জাতীয়

  • সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

    সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

    জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়েছে। সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়।

    রোববার বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও কমিটির সদস্য তারেক রহমান।

    বৈঠকে আরও উপস্থিত আছেন— বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।

  • সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, আসতে পারে কয়েকটি বিল

    সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, আসতে পারে কয়েকটি বিল

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন।

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেছেন।

    সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে।

    চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে।

    এই বিলগুলোর ওপর আলোচনা হবে।

    আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

    স্বাভাবিক নিয়মে প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন, অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।

    এদিকে, চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

    সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে।

    পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান ও জনগুরুত্বসম্পন্ন কোনো ইস্যুতে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও নির্দিষ্ট সময় নির্ধারণ করে আলোচনা হতে পারে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে উপস্থাপন হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে। জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সেটি উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

    প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

    সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

    রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    ইউনিয়ন পরিষদের ভোটের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে।

  • বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ

    বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ

    বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

    শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিশেষ আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

    হাসনাত বলেন, ‘বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে। এ অবস্থানে স্ববিরোধিতা করছে তারা। চব্বিশকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণে তাদের এই হীনমন্যতা তৈরি হয়েছে।’

    তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করছে। তারা সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়। আসলে বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।

    বর্তমান প্রজন্মকে একটি ওয়েলফেয়ার স্টেট দিতে না পারলে কেউ ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

    তিনি বলেন, ‘চব্বিশের মধ্য দিয়ে যে রাষ্ট্র মেরামতের যাত্রা শুরু হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করেছে। বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ি, তার চালক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চেয়েছিলাম ঠিক করার পর তাকে গাড়িতে ওঠাতে। কিন্তু বিএনপি ঢোল বাজিয়ে তাকে গাড়িতে তুলে দিয়েছে বলেই তিনি চালাতে পারছেন না।’

    ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে চান না জানিয়ে হাসনাত আরও বলেন, ‘বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, অর্থনীতিতে বিনিয়োগ নেই। আমরা চাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেন ভবিষ্যতের কাঠগড়ায় না দাঁড়াই।’

  • ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

    ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নেতৃত্বে নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ পৌঁছেছে। শোভাযাত্রায় মোট ৭ কিলোমিটার রাস্তা হেঁটে মানিক মিয়া এভিনিউ পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    র‍্যালিতে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

    র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

    র‍্যালিটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

    এর আগে র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

    ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে র‍্যালি করছে বিএনপি।

  • প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

    প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

    ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রয়োজনে তাকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেন তিনি।

    শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী বলেন, আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন।

    কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন, প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।

    তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট এবং গুম-খুন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নারী-শিশুর রক্ত ঝরিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।

    পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। আপনারা উন্নয়নের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করবেন।

    সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে চাই। উন্নয়নের মাঠে, রাজপথে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব।

    নান্দাইলের স্থানীয় চণ্ডীপাশা স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশ বিশাল জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

  • ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

    ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি’। শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি।

    এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।

    বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে এ অনুষ্ঠানে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

  • যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত?

    যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত?

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ড. আবদুল আল-সাইয়েদ। মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই রাজনীতিকের দায়িত্ব গ্রহণের আগে তার কাজ, ক্ষমতা ও বেতন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। মার্কিন সিনেটের সদস্য হিসেবে তিনি কী কী দায়িত্ব পালন করবেন, জাতীয় নীতিনির্ধারণে তার ভূমিকা কতটা এবং এ পদে থেকে বছরে কত অর্থ বেতন পাবেন—এসব বিষয় নিয়ে আলোচনা চলছে।

    সিনেটরের বেতন কত?

    যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির একজন সাধারণ সিনেটরের বার্ষিক বেতন ১ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে প্রতি মাসে তার বেতন দাঁড়ায় প্রায় ১৮ লাখ টাকা। তবে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পরিবর্তিত হলে বেতনের বাংলাদেশি মুদ্রায় হিসাবও কমবেশি হবে।

    সিনেটরের দায়িত্ব ও ক্ষমতা কতটুকু?

