বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা বড় রাজনৈতিক ভুল করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর দাবি, এই পদক্ষেপের ফলে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের পথ আরও সহজ হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা।
তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। ’
আসিফ নজরুল উল্লেখ করেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত ব্যক্তির নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার প্রয়োজন নেই। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফেরত আসতে হবে। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে সরাসরি বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
সাবেক এই উপদেষ্টার মতে, নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজেই তাঁর প্রত্যর্পণের প্রক্রিয়া সহজ করেছেন। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া সম্ভব যে, দেশে ন্যায়বিচার পাওয়ার পরিবেশ রয়েছে বলেই তিনি ফিরতে চাচ্ছেন।
তাঁর ভাষ্য, বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন যুক্তিতে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সুযোগ এতে আরও সংকুচিত হতে পারে। ফলে ভারতকে প্রত্যর্পণের বিষয়ে চাপ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থান আরও জোরালো করার সুযোগ তৈরি হয়েছে।
পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন। ’
Read this report in English · ইংরেজি সংস্করণ
