জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

প্রতিবেদন:

·

, ,

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে।

তিনি উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। আর সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যই হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান।

তিনি আরো বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