    যুক্তরাষ্ট্রের জাতীয় আইনসভা কংগ্রেসের দুটি কক্ষের একটি হলো সিনেট। এটি উচ্চকক্ষ হিসেবে পরিচিত। দেশটির ৫০টি অঙ্গরাজ্য থেকে দুজন করে মোট ১০০ জন সদস্য এই কক্ষে প্রতিনিধিত্ব করেন।

    সিনেটর হিসেবে আল-সাইয়েদের দায়িত্ব শুধু আইন প্রণয়নের প্রস্তাব নিয়ে আলোচনা বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের বাজেট, গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ, পররাষ্ট্রনীতি এবং প্রেসিডেন্টের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও তার ভূমিকা থাকবে।

    আইন ও বাজেট প্রণয়ন: জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিল নিয়ে আলোচনা, সংশোধনী প্রস্তাব এবং চূড়ান্ত ভোটে অংশ নেওয়ার সুযোগ পাবেন আল-সাইয়েদ। স্বাস্থ্যসেবা, ওষুধের মূল্য, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য জনকল্যাণমূলক খাতের আইন প্রণয়নে তার ভোট গুরুত্বপূর্ণ হতে পারে। সাধারণ আইন পাসের ক্ষেত্রে সিনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। সাধারণত ১০০ সদস্যের মধ্যে অন্তত ৫১ জনের ভোট বিল পাসের জন্য যথেষ্ট।

    গুরুত্বপূর্ণ পদে নিয়োগ অনুমোদন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বিচারিক পদে নিয়োগের জন্য প্রার্থী মনোনয়ন দেন। তবে মন্ত্রিসভার সদস্য, বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং সুপ্রিম কোর্টের বিচারকদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কার্যকর করতে সিনেটের অনুমোদন প্রয়োজন। এ ধরনের প্রায় ১ হাজার ৩০০ গুরুত্বপূর্ণ পদে মনোনীত ব্যক্তিদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের পর অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় অংশ নেবেন আল-সাইয়েদ।

    আন্তর্জাতিক চুক্তি ও যুদ্ধনীতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশের আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের ক্ষেত্রেও সিনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো চুক্তি অনুমোদনে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন, অর্থাৎ অন্তত ৬৭টি ভোট লাগবে। পাশাপাশি বৈদেশিক সহায়তা, সামরিক ব্যয় ও যুদ্ধসংক্রান্ত নীতির ওপর নজরদারির দায়িত্বও পালন করবেন সিনেটররা।

    অভিশংসন বা ইমপিচমেন্টের বিচার: মার্কিন প্রেসিডেন্ট কিংবা শীর্ষ ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসনের অভিযোগ আনা হলে তার বিচার অনুষ্ঠিত হয় সিনেটে। এ ক্ষেত্রে সিনেট বিচারিক কক্ষ হিসেবে কাজ করে। বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে রায় দেওয়ার ক্ষেত্রে ভোট দিতে পারবেন আল-সাইয়েদ।

    নতুন হলেও ভোটের মূল্য সমান

    সিনেটে দায়িত্ব ও প্রভাবের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং কমিটিতে নেতৃত্বের অগ্রাধিকার নির্ধারিত হয়। তবে আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটের ক্ষেত্রে সব সিনেটরের ক্ষমতা সমান। অর্থাৎ দীর্ঘদিন দায়িত্ব পালন করা কোনো জ্যেষ্ঠ সিনেটরের ভোটের মূল্য যতটুকু, নবনির্বাচিত আল-সাইয়েদের ভোটের মূল্যও ঠিক ততটুকু।

    ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিলের ভোটাভুটিতে তার একটি ভোটও বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দুই দলের মধ্যে ভোটের ব্যবধান কম থাকলে তার অবস্থান জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।

    (সুত্র: আমার দেশ)

  • প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

    প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

    উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন আছেন। পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে ১৪ দিনের এই প্রশিক্ষণ শুরু হবে ৯ নভেম্বর। শেষ হবে ২২ নভেম্বর।

    উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

    এর আগে গত মে মাসে প্রথমবারের মতো প্রশিক্ষণ নিতে পাকিস্তান সফর করেন বাংলাদেশের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা। পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) তাঁরা প্রশিক্ষণ নেন। ৪ মে শুরু হওয়া ওই প্রশিক্ষণ শেষ হয় ২১ মে।

    সফরে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন অতিরিক্ত সচিব পদমর্যাদার, বাকি ১১ জন ছিলেন যুগ্ম সচিব পদমর্যাদার।

    দ্বিতীয় দফায় উচ্চতর প্রশিক্ষণের জন্য এবার লাহোর যাচ্ছেন ৩৫ কর্মকর্তা। তাঁদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা রয়েছেন। বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়ের।
    ৮ নভেম্বর তাঁদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের নাম নির্বাচন করা হয়।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ কর্মদিবসের মধ্যে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে।

    তালিকার এক নম্বরে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা জামান বলেন, পাকিস্তান সরকারের আমন্ত্রণে ১৪ দিনের এই প্রশিক্ষণে দেশটির প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হয়, তা শেখানো হবে। এ ছাড়া সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সরকারি নীতিকৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভারতের মুসৌরি ছিল বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের অন্যতম প্রধান গন্তব্য। ভারতের উত্তরাখন্ড প্রদেশের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিতে যেতেন বাংলাদেশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালে দিল্লিভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্সের (এনসিজিজি) সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পরে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় চুক্তি হয়। তৃতীয় দফায় ২০২৪ সালের ৩০ এপ্রিল ঢাকায় দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। সর্বশেষ চুক্তিটির মেয়াদ ছিল এক বছর। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছিল।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর পর থেকে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানো হয়নি। রাজনৈতিক পালাবদল, কূটনৈতিক টানাপোড়েন, চুক্তির মেয়াদ শেষ হওয়া ও ভিসা জটিলতার কারণে প্রশিক্ষণ কার্যক্রমটি বন্ধ রয়েছে। এর পরিবর্তে উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে।

    কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণের জন্য ভারত ও পাকিস্তান—দুই দেশেই যাওয়া প্রয়োজন। তাঁদের মতে, বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ে, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয় এবং নেতৃত্বের বিকাশ ঘটে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় দুই দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষণের জন্য পাকিস্তান সরকার বিভিন্ন সময়ে চিঠি দিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে সেই আমন্ত্রণে সাড়া দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে তৎকালীন স্বরাষ্ট্রসচিব এবং বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পাকিস্তান সফরে গেলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তখন পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানোর প্রস্তাব দেওয়া হলে তাতে ইতিবাচক সাড়া দেওয়া হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠায়। মূলত সেই আমন্ত্রণের ভিত্তিতেই কর্মকর্তাদের পাকিস্তানে পাঠানো হচ্ছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের বিষয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। চুক্তি করার আগে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক জানাশোনার সুযোগ তৈরির জন্যই আপাতত কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। এরপর দুই দেশের মধ্যে চুক্তি হবে। সরকারি সূত্রগুলোর ভাষ্য, প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবেই সরকারি কর্মকর্তারা পাকিস্তান সফরে যাচ্ছেন।

    জনপ্রশাসন বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগের একটি কূটনৈতিক বার্তাও রয়েছে। তাঁদের মতে, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভর না করে একাধিক দেশে পাঠানো উচিত।

  • জামায়াত -এনসিপির দূরত্ব নাকি কৌশল

    জামায়াত -এনসিপির দূরত্ব নাকি কৌশল

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দূরত্ব বাড়ছে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটের বাইরে গিয়ে পৃথকভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘিরে ‘জোটে ফাটল’ বলে জল্পনা চলছে। ১১ দলীয় ঐক্যের সবশেষ লংমার্চ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় এই গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে বিষয়টিকে পুরোপুরি ‘মিডিয়ার অতি সক্রিয়তা’ এবং সরকারি দলের ‘চক্রান্ত’ বলে উড়িয়ে দিয়েছেন দল দুটির নেতারা। তারা বলেন, এটি আসলে কোনো দূরত্ব নয়, বরং সুচিন্তিত এক রাজনৈতিক কৌশল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব দলই নিজেদের মতো করে আলাদা লড়াই করবে। তবে তার আঁচ এসে পড়বে না জামায়াত-এনসিপির ঐক্যে।

