাসিনার পাসপোর্ট চাওয়া ছিল বড় রাজনৈতিক ভুল: আসিফ নজরুল

    বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা বড় রাজনৈতিক ভুল করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর দাবি, এই পদক্ষেপের ফলে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের পথ আরও সহজ হয়েছে।

    সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

    নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা।

    তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। ’

    আসিফ নজরুল উল্লেখ করেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত ব্যক্তির নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার প্রয়োজন নেই। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফেরত আসতে হবে। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে সরাসরি বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

    সাবেক এই উপদেষ্টার মতে, নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজেই তাঁর প্রত্যর্পণের প্রক্রিয়া সহজ করেছেন। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া সম্ভব যে, দেশে ন্যায়বিচার পাওয়ার পরিবেশ রয়েছে বলেই তিনি ফিরতে চাচ্ছেন।

    তাঁর ভাষ্য, বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন যুক্তিতে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সুযোগ এতে আরও সংকুচিত হতে পারে। ফলে ভারতকে প্রত্যর্পণের বিষয়ে চাপ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থান আরও জোরালো করার সুযোগ তৈরি হয়েছে।

    পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন। ’

  • ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

    সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

    বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

    সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

    এদিকে, বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানান।

  • জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

    জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

    ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

    এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে।

    তিনি উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

    সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। আর সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যই হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান।

    তিনি আরো বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।

  • চৌগাছায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    চৌগাছায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

    সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, এসএম মমিনুর রহমান, হবিবর রহমান হবি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।

    সভায় গত মাসে উপজেলার বিভিন্ন মামলা ও অপরাধের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিজিবি কর্মকর্তাকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

    এ ছাড়া শহরের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়।

  • প্রাথমিক থেকে এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

    প্রাথমিক থেকে এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

    প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এই নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আওতায় আনার এই বড় ধরনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

    শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিকল্পনার কথা জানান।

    ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক নীতি-নির্ধারণী সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এনআইডি নিবন্ধনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, ৬ থেকে ১৬ বছর বয়সীদের ডেটাবেজ তৈরির সুবিধার্থে এই নিবন্ধন কার্যক্রম সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শুরু করা যেতে পারে।

    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি বিশদ কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি কার্যকর সুপারিশমালা তৈরির জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি অনুবিভাগ) মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

    বর্তমানে দেশে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ দেয় নির্বাচন কমিশন এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে বিভিন্ন নাগরিক সেবা ও পরিচয় নিশ্চিতের স্বার্থে এর চেয়ে কম বয়সীদেরও এনআইডির আওতায় আনার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। সেই দাবির আলোকেই অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নিয়ে এবার সক্রিয়ভাবে এগোচ্ছে কমিশন।

    এদিকে ইসির সর্বশেষ হালনাগাদকৃত পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

  • কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা

    কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা

    শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা।

    রবিবার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রমে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এর মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে।

    এদিকে, গত ৫ নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ শুরু হয়েছে । আজ অধিকাংশ কারখানায় বেতন পরিশোধ করা হবে বলে আশা করছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

    শিল্প পুলিশের মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইসরাইল হাওলাদার আজ বলেন, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ায় দু’একটি কারখানায় সমস্যা দেখা গেলে সেখানে ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে।

    মো. ইসরাইল হাওলাদার বলেন, আজ শিল্পাঞ্চলগুলোতে কোনো বিক্ষোভ, সংঘর্ষ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    এদিকে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    মোতায়েন করা বিজিবির সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

  • বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

    বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা বর্জন করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সুপার ফাইভ’-এর বাইরের নেতাদের একটি বড় অংশ। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না রাখায় ক্ষোভ প্রকাশ করে সভায় যোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের বাইরে অবস্থান নেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

    রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই ঘটনা ঘটে।

    বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ‘সুপার ফাইভ’-এর নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতারাও মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও নিজেদের অনুষ্ঠানে কথা বলার সুযোগ না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন।

    নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক সহসভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুপার ফাইভ মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও কেন্দ্রীয় নেতারা সেখানে কথা বলতে পারেন না। অথচ এটি মূলত কেন্দ্রীয় ছাত্রদলেরই অনুষ্ঠান। তাই তাঁরা সর্বসম্মতিক্রমে এই কর্মসূচি বর্জন করেছেন।’

    তাদের ভাষ্য, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের বাদ রেখে অন্য ইউনিটের নেতাদের মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টিকে তাঁরা সাংগঠনিকভাবে নিজেদের জন্য অসম্মানজনক মনে করছেন। এ কারণেই আলোচনা সভায় অংশ না নিয়ে মিলনায়তনের বাইরে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

    কেন্দ্রীয় নেতাদের একাংশের এই বয়কটের মধ্যেই টিএসসি মিলনায়তনে আলোচনা সভার কার্যক্রম অব্যাহত রাখেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান বয়কট করে বাইরে অবস্থান নেওয়া নেতাদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, মঞ্জুর আলম রিয়াদ, রিয়াদ রহমান, এইচ এম আবু জাফর, সাফি ইসলাম, শাহজাহান শাওন, তৌহিদুর রহমান আওয়াল, শ্রী মিঠুন কুমার দাস, সজীব মজুমদার, আরিফুল ইসলাম, আবুল বাশার, হাফিজুল্লাহ হীরা, কাজী জিয়াউদ্দিন বাসেত ও অলিউজ্জামান সোহেল রয়েছেন।

    এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে ফারুক হোসেন, মাসুদুর রহমান মাসুদ, হাসানুর রহমান হাসান, মুস্তাফিজুর রহমান রুবেল, বায়েজিদ হোসেন, মহিউদ্দিন রুবেল, ইব্রাহিম কার্দি, তানভীর আহমেদ তানু, তরিকুল ইসলাম তারেক, ফারহান আরিফুর রহমান, আসাদুজ্জামান রিংকু, গোলাম কিবরিয়া, শাকিল আহমেদ, শাকিল চৌধুরী, শাহাদাত হোসেন মানিক, শামীম হোসেন, ইব্রাহিম খলিল, সোহেল রানা, রাজু আহমেদ, সাদ্দাম হোসেন, জাহিদ হাসান শাকিল ও শাহিনুর রহমান শাহিন বয়কটে অংশ নেন।

    বাইরে অবস্থান নেওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন সহসাধারণ সম্পাদক আফজাল রহমান, আশিকুর রহমান সরকার, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ এবং পাঠাগারবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

    এ বিষয়ে বক্তব্য জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।