জাতীয়

  • ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট, লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড

    ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট, লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড

    আগামী বছর মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট নির্ধারিত ছিল আগেই। এই সফরে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বলে জানিয়েছেন বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।

    ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি। দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেটি তিন বা চার দিনের হতে পারে।

    চেমসফোর্ডের মাঠ কাউন্টি দল এসেক্সের। ২০২৩ সালে এখানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে হলেও কোনো টেস্ট হয়নি। তবে বাংলাদেশের কাছে মাঠটি বেশ স্মৃতিবিজড়িত। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে এ মাঠেই। সেটা ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে। দুটি মিরপুরে, একটি সিলেটে।

    আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের পরবর্তী ইংল্যান্ড সফরের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড। সেই সুযোগ গ্রহণ করে বিসিবি।

    চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড উইকিপিডিয়া

    শুরু থেকেই ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা ছিল বিসিবির। লর্ডস টেস্টের আমন্ত্রণ পাওয়ার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা শুরু করে তারা। লক্ষ্য ছিল সীমিত ওভারের ম্যাচ যোগ করা। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে দুই বা তিনটি ওয়ানডে খেলার প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ। সেই আলোচনা সফল হয়নি। ইসিবি ভবিষ্যতে ওয়ানডে খেলার আশ্বাস দিয়েছে। এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শেষ পর্যন্ত সেই আলোচনাই ফলপ্রসূ হয়েছে।

    এখন পর্যন্ত দুবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৫ সালে। এরপর ২০১০ সালে। সেই সফরে দারুণ দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল, যিনি এখন বিসিবির সভাপতি।

    আবার ইংল্যান্ডে যাওয়ার আগে অবশ্য ইংলিশদের আতিথ্য দেবে বাংলাদেশও। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

  • বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের ঘোষণা

    বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের ঘোষণা

    সরকারি দলের সংসদ সদস্যদের আসনে বিশেষ বরাদ্দ দেওয়ায় বৈষম্যের অভিযোগ করেছে বিরোধী দল। এর জবাবে সরকারি দল জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের চিঠি পৌঁছে দেওয়া হবে। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদের প্রশ্নের পর এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    গত ১২ অক্টোবর সরকারি দলের ২০৩ এমপির আসনে বিশেষ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে এমপিদের অভিপ্রায়ের প্রকল্প গ্রহণে ৫১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ করা হয়। ইউনিয়ন পরিষদ পরিবহন সহায়তা থেকে আরও ৩২৯ কোটি টাকা দেওয়া হয় সরকারির দলের এমপিদের আসনভুক্ত ইউনিয়ন পরিষদগুলোতে।

    এ সংবাদ প্রকাশের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামী এবং এনসিপির এমপিরা সরকারের সমালোচনা করেন। সোমবার সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, শুধু সরকারি দলের এমপিদের আসনে বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলের এমপিদের ইউনিয়ন পরিষদগুলোতে কি উন্নয়নের প্রয়োজন নেই?

    জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার উন্নয়নে বৈষম্য করছে না। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (আজ) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে। সমভাবে সব নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।

    এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, গাজী নজরুল এখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।

    চতুর্থ অধিবেশনের প্রথম দিনের শুরুতে স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার।

    প্রথম দিনের বৈঠকে সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী, মুহম্মদ শফিকুর রহমান, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, আব্দুল হাই এবং সাবেক গণপরিষদ সদস্য আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

    স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনায় সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন– মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা।

  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন

    জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন

    চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ পুনরায় চাকরিতে পুনর্বহাল হয়েছেন।

    মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদনটি পর্যালোচনা করে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়। প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।

    বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন-ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করার মাধ্যমে তার চাকরিতে ফেরার চূড়ান্ত আইনি বাধা দূর হয়।

    এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিবলে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালীন সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করায় তিনি ব্যাপক আলোচনায় আসেন এবং প্রাণনাশের হুমকির মুখে সাধারণ ডায়েরিও করেছিলেন।

    অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন এবং জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরবর্তী সময়ে তা আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর ‘নট টু প্রসিড’ হিসেবে তা খারিজ হয় এবং ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুর হওয়ার মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

  • কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে অবতরণ করে। সেখান থেকে ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে তার অন্তালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

    এর আগে সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

    সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন।

    আগামী ১১ ও ১২ নভেম্বর অন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

    নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

    পররাষ্ট্র সচিব বলেন, ‘‘বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন আমাদের প্রধান অগ্রাধিকার।’’

    সম্মেলনে বাংলাদেশের বিশেষ উদ্যোগ

    সম্মেলনের ‘গ্রিন জোনে’ বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে। এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা প্রদর্শন করা হচ্ছে। এর পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টি আলোচনায় রয়েছে।

    এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোনে’ দুটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর একটি হবে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকি বিষয়ে এবং অপরটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।

