আরাকান আর্মির হাতে বন্দি, ১ বছর পর কঙ্কালসার হয়ে ফিরলেন সেলিম

প্রতিবেদন:

·

, , , , ,

প্রায় এক বছর মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হাতে বন্দি থাকার পর কঙ্কালসার অবস্থায় স্বজনদের কাছে ফিরেছেন টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ সেলিম।

জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে আটক হওয়া এই জেলের শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বজনরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেলেও তার এমন শোচনীয় চেহারা পরিবারে আনন্দের পাশাপাশি গভীর বেদনার সৃষ্টি করেছে।

আজ বৃহস্পতিবার আরাকান আর্মির হাতে বন্দি থাকা ৪১ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি। তাদের মধ্যে একজন মোহাম্মদ সেলিম। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার বাসিন্দা। সেলিম তাবলীগ জামাতের একজন সাথী ও পেশায় জেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ ডিসেম্বর ভোরে জীবিকার তাগিদে মাছ ধরতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ঝিমংখালী নাফ নদীসংলগ্ন এলাকায় যান সেলিম। এ সময় তার সাথে থাকা আরো পাঁচ জেলেসহ মোট ছয়জনকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়।

এরপর প্রায় এক বছর ধরে বন্দিদশায় কাটে সেলিমের। পরিবারের সদস্যরা তার ফিরে আসার অপেক্ষায় দিন গুণছিলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিজিবির সহায়তায় দেশে ফেরেন তিনি।

কিন্তু স্বজনদের কাছে ফেরার সময় সেলিমের শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ বন্দিজীবনে তিনি এতটাই শীর্ণ হয়ে পড়েছেন যে তাকে কঙ্কালসার দেখাচ্ছে। এক সময় সুস্থ-স্বাভাবিক মানুষটি মাছ ধরতে গিয়ে বন্দি হয়েছিলেন, আর ফিরে এসেছেন ভিন্ন এক শারীরিক অবয়বে।

সেলিমের এই প্রত্যাবর্তন শুধু একটি পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান নয়; বরং সীমান্তবর্তী অঞ্চলের জেলেদের অনিশ্চিত জীবন ও বন্দিদশার নির্মম বাস্তবতারও একটি মর্মস্পর্শী উদাহরণ।

৪১ জেলের প্রত্যাবর্তনে তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এলেও সেলিমের মতো বন্দিদশা থেকে ফেরা জেলেদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে মিয়ানমারে এখনো আটক থাকা জেলেদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুণছেন তাদের পরিবার।