    স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত না হলেও জামায়াতে ইসলামী নিজেদের সম্ভাব্য একক প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রার্থীদের নির্বাচনি প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। অপরদিকে এনসিপিও নিজ দলের প্রার্থীদের নাম ঘোষণা করছে এবং পুরোদমে প্রস্তুতি নিতে নির্দেশনা দিচ্ছে। ফলে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে করছে না। এমন অবস্থায় বেশ কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে-জামায়াত নেতৃত্বাধীন ঐক্যের ভেতরে আসলে কি ফাটল ধরেছে বা দূরত্ব সৃষ্টি হয়েছে? এমন প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে শনিবার জোটের লংমার্চ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুপস্থিতিকে ঘিরে।

    এ প্রসঙ্গে বুধবার বিকালে এনসিপির সদস্য সচিব সংসদ-সদস্য আখতার হোসেন যুগান্তরকে বলেন, ১১ দলীয় ঐক্য কিংবা জামায়াতের সঙ্গে এনসিপির কোনো ধরনের ফাটল বা দূরত্বের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের মধ্যে যা কিছু দৃশ্যমান হচ্ছে তা মূলত রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল মাত্র। জুলাই বিপ্লবের স্পিরিট ও ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা এবং গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়নসহ নানা দাবির প্রশ্নে আমাদের ঐক্য এখনো অটুট রয়েছে। তবে দল হিসাবে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমরা চাই আমাদের একটি নিজস্ব ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ধারণ করে জনগণের আরও কাছাকাছি পৌঁছাতে। এটি কোনো জোট ভাঙার বিষয় নয়, বরং নিজেদের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করার একটি প্রক্রিয়া।

    আখতার হোসেন আরও বলেন, জুলাই সনদ যারা বাস্তবায়ন করতে চায় না, গণভোটের রায় যারা উপেক্ষা করছে, তারাই জামায়াত-এনসিপির মধ্যে ফাটল, দূরত্ব দেখছে। এমনটা তাদের চক্রান্তেরই অংশ। সাফ কথা, আমরা আমাদের নিজস্ব রণকৌশল অনুযায়ী রাজপথে থাকব এবং নির্বাচন করব। ঠিক তেমনি জামায়াতও তাদের নিজস্ব কৌশল ও আদর্শ নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। আমরা লক্ষ্য করছি, আমরা যখন স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি নিচ্ছি, তখনই ‘ফাটল, দূরত্বের’ কথাগুলো আসছে। জোটের কোনো সভা, মিছিল কিংবা লংমার্চে শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন-এমনটাই হওয়া উচিত। কিন্তু কোনো শীর্ষ নেতা অসুস্থ হলে কিংবা তার কোনো সমস্যা থাকলে রাজনৈতিক কর্মসূচিতে যেতে না-ই পারেন। এজন্য দলের মধ্যে দূরত্ব কিংবা ফাটল সৃষ্টি হয়েছে-এমনটা ভাবা মানেই চক্রান্ত।

    জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বুধবার বিকালে যুগান্তরকে বলেন, একটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেতে পারেননি। রাজনৈতিক একটি কর্মসূচিতে তিনি যেতে পারেননি, তিনি তো অসুস্থও হতে পারেন। বিশেষ করে নাহিদ ইসলাম লংমার্চে যুক্ত হননি, এটা নিয়ে কিছু মিডিয়া এবং সরকারদলীয় লোকজন ও জুলাই বিরোধীরা ইস্যু খুঁজে বেড়াচ্ছে। আমাদের মধ্যে বিন্দুমাত্র দূরত্ব নেই। আমরা সংসদ এবং সংসদের বাইরে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে সব রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি। কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত-এনসিপির মধ্যে দূরত্বের কথা বলছেন। আমরা স্থানীয় সরকার নির্বাচন আলাদাভাবে করছি। এতে জোটের কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া আলোচনার দরজা তো সব সময় উন্মুক্ত। আলোচনার মধ্য দিয়ে ঐক্যের নির্বাচনও হতে পারে। কিছু মিডিয়া এবং সরকারদলীয় লোকজন একটি চক্রান্তের অংশ হিসাবে দুটি দলের মধ্যে দূরত্ব ও ফাটলের নকশা তৈরি করতে চাচ্ছে।