    প্রধানমন্ত্রীর সাথে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক (এসডিজি) অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

    উল্লেখ, ‘কপ’ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হচ্ছে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন। চলতি বছরের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার কো-চেয়ারের দায়িত্ব পালন করছে। সম্মেলন শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

  • শিরোনামহীন পোস্ট 46384

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সারা দেশে পতিত ফ্যাসিস্টদের দ্বারা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

    বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সকল সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    গোলাম পরয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহন এবং সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

    কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা খুবই উদ্বেগের।

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় কাণ্ডকে স্মরণ করিয়ে দেয়।

    তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।

    পাশাপাশি, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।

    গোলাম পরওয়ার বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করছে না বিএনপি সরকার।

    এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধীদলের উপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে । দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধীদলের উপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না। আমরা মনে করি, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা, বিস্ফোরণ সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

    তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করতে হবে। যাতে, আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদ বাংলাদেশে চলতে না পারে। নতুবা জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে- যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

  • আত্মসমর্পণের আগে পাসপোর্টের আপিল করতে পারে না পলাতক আসামি: শিশির মনির

    আত্মসমর্পণের আগে পাসপোর্টের আপিল করতে পারে না পলাতক আসামি: শিশির মনির

    আত্মসমর্পণ ছাড়া পলাতক কোনো আসামি পাসপোর্টের জন্য আপিল করতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    শিশির মনির বলেন, মানবিক কারণে ও বাংলাদেশে হুমকি থাকায় ভারত সরকার শেখ হাসিনাকে শর্ত সাপেক্ষে আশ্রয় দিয়েছে। তাই, ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

    সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ক্যানসেল হয়ে যায় গত বছরের ৭ জানুয়ারি। কারও পাসপোর্ট ক্যানসেল হয়ে গেলে আইন অনুযায়ী আপিল দায়ের করতে হয়। পাসপোর্ট কারও বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্রা অপশন হলো, আপিল দায়ের করা।

    সেই অনুযায়ী শেখ হাসিনার পাসপোর্টের জন্য আপিল করা হয়নি। এর পরের বিষয় হচ্ছে, এই পাসপোর্টের জন্য আপিল করা হচ্ছে আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারে না। আইনের অধীনে দরখাস্ত করতে গেলে অবশ্যই তাকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

    এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। সুতরাং পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।

    শেখ হাসিনা স্বয়ং ভারতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে-এ কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ সেখান থেকে তিনি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তাকে দেখা যায়নি এবং ভার্চুয়াল বক্তব্যগুলোতে তিনিই কিনা সেটাও স্পষ্ট নয়।

  • সংসদে সব ফাঁস করে দেব: প্রতিমন্ত্রীকে আমির হামজা

    সংসদে সব ফাঁস করে দেব: প্রতিমন্ত্রীকে আমির হামজা

    ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। সেই সঙ্গে প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব। ’

    এর আগে গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে এ কথা বলেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

    ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।

    তবে আমির হামজার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।

    রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার পিএসকে জানানো হয়। এর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

    আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ চক্রের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যাচার করা হয়েছে।

    গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।

  • গ্রাম পুলিশের বেতন ও মাতৃত্বকালীন ছুটির প্রজ্ঞাপন জারি

    গ্রাম পুলিশের বেতন ও মাতৃত্বকালীন ছুটির প্রজ্ঞাপন জারি

    গ্রাম পুলিশ সদস্যদের বেতন–ভাতা বাড়ানো, মাতৃত্বকালীন ছুটিসহ এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে তাদের মাসিক মোবাইল ভাতা চালু, বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানো এবং নারী গ্রাম পুলিশ সদস্যদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে।

    এসব সুবিধা বাস্তবায়নে সোমবার পৃথক চারটি পরিপত্র আর সম্মতিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ–২ শাখা থেকে এসব পরিপত্র জারি করা হয়। পরিপত্রে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধানের (দফাদার) মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা এবং সাধারণ গ্রাম পুলিশের (মহল্লাদার) বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

    গত শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সুবিধা দেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণা বাস্তবায়নে এখন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

    ৪৬ হাজার গ্রাম পুলিশের বেতন বেড়েছে

    স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে দেশে ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৫৭৮ জন গ্রাম পুলিশ প্রধান এবং ৪১ হাজার ২৯২ জন সাধারণ গ্রাম পুলিশ কর্মরত আছেন। সব মিলিয়ে ৪৫ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য বর্ধিত বেতন পাবেন।

    গ্রাম পুলিশদের বেতন–ভাতার ৫০ শতাংশ সরকার ও বাকি ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়ার নিয়ম। নতুন করে বাড়ানো মাসিক ৫০০ টাকার পুরোটাই সরকার বহন করবে। এ জন্য বিদ্যমান সরকারি বরাদ্দের অতিরিক্ত অর্থছাড়ের প্রয়োজন হবে। স্থানীয় সরকার বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে এ বিষয়ে সম্মতি চেয়েছে।

