আপন মা ও ছেলেকে গলা কেটে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রতিবেদন:

·

, , , , ,

নাটোরে আপন মা ও ছেলেকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো: শাহ আলম (৩০) নামে এক যুবককে গলায় রশি ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার আরেকটি ধারায় তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া একই মামলার অপর আসামি মো: সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পলাতক মো: মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: সাইফুল ইসলাম এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো: শাহ আলম নাটোর সদরের দস্তানাবাদ কুমারদহ এলাকার বাসিন্দা ও এই মামলার বাদী মো: শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো: সোহাগ একই এলাকার মো: আশরাফের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দস্তানাবাদ কুমারদাহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে মো: শাহ আলম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য জমি বিক্রি করতে প্রায়ই বাড়িতে চাপ দিতেন। বাবা একবার তাকে আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও এই চাপ সৃষ্টি বন্ধ হয়নি।

২০১৭ সালের ১৯ নভেম্বর শাহ আলম তার মা মোসা: বিলকিস বেগম ও নিজের ছেলে মো: আলিফ হোসেনকে (১১) গলা কেটে হত্যা করেন। পরে সন্ধ্যার দিকে শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়িতে এসে গেটের সামনে ডাকাডাকি করেন। এ সময় শাহ আলম ধারালো দা নিয়ে ধাওয়া করে তাকেও কুপিয়ে জখম করেন। পরে শাহাদৎ সর্দারের ভাইয়েরা গুরুতর আহত অব্স্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান।

পরে শাহাদৎ সর্দার নাটোর সদর থানায় নিজের ছেলের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ রোববার বিচারক মামলার প্রধান আসামি শাহ আলমকে মৃত্যুদণ্ড ও দ্বিতীয় আসামি মো: সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া একই মামলায় আরেক আসামি মিন্টুকে খালাস প্রদান করেন বিচারক।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, রায়ের সময় শাহ আলম ও আসামি সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এ রায়ে আমরা খুশি।