দৈনিক ৩০ কোটি টাকা লোকসানে দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা

প্রতিবেদন:

·

, , , , ,

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লি। টানা দুই দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা, অন্যদিকে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে চাতাল ও মাচায় শুকাতে দেওয়া লাখ লাখ টাকার কাঁচা মাছ। মাছ ধরা ও শুঁটকি উৎপাদন পুরোপুরি বন্ধ থাকলেও প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিকের দৈনিক বেতন এবং খাবারের খরচ বহন করতে গিয়ে প্রতিদিন প্রায় ৩০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা—ফলে মৌসুমের শুরুতেই ঋণের বোঝা ও পুঁজি হারানোর শঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন তারা।

বৈরী আবহাওয়ার কারণে শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় চাতালগুলোতে নতুন কোনো মাছ আসছে না, আর আগে ধরা কাঁচা মাছগুলো রোদের অভাবে ও বৃষ্টিতে ভিজে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে একদিকে কাঁচা মাছ নষ্ট হয়ে সরাসরি আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে কাজ না থাকলেও শ্রমিকদের নিয়মিত বেতন ও খাবারের জোগান দিতে হচ্ছে মালিকদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবলার চরের শুঁটকি পল্লির চারটি চরে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী বা বহদ্দার রয়েছেন এবং প্রত্যেকের অধীনে গড়ে ২০ জন করে জেলে ও শ্রমিক কাজ করেন। সব মিলিয়ে এই চারটি চরে প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক নিয়োজিত রয়েছেন। তাদের দৈনিক বেতন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা এবং জনপ্রতি খাবার খরচ প্রায় ৩০০ টাকা। অর্থাৎ একজন শ্রমিকের পেছনে মালিকদের প্রতিদিন গড়ে দেড় হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। কাজ বন্ধ থাকলেও এই বিশাল অঙ্কের খরচ বহন করতে হওয়ায় প্রতিদিন প্রায় ৩০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

আলোরকোল শুঁটকি পল্লির মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে এবং দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়ে গেছে। গত মৌসুমের লোকসান কাটিয়ে উঠতে এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছিলেন, কিন্তু মৌসুমের শুরুতেই বারবার দুর্যোগের কবলে পড়ায় তারা নতুন করে গভীর ঋণের চাপে পড়ার আশঙ্কা করছেন।

আলোরকোলের আরেক মালিক ও চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ মেম্বর বলেন, শুঁটকি মৌসুমের পাঁচ মাসের জন্য একজন শ্রমিককে দেড় লাখ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে আনা হয়েছে, যার দৈনিক গড় বেতন দাঁড়ায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পারায় শ্রমিকদের কোনো কাজ নেই, তবুও তাদের বসিয়ে বসিয়ে বেতন ও খাবার দিতে হচ্ছে। এতে খাবার খরচসহ প্রত্যেক মালিকের দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান হচ্ছে।

দুবলার শুঁটকি পল্লির ব্যবসায়ীরা আরও জানান, গত মৌসুমের লোকসান কাটিয়ে উঠতে না পেরে অনেকেই ধারদেনা করে এবার পুঁজি বিনিয়োগ করেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সাগরে মাছ আহরণ ব্যাহত হওয়া এবং চাতালের মাছ নষ্ট হয়ে যাওয়ায় শুঁটকির উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি তাদের মূলধনও চরম ঝুঁকিতে পড়েছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লির বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকাভানের’ প্রভাবে দুবলার চরের জেলেরা চরম বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরুই হয়েছিল ঘূর্ণিঝড় ‘অর্নবের’ মধ্য দিয়ে, যা শুরুতেই জেলেদের বড় ধাক্কা দিয়েছিল। এর ১৫ দিন যেতে না যেতেই আবার ঘূর্ণিঝড় ‘আকাভানের’ প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় মাছ ধরা ও চাতালে মাছ শুকানো সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। জেলে ও শ্রমিকেরা অলস সময় কাটানোয় বহদ্দার, মহাজন ও ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

প্রাকৃতিক দুর্যোগের এই ধারাবাহিক আঘাতে সুন্দরবনের ঐতিহ্যবাহী এই শুঁটকি শিল্প ও এর ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবিকা আজ হুমকির মুখে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ বা সরকারি সহায়তার ব্যবস্থা করা না হলে চলতি মৌসুমে শুঁটকি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলীয় এই অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

Read this report in English · ইংরেজি সংস্করণ