    মাসে ২০০ টাকা মোবাইল ভাতা

    গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সুবিধার্থে নতুন করে মাসিক ২০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ টাকা সরকার এবং বাকি ১০০ টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়া হবে।

    এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও দুর্যোগকালীন জরুরি যোগাযোগে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় থানা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়।

    বাইসাইকেল পাবেন তিন বছর পর

    গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমাও কমিয়েছে সরকার। আগে পাঁচ বছর পরপর একটি বাইসাইকেল পাওয়ার যোগ্য হতেন তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছর পরপর বাইসাইকেল পাওয়ার সুযোগ থাকবে।

    এ বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত সুবিধা বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ প্রধান ও সাধারণ গ্রাম পুলিশের বাইসাইকেল পাওয়ার যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

    এর আগে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে বাইসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম পাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছিল। নতুন পরিপত্রের মাধ্যমে শুধু বাইসাইকেল পাওয়ার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। অন্যান্য শর্ত ও সরঞ্জামের প্রাপ্যতা আগের মতো বহাল থাকবে।

    মাতৃত্বকালীন ছুটি ছয় মাস

    নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে সরকার। নতুন পরিপত্র অনুযায়ী, কোনো নারী গ্রাম পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাঁকে পূর্ণ বেতনে ছয় মাসের ছুটি মঞ্জুর করতে হবে।

    বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় সংশ্লিষ্ট নারী সদস্যের মাসিক বেতন–ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ যথারীতি পরিশোধ নিশ্চিত করতে হবে।

    স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক নানা কাজে নারী গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তৃণমূল পর্যায়ে কর্মরত এসব নারী সদস্যের কল্যাণ ও পরিবারের প্রতি সরকারের সমর্থনের অংশ হিসেবে মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, থাকতে হবে: প্রধানমন্ত্রী

    বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, থাকতে হবে: প্রধানমন্ত্রী

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। ’

    সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এ কথা বলেন বলে জানিয়েছে সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র।

    প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন।

    আজ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক খবরে জানানো হয়েছে।

    বিএনপির সংসদীয় দলের সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

    সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

    দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

  • শ্রমিকদের জন্য নির্মাণ হবে বিশেষায়িত ৬টি হাসপাতাল: প্রধানমন্ত্রী

    শ্রমিকদের জন্য নির্মাণ হবে বিশেষায়িত ৬টি হাসপাতাল: প্রধানমন্ত্রী

    শ্রমিকদের বিশেষায়িত ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে শিল্পাঞ্চলে এসব হাসপাতাল নির্মিত হবে। ১০০ শয‌্যার হাসপাতালগুলোতে শুধুমাত্র শ্রমিকরা সেবা পাবেন।

    আজ সোমবার (৯ নভেম্বর) সংসদের বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সোমবার মাগরিবের নামাজের বিরতির পর নবনির্বাচিত দুইজন সংসদ সদস‌্য বক্তৃতা করেন। এই পর্যায়ে দাঁড়ান বিএনপির সংসদ সদস‌্য শামসুর রহমান বিশ্বাস শিমুল। তিনি বলেন, প্রান্তিক শ্রমিকরা স্বাস্থ‌্যসেবা বঞ্চিত। তাদের জন‌্য হাসপাতাল নির্মাণ করা হবে কিনা। প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান শামসুর রহমান বিশ্বাস।

    সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর হয় মঙ্গলবারে। সেদিন তিনি সংসদে থাকবেন না, বিদেশ সফরে থাকায়।
    ডেপুটি এই পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, অনির্ধারিত এই প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত রয়েছেন কিনা।

    সংসদ নেতা তারেক তখন দাঁড়িয়ে জবাব দেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘স্বৈরাচারের সেই দুঃশাসনের আমলে দেখেছি, কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদ দেশের মানুষের সঙ্গে ব্যবহার না করে, সব কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।’

    অতীতের সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে, বাংলাদেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ ঘটেনি স্বাভাবিকভাবে। ঠিক একইভাবে, আমরা দেখেছি, সেই স্বৈরাচারের আমলে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল।’

    গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা অতীতে যতটুকু ছিল স্বৈরাচারের সময়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছুদিন আগেই বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাঁর উদ্বেগ তুলে ধরেছিলেন। সেই স্বৈরাচারের সময়ে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল, বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।

    শ্রমিকদের হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। শ্রমিক, শ্রমজীবী মানুষের সুচিকিৎসায় সরকার ১০০ শয‌্যার করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। যেসব শিল্প এলাকা রয়েছে, যেমন—টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রামে একটি করে হাসপাতাল তৈরি করা হবে। যা শুধুমাত্র শ্রমিক ভাইদেরকে চিকিৎসা সেবা দেবে। এসব শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলো সেভাবেই নামকরণ এবং তৈরি করা হবে।