ক্যাটাগরি নড়াইল

Narail district

  • নড়াইলের কালিয়ায় মাদকসেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

    নড়াইলের কালিয়ায় মাদকসেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের কালিয়া শ্মশানঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার হাড়িডাঙা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড়কালিয়ার বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

  • লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

    লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মরহুম বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান সমর্থিত লোকজনের সাথে একই গ্রামের মফিজার শেখ সমর্থিত লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

    এর জেরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়ায়। এরপর বিকেল ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

    স্থানীয়রা ইসলাম শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান বলেন, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

  • নড়াইলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা

    নড়াইলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা

    সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি এবং এর নানাবিধ আর্থিক সুরক্ষাসংক্রান্ত সুবিধাসমূহ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সর্বজনীন পেনশন মেলা ও তথ্য প্রদর্শনী’।

    জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) এবং নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে দুপুরে এক মনোজ্ঞ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “সাধারণ মানুষের ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের এই সর্বজনীন পেনশন স্কিম একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। বৃদ্ধ বয়সে যেন কাউকে অন্যের ওপর নির্ভরশীল হতে না হয়, সে জন্য যুবক ও কর্মক্ষম বয়সেই এই স্কিমে যুক্ত হওয়া প্রয়োজন। সাধারণ মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”

    অনুষ্ঠানের সভাপতি নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম তাঁর বক্তব্যে বলেন, “নড়াইল জেলার প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী এবং প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই স্কিমের বার্তা ও সেবা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”

    বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো: সুরাতুজ্জামান বলেন, “সর্বজনীন পেনশন কোনো সাময়িক সঞ্চয় নয়, এটি শতভাগ সরকারি জামানতযুক্ত দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে, যাতে গ্রাহকরা ঘরে বসেই তাঁদের হিসাব পরিচালনা করতে পারেন।”

    আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যাংকের স্থাপন করা ২৩টি স্টল ঘুরে দেখেন।

    মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে সর্বজনীন পেনশন স্কিমের আওতাধীন ৪টি প্রধান ক্যাটাগরি প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘প্রবাস’, বেসরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য ‘প্রগতি’, স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য ‘সুরক্ষা’ এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য ‘সমতা’ স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান ও তাৎক্ষণিক নিবন্ধন সেবা দেওয়া হয়। দিনব্যাপী এই মেলায় স্থানীয় বিপুলসংখ্যক সচেতন নাগরিক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের (তহবিল ব্যবস্থাপনা) সদস্য মুন্সী আবদুল আহাদ, অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বী, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী এবং নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান আলেক,অতিুরক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • নড়াইলে শিশু বলাৎকারের অপরাধে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

    নড়াইলে শিশু বলাৎকারের অপরাধে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলে মাদরাসা ছাত্র বলাৎকারের অপরাধে ধর্ষণ মামলায় শিক্ষক মেরাজ আলী মিরাজকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

    সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী রুদ্রপুর গ্রামের আমানুল্লাহ হকের ছেলে।

    নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

    রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মিরাজ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাকে বিমর্ষ দেখা যায়।

    এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদরাসার ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ওই মাদরাসার শিক্ষক মিরাজ পায়ুপথে ধর্ষণ (বলাৎকার) করে।

    এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ২০২৫ সালের ১৩ জুলাই মিরাজকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক।

  • নড়াইলে শেষ হলো সুলতান উৎসব

    নড়াইলে শেষ হলো সুলতান উৎসব

    বিডি গ্লোবাল ডেস্ক,

    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শেষ হয়েছে।

    শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইলের সুলতান মঞ্চে সমাপনী অনুষ্ঠানে ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা’য় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    আলোকচিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ডিবিসির নড়াইল প্রতিনিধি ফরহাদ খানসহ পাঁচজনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার ৪০ জন অংশগ্রহণ করেন।

    সাংবাদিক ফরহাদ খানের ছবির বিষয়বস্তু ‘রূপসী বাংলা’। নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের লেক থেকে প্রাণ-প্রকৃতি নির্ভর ‘রূপসী বাংলা’ ছটি তোলা হয়। এদিকে, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৫০জনকে পুরস্কৃত করা হয়েছে।

    এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সুলতান উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

    এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস, চিত্রশিল্পী ডিডি মল্লিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমানসহ সুলতানপ্রেমীরা।

    এছাড়া সমাপনী অনুষ্ঠানে ‘ড্রামা সার্কেল’, নড়াইলের পরিবেশনায় ‘এখনও কৃতদাস’ নাটক মঞ্চস্থ করা হয়। এদিকে, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গ্রামীণ মেলায় ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা গেছে।

    গত শুক্রবার সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়।

    বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

  • নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

    নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

    নড়াইল প্রতিনিধি

    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ৪০০ শিশু উৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের পতাকাসহ ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি, নৌকাবাইচ ছাড়াও বিভিন্ন বিষয় শিশুদের রঙতুলিতে উঠে আসে। এছাড়া সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে ‘আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে।

    এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

    এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, খুলনা বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমান, নাজমুল হাসান লিজাসহ সুলতানপ্রেমীরা। দু’দিনব্যাপী সুলতান উৎসবে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

    বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

  • নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রলিচালক নিহত

    নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রলিচালক নিহত

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইল-কালিয়া সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ইটভাঙার কাজে ব্যবহৃত ট্রলিচালক মুত্তাকাব্বির সরদার (১৮) নিহত হয়েছেন।

    বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাচুড়ি বাজারে তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মুত্তাকাব্বির কালিয়ার কদমতলা গ্রামের আসগর সরদারের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নড়াইল-কালিয়া সড়কের চাচুড়ি বাজার এলাকায় একটি দোকানের মালামাল খালাসের জন্য ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এ সময় মুত্তাকাব্বির কালিয়া থেকে চাচুড়ির দিকে আসার পথে সেতু থেকে নামার সময় ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় ট্রলিচালক মুত্তাকাব্বিরের মাথা থেতলে ঘটনাস্থলে মৃত্যু হয়। তবে ট্রলিতে থাকা চালকের সহকারী রক্ষা পান।

    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা

    নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা

    নড়াইল প্রতিনিধি

    দীর্ঘ ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী হিসেবে হুমায়ুন কবির শেখের নাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদরাসা চত্বরে পাঁচ গ্রামের হাজারো মানুষ এককাতারে মিলিত হন। সবাই ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বিবাদপূর্ণ পাঁচটি গ্রামে শান্তি-শৃঙ্খলারক্ষায় সবাই একযোগে কাজ করবেন বলে প্রতিজ্ঞা করেন।

    সমাজসেবক চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শেখ।

    এছাড়া বক্তব্য দেন-নোয়াগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান নুর নবী, সাবেক ইউপি সদস্য কায়কোবাদ লস্কার, সমাজসেবক সাহিদার রহমান মোল্লা, নাজির মোল্লা, মনজুরুল ইসলাম মিলন, শামীম পারভেজ জনি, ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমানসহ অনেকে।

    বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা, বাড়ীভাঙ্গা, কাংকুল, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বিভিন্ন পেশার হাজারো মানুষ এককাতারে মিলিত হয়েছেন। দীর্ঘদিনের গ্রাম্য সংঘাত, হানাহানি ভুলে সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছেন আর কোনো মারামারি করবেন না। হত্যাকান্ডে জড়াবেন না। দীর্ঘ ৪০ বছরের ইতিহাসে পাঁচটি গ্রামের দ্বন্দ্বের জেরে অর্ধশতাধিক সহিংসতায় অন্ততপক্ষে পাঁচজন হত্যাকান্ডের শিকার হয়েছেন। প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। ব্যাপক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। কিন্তু এখন থেকে ওই পাঁচগ্রামে আর কোনো হানাহানি ও মারামারি কেউ করবেন না। এই মতবিনিময় সভায় পাঁচটি গ্রামে শান্তি অটুট রাখার জন্য নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে হুমায়ুন কবির শেখের নাম ঘোষণা করা হয়। আগামী ইউপি নির্বাচনে হুমায়ুন কবির শেখকে বিজয়ী করতে এবং গ্রামে শান্তি-শৃঙ্খলারক্ষায় সবাই একযোগে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

