ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

প্রতিবেদন:

·

, , , ,

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া-কাঠুয়াগাড়ি সড়কের পাশে আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামনপাড়া-কাঠুয়াগাড়ি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি করা হয়েছে। ঘটনাস্থলে এর বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা গেছে।

ট্রান্সফরমারটি এলাকার কৃষিজমিতে সেচের কাজে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হতো। এটি চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. বেলাল উদ্দিন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। পরে এ বিষয়ে লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ার জাহান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ধামনপাড়া-কাঠুয়াগাড়ি এলাকায় কিছুদিন আগেও একই ধরনের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, এসব চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