নড়াইল রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রুটের প্রস্তাব

প্রতিবেদন:

·

, , , , , ,

নড়াইল ও গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আট দিন যাবত খুলনা ও বেনাপোল থেকে নড়াইল, লোহাগড়া ও কাশিয়ানী স্টেশন হয়ে ঢাকা রুটে চলাচল করা জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নাড়াইল, লোহাগড়া ও কাশিয়ানী স্টেশন এড়িয়ে খুলনা থেকে ঢাকাগামী ট্রেন বিকল্প রুটে পরিচালনার প্রস্তাব দিয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নড়াইল থেকে বিভিন্ন গন্তেব্যের ট্রেনযাত্রী ও রেল কতৃপক্ষের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

এর আগে, বুধবার রাতে রেলওয়ের পশ্চিমাঞ্চল (রাজশাহী) কার্যালয়ের মহাব্যবস্থাপকের পক্ষে সিনিয়র চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: আবুল আওয়াল বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে মো: আবুল আওয়াল উল্লেখ করেন, খুলনার সাথে ঢাকার যাত্রীসেবা সচল রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং কোচ ও ইঞ্জিনের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রেখে নির্ধারিত রেক দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে সাময়িকভাবে এক জোড়া ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। যাওয়া-আসার পথে এটি খুলনার দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে থামবে। সাময়িক এই সেবার টিকিট যাত্রার তিনদিন আগে থেকে বিক্রির প্রস্তাবও রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর থেকে এই দুই ট্রেনের যাত্রা প্রতিদিন বাতিল করা হচ্ছে। বারবার যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি ও বিভ্রান্তি বাড়ানোর পাশাপাশি ট্রেন পরিচালনায় জটিলতা তৈরি করেছে।

সূত্র জানায়, জাহানাবাদ এক্সপ্রেস সোমবার ছাড়া প্রতিদিন ভোর ৬টায় খুলনা থেকে ছেড়ে নওয়াপাড়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা হয়ে ঢাকায় যেত। ফিরতি পথে রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে ভাঙ্গা, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া ও নওয়াপাড়া হয়ে রাত ১১টা ৪৫ মিনিটে খুলনায় পৌঁছাত।

অন্যদিকে, রূপসী বাংলা এক্সপ্রেস সোমবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ভাঙ্গা, কাশিয়ানী ও নড়াইল হয়ে দুপুর আড়াইটার দিকে যশোরের বেনাপোলে পৌঁছাত। বেনাপোল থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যশোর, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা হয়ে সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় ফিরত।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে এই রুটে ট্রেন চালুর পর এবারই প্রথম সেবাটি বন্ধ হলো। ট্রেন দুটি বন্ধের সিদ্ধান্তে নড়াইলসহ এ রুটের যাত্রীরা স্বল্প সময় ও খরচে ঢাকাসহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এ রুটে ট্রেন চলাচল শুরুর দাবি জানিয়েছেন।

নড়াইল শহরের দুর্গাপুরের চাকরিজীবী ফাহাদ শাহরিয়ার বলেন, ‘প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে নড়াইল স্টেশন থেকে ট্রেনে করে প্রায় দুই ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাতাম। ট্রেন বন্ধ হওয়ায় খারাপ লাগছে।’

বিথী খানম নামে অন্য এক যাত্রী বলেন, ‘সোমবার বাদে প্রতিদিন নড়াইল থেকে সকাল সাড়ে ৭টা ও বিকেল পৌনে ৫টার দিকে ঢাকায় ট্রেন যেত। আবার বেনাপোল ও খুলনায়ও সহজে যাওয়া যেত। দ্রুত এই রুটে ট্রেন চালু করা হোক।’