    প্রসঙ্গত, নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা, বাড়ীভাঙ্গা, কাংকুল, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার, ইউপি নির্বাচন, জমিজমাসহ বিভিন্ন ঘটনায় প্রায়ই দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হতো। যা প্রায় ৪০ বছর ধরে চলে আসছিল। বিশেষ করে ইউপি নির্বাচন পরবর্তী বেশি মারামারি হতো। এসব সংঘাত আজ (মঙ্গলবার) থেকে অবসান হলো। সবার মাঝে সম্প্রীতি রক্ষায় আসন্ন ইউপি নির্বাচনে হুমায়ুন কবির শেখকে পাঁচটি গ্রামের পক্ষ থেকে একক চেয়ারম্যান প্রাথী ঘোষণা করলেন গ্রামবাসী।

    এদিকে গ্রাম্য হানাহানি, দ্বন্দ্ব-সংঘাত, হত্যাকান্ড এড়াতে পাঁচ গ্রামের মানুষের এককাতারে মিলিত হওয়াকে বিভিন্ন পেশার মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা-এ বন্ধন যেন আজীবন অটুট থাকে।

  • নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

    নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

    নড়াইল প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জি এম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে (ভাইরাল) পড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জি এম মাশরাফিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    সম্প্রতি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জি এম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাছপালাবেষ্টিত একটি নির্জন স্থানে বসে ইয়াবা সেবন করছেন ছাত্রদল নেতা মাশরাফি। তবে কোথায় বসে ইয়াবা সেবন করছেন, তা জানা যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়লে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

    এ ব্যাপারে ছাত্রদল নেতা জি এম মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

    জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জি এম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

    নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মামুন গাজী এই নির্দেশনা প্রদান করেন।

  • লোহাগড়ায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা : গ্রেফতার ২

    লোহাগড়ায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা : গ্রেফতার ২

    বিডি গ্লোবাল ডেস্ক,

    নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় পুলিশ দুজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

    শনিবার (২২ আগস্ট) বিকালে স্থানীয় শ্রমিক দল নেতা মো: জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ আরো ২০-২৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৭, তারিখ ২২/৮/২০২৬ইং।

    লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান রোববার সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার আসামিরা হলেন—উপজেলার করফা গ্রামের সিরু মুন্সীর ছেলে বাবুল মুন্সী, গিলাতলা গ্রামের কাদের মোল্যার ছেলে রিয়াজুল মেম্বর, কাশিপুর গ্রামের মান্নান খানের ছেলে তরিকুল খান, বয়রা গ্রামের এমদাদ কাজীর ছেলে ওহিদ কাজী, পদ্মবিলা গ্রামের রফিকুল শেখের ছেলে রাহুল শেখ, ঈশানগাতী গ্রামের মান্নাফ শেখের ছেলে ফরিদ মেম্বর, গোপীনাথপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে সদর উদ্দিন শামীম ও তার ভাই সগীর উদ্দিন সনেট, উলা গ্রামের ছাত্তার শেখের ছেলে মশিয়ার রহমান শেখ, বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে আ: কাদের শেখ, গোপীনাথপুর গ্রামের আজিমউদ্দিন শিকদারের ছেলে বাবু শিকদার, একই গ্রামের বক্কার শেখের ছেলে পলাশ শেখ, লাহুড়িয়া ডহরপাড়ার বাঁশি মোল্যার ছেলে সজীব রাজ, ইতনার ইসমাইল শেখের ছেলে ইসলাম শেখ, একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে সুহাস শেখ, ধলইতলা গ্রামের জলিল গাজীর ছেলে ওহিদুল গাজী, একই গ্রামের ধলু শেখের ছেলে খায়রুল শেখসহ আরো অজ্ঞাত ২০-২৫ জন।

    পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উল্লেখিত আসামিরাসহ আরো অজ্ঞাতনামা ২০-২৫ জন আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সদস্য। ২১ আগস্ট বেলা ৩টার দিকে উল্লেখিত আসামিরা লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মশিয়ার জমাদ্দারের বাড়ির অদূরে চাচই-সিডি বাজার সড়কে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে। পরবর্তীতে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিয়ে মিথ্যা-অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সামনে অপরাধ সংঘটিত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, দায়েরকৃত মামলার আসামি শহরের গোপীনাথপুর গ্রামের মরহুম ইউনুস শেখের ছেলে ছাত্রলীগ নেতা শেখ সগীর উদ্দিন সনেট (২৮) ও জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা আ. কাদের শেখকে (৩১) শনিবার শেষরাতে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।