    এদিকে রাজনৈতিক মহলের মতে, এনসিপি সম্প্রতি দলের কমিটি পুনর্গঠিত করেছে। শীর্ষ নেতাদের পদ-পদবি পরিবর্তন করেছে। যেসব প্রথম সারির নেতারা নিষ্ক্রিয় ছিলেন, দল থেকে দূরে ছিলেন-তাদেরও দলে সংযুক্ত, সক্রিয় করা হচ্ছে। ফলে এনসিপি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। জোটের বাইরে গিয়ে একক নির্বাচন এবং বড় আকারের সভা ও মিছিল করছে। আসন সমঝোতা বা ভোটের অঙ্কে দলগুলোর নিজস্ব রণনীতি থাকতেই পারে। সেটিকে জোটের দূরত্ব কিংবা ভাঙন হিসাবে দেখানোটা সংবাদমাধ্যমের অতিরঞ্জন।

    অপরদিকে ১১ দলীয় ঐক্য জোটের কিছু নেতা বলছেন, জোটের বড় প্রোগ্রামগুলোতে দলের প্রধানরা উপস্থিত না থাকলে নিশ্চয় নানা ধরনের গুঞ্জন সামনে আসবে। দলের মধ্যে টানাপোড়েনের কথা উঠবে। বেশ কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে জানা যায়, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জোটের ভেতর আস্থার সংকট তৈরি হচ্ছে। দলীয় নেতাদের মধ্যে এ নিয়ে এক ধরনের তর্ক-বির্তকও চলছে। দুটি দলের একটি অংশের ধারণা, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন জোটগতভাবে করা হলে জোটের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। জোটের মধ্যে জনপ্রিয় প্রার্থীকে নির্বাচন করলে জয়ের বিষয়টি নিশ্চিতও হতে পারে। এ জন্য জোটগত নির্বাচন হতেও পারে-এমনটাও দলীয় নেতারা বলছেন।

    তবে দুই সিটি করপোরেশনে আলাদাভাবে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে জামায়াত-এনসিপি। এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জায়গায় জামায়াত প্রার্থী হিসাবে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত করেছে। আর দক্ষিণ সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। যদিও এনসিপি আগে দক্ষিণে আসিফ মাহমুদ ও উত্তরের প্রার্থী হিসাবে আরিফুল ইসলামের নাম ঘোষণা করেছিল। পরে সেপ্টেম্বরে আসিফ মাহমুদ ঢাকা উত্তরের ভোটার হন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী দক্ষিণের ভোটার হন। ইতোমধ্যে এনসিপি চূড়ান্তভাবে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন এবং উত্তরে আসিফ মাহমুদ নির্বাচন করবেন।

    বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া থেকে এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, দলের মধ্যে ভিন্ন রকম মতামত বা দ্বিমত থাকতে পারে, আমরা তা পজিটিভ দেখছি। অনেকে হয়তো ভাবছেন জোটগত নির্বাচন হলে ভালো, কেউ আবার তা ভাবছেন না। আমরা সব ধরনের মতামতকে সম্মান জানাই। তবে দলের নীতিনির্ধারণী ফোরামের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে-এনসিপি সম্পূর্ণ এককভাবেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন প্রশ্ন হলো, এককভাবে নির্বাচন করার এই সিদ্ধান্তের কারণে জোটের ভেতরে কোনো দূরত্ব তৈরি হবে কেন? জোটের শরিক দল জামায়াতে ইসলামীও তো এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। (সুত্র: যুগান্